Ajker Patrika

মাদক মামলায় জামিনের এক মাসেই গাড়ি চুরি, পিবিআইয়ের হাতে আটক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
মাদক মামলায় জামিনের এক মাসেই গাড়ি চুরি, পিবিআইয়ের হাতে আটক
পিবিআইয়ের হাতে আটক মো. রাসেল মিয়া। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে মাদক মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার এক মাসের মধ্যে প্রাইভেটকার চুরির অভিযোগে মো. রাসেল মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার জয়পাড়া কালীমন্দির এলাকায় অভিযান চালিয়ে তাঁকে চুরি হওয়া প্রাইভেটকারসহ আটক করা হয়।

আটক রাসেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পিবিআই জানায়, শনিবার রাতে গাড়ির মালিক মহসীন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকার একটি গ্যারেজে গাড়িটি রেখে যান। আজ ভোরে গাড়ি নিতে গিয়ে তিনি গ্যারেজের দরজা ভাঙা এবং গাড়িটি উধাও দেখতে পান।

পরে পিবিআইকে জানানো হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর ধামরাই উপজেলার জয়পাড়া কালীমন্দির এলাকায় অভিযান চালিয়ে গাড়িসহ রাসেলকে আটক করা হয়।

পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, ‘জিজ্ঞাসাবাদে রাসেল গাড়ি চুরির কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি একাধিকবার কারাভোগ করেছেন। প্রায় এক মাস আগে তিনি একটি মাদক মামলায় জামিনে কারাগার থেকে বের হন।’

গাড়ি চুরির ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত