নাসির উদ্দিন আহমেদ একজন মুক্তিযোদ্ধা। তিনি যুদ্ধ শেষে হয়েছেন জীবনযোদ্ধা। নিজে প্রতিষ্ঠা পেয়েছেন, পরিবারের সদস্যদের নিরাপদ-নিশ্চিন্ত জীবনের ব্যবস্থা করার পাশাপাশি পালন করেছেন নানা সামাজিক দায়িত্ব। কিন্তু এসব আমার আলোচনার বিষয় নয়। আমি কয়েকটি কথা বলব তাঁর লেখা ‘স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ ও সোনাকান্দা’ বইটি সম্পর্কে। কারও আত্মজীবনীও যে চিত্তাকর্ষক হতে পারে, তার প্রমাণ বইটি।
বইটিতে লেখক তাঁর জন্মস্থান সোনাকান্দার কথা ছাড়াও স্কুলজীবন থেকে শুরু করে জীবনের নানা পর্যায়ে, নানা বাঁকে কত ঘটনার মুখোমুখি হয়েছেন, এসেছেন কত মানুষের সান্নিধ্যে—তার কিছু চিত্র এই বইয়ে তুলে ধরেছেন। প্রতিটি মানুষের জীবনই স্মৃতিময়। ‘কেউ ভোলে আর কেউ ভোলে না অতীত দিনের স্মৃতি’। বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদও ভোলেননি অতীতের ঘটনার ঘনঘটা। তাঁর লেখায় তত্ত্ব নেই, উপদেশ নেই, কিন্তু আছে এমন সব ঘটনা, যা পড়ে মনে হবে, হ্যাঁ, তাই তো, এগুলো তো আমারও গল্প। আবার কারও নিজের জীবনের গল্পের সঙ্গে না মিললেও মনে পড়বে অন্য কোনো বয়সী মানুষের কাছে এমন সব কথা তিনি শুনেছেন।
লেখক হিসেবে নাসির উদ্দিন আহমেদকে সার্থক মনে করি এ কারণে যে তিনি নিজের স্মৃতির দুয়ার খুলে অনেকের স্মৃতিকে উসকে দিয়েছেন। সহজ-সরল ভাষায় কথকের মতো গল্প শুনিয়েছেন, যাতে নিজের কথা আছে কিন্তু তার চেয়ে বেশি আছে আরও অনেকের কথা। আসলে মানুষের কাহিনি তো একার নয়, যৌথ। একজন কলেজছাত্র কী করে দেশের মুক্তিযুদ্ধের সৈনিক হলেন, তা তিনি বর্ণনা করেছেন একেবারে গল্পচ্ছলে।
মুক্তিযুদ্ধ বাঙালির জীবনের হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা। পরবর্তী প্রজন্মের একজন মানুষ চেষ্টা করে অনেক কিছু হতে পারবেন, খ্যাতির শিখরে আরোহণ করতে পারবেন, কিন্তু মুক্তিযোদ্ধা হওয়ার গৌরবের অংশীদার হতে পারবেন না, যেটা নাসির উদ্দিন আহমেদ পেরেছেন।
বইয়ের ভূমিকায় তিনি বলছেন: ‘স্মৃতির গহীনে অনেক কথা, অনেক ঘটনা সঞ্চিত হয় প্রতিনিয়তই, তার মধ্যে উল্লেখযোগ্য স্মৃতিরাশি হয়তো ভোলা সম্ভব নয়। তারপরও স্মৃতিকথা লেখা সহজ কাজ নয়, বড় কঠিন ব্যাপার; এ কথা আগে বুঝতে পারিনি। জীবনে এত কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, এত মানুষের সঙ্গে মিশেছি, এত ঘটনা দেখেছি, বইটি লিখতে না বসলে বুঝতেই পারতাম না। জীবনের সব ঘটনা সবিস্তারে লিখতে পারিনি, সেটা সম্ভবও নয়, মহান মুক্তিযুদ্ধ, প্রিয় সোনাকান্দা ও অন্যান্য উজ্জ্বল স্মৃতিগুলো বইটিতে তুলে ধরা হয়েছে।’
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের সোনাকান্দা গ্রামে জন্ম নিয়ে নাসির উদ্দিন আহমেদ যেমন গোটা বাংলাদেশকে শত্রুমুক্ত করার জীবনবাজি রাখা যুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে বীরত্বগাথা রচনা করেছেন, তেমনি একাত্তরে গ্রামের আরও অসংখ্য নাসির উদ্দিন একই কাজ করেছেন। সবাই যদি নিজের অভিজ্ঞতা লিখতেন, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের কারও কারও মধ্যে যে বিভ্রান্তি, ধোঁয়াশা তা দূর হতো।
নাসির উদ্দিন আহমেদ কত সহজ করে লিখেছেন: ‘তারপর এলো ১৯৭১। গোটা দেশ যেন আন্দোলনের দুর্গ। আমি তখন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। টগবগে তরুণ।
রাজনীতির সব খোঁজখবর রাখি, নিয়মিত মিছিল-মিটিং করি।’
মিছিল-মিটিং থেকে চলে যান যুদ্ধের ময়দানে। সেই যুদ্ধেরও কত ঘটনা। একদিনের ঘটনা বলছেন: ‘কানাইনগর স্কুলে সন্ধ্যার পর সবাই মিলে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের বিখ্যাত “চরমপত্র” পাঠ শুনে আমরা অপারেশনের জন্য বের হতাম। এম আর আখতার মুকুল ছিলেন সাংবাদিক ও লেখক। তিনি ঢাকাইয়া ভাষায় এটা প্রচার করতেন।’
এমন স্মৃতিজাগানিয়া অনেক তথ্য বইটিতে আছে, যা আবার পাঠককে ভারাক্রান্ত না করে কৌতূহলী করে তুলবে। বইটি সুন্দর প্রচ্ছদে ছাপা, বাঁধাই ভালো এবং অসামান্য বইটির বহুল প্রচার কামনা করি।

কবি রাজীব কুমার দাশের ‘সুখবতী’ কাব্যগ্রন্থ থেকে তিনটি কবিতা আবৃত্তি করেন নূরুননবী শান্ত। এরপরে রাজীবের কবিতা নিয়ে দুটি প্রবন্ধ পাঠ করা হয়। নাট্যকার ও গবেষক শরণ এহসান ‘রাজীব দাশের নিরন্ন ললাট: কাব্যতত্ত্ব, সাহিত্যতত্ত্ব ও নন্দনতাত্ত্বিক পাঠ’ শীর্ষক প্রবন্ধ এবং গবেষক হাসান দবির উদ্দিন ‘প্রেম,....
৬ দিন আগে
রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার তরুণ সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর ঐতিহাসিক সাক্ষাতের শতবর্ষ স্মরণে ব্যতিক্রমী প্রযোজনা মঞ্চে এনেছিল ম্যাড থিয়েটার। ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নামের এ নাটক তাদের দ্বিতীয় প্রযোজনা। আগামী শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে একাদশবারের...
৮ দিন আগে
‘মৃত্তিকার সন্ধানে’ শিরোনামের দলীয় চিত্র প্রদর্শনীতে উঠে এসেছে পরিবেশ নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও স্থানীয় বাস্তবতা। এর উদ্বোধনী হয়ে গেল শনিবার ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে। সাতজন শিল্পীর কাজ রয়েছে এখানে।
১৩ দিন আগে
এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি অ্যাডভোকেট পলাশ খন্দকার।
১৩ দিন আগে