
বাংলাদেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলছে। নানা ধরনের খবর হচ্ছে এ নিয়ে। এর মধ্যে ভোটের কদিন আগের এক রাতে একটি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে হওয়া সমঝোতার খবর পৌঁছে গেছে সুদূর মার্কিন মুলুকে। শুধু তাই নয়, সেই খবর এমন একজনের কানে গেছে, যা তার চোখের জল ঝরানোর কারণ হয়েছে!
অতি গোপনসূত্রের খবরে ল-র-ব-য-হ কর্তৃপক্ষ জানতে পেরেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের এই খবর পৌঁছে গেছে। আর তা তাঁর কানে ঢোকার পরপরই সেই খবরের প্রতিক্রিয়া ট্রাম্পের চোখে সংক্রমণ ঘটিয়েছে। এতে চোখ দিয়ে ঝরছে অশ্রুধারা। বর্তমানে ট্রাম্পের কাছের লোকজন চোখের এই জল সংরক্ষণের কথা ভাবছেন। কেউ কেউ আরও বলছেন, এই জল জলবায়ুসংকট মেটাতেও ভূমিকা রাখতে পারে!
চলুন, ট্রাম্পের বিষয়ে বিস্তারিত জানার আগে এ দেশের সেই খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর ইউপিতে। সেখানে একটি ওয়ার্ডে প্রার্থী ছিলেন সাতজন। ভোট যা পড়েছে, সব পেয়েছেন একজন। অন্য ছয়জনের কেউ একটি ভোটও পাননি। সব প্রার্থীর প্রাপ্ত ভোট শূন্য। এ অবস্থায় সংশ্লিষ্টরা প্রশ্ন করতে শুরু করেন এবং বলতে থাকেন, তাহলে প্রার্থীরা কি নিজের ভোটও নিজেকে দেননি? কিংবা তাঁদের পরিজনেরাও কি ভোট দেননি?
এসব ‘আপত্তিকর’ প্রশ্নের জবাবে বাকি ছয় প্রার্থী বলেছেন, সবাই মিলে একজনকেই জিতিয়ে এনেছেন। তাঁরা নিজের ভোটও নিজেকে দেননি! আর সবাই মিলে একজনকে জেতানোর জন্য ২৮ নভেম্বরের ভোটের দিনের আগে গত ২৫ নভেম্বর স্থানীয় নেতারা সব প্রার্থীকে নিয়ে বৈঠক করেন। সেখানে সবাই মিলে ঐকমত্যে পৌঁছান একজনকে জয়ী করার বিষয়ে। ‘একমত’–এর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ায় এ বিষয়ে কারও কোনো অভিযোগও নেই।
আর প্রার্থী নির্বিশেষে সেই ঐকমত্যের প্রভাব দেখা গেছে ভোটের ফলাফলে। সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, ৪ নম্বর ওয়ার্ডের মায়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মোট ভোটারসংখ্যা ২ হাজার ১৬৩। ভোট দিয়েছেন ১ হাজার ১৬১ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ১ হাজার ১৫৫টি। বাতিল ৬টি। সেই বৈধ ভোটের সবই পেয়েছে বৈদ্যুতিক পাখা প্রতীক।
আর এ খবর জানতে পেরেই ডোনাল্ড ট্রাম্প প্রথমে নাকি হতবাক হয়ে যান। তাঁর মনে পড়ে যায়, কয়েক মাস আগের মার্কিন নির্বাচনের কথা। অতি গুপনসূত্র ল-র-ব-য-হ কর্তৃপক্ষের কাছে দাবি করেছে, এরপরই তিনি হয়ে পড়েন নির্বাক, দুচোখ বেয়ে ঝরতে থাকে ওয়াটার। তিনি বলতে থাকেন, ‘এমনটা কি আমরা করতে পারতাম না? আমরা পারি না। কিন্তু ওঁরা ঠিকই পেরে গেল। এতটা পিছিয়ে থাকলে আমেরিকাকে গ্রেট বানাব কীভাবে?’
এখানে বলে রাখা দরকার, যে সূত্র ট্রাম্পের বক্তব্যের সন্ধান দিয়েছে, তা পুরোপুরি বায়বীয় ও স্বপ্নে পাওয়া। এর আগেও ওই সূত্র চা ও বাটার বনের বিনিময়ে নানা তথ্য দিয়েছে। তবে বেশ কিছুদিন চা-বন না পেয়ে তার মন খারাপ ছিল। এবার ট্রাম্পের চোখের জল তাকে মুখ খুলতে বাধ্য করেছে।
ওই গোপন সূত্র জানিয়েছে, ক্ষমতায় থাকার শেষ দিক ও গত নির্বাচনের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প কড়া নজর রাখছেন বাংলাদেশের ওপর। এবারের খবরটি জানার পর থেকেই তিনি অস্থির হয়ে আছেন। তাঁর মতে, এসব বিষয় নিয়ে পূর্ণ গবেষণা হওয়া দরকার এবং প্রয়োজনে এসব জ্ঞান ভাগাভাগি করে নিতে হবে। কারণ, জ্ঞানের ওপর সব দেশের মানুষেরই অধিকার আছে। ট্রাম্প বলেছেন, ‘এই প্রক্রিয়া অত্যন্ত মৌলিক। হামলা-মামলা চালানোর চেয়ে এটি অনেক নিরাপদ। এভাবেই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে। কারণ আসছে বার, হবে আবার।’
অতিগোপন সেই সূত্র বলছে, শেষ কথাটি মূলত আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের দাঁড়ানো প্রসঙ্গেই ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন। তিনি নাকি এ নিয়ে বড্ড ‘সিরিয়াস’।
স্বপ্ন ভেঙে যাওয়ার আগে সূত্র মোতাবেক শেষ খবর পাওয়া পর্যন্ত, ট্রাম্প অবশেষে টিস্যু দিয়ে চোখের জলের ইস্যু চাপা দিয়েছেন। তবে কান্না থেকে পাওয়া শিক্ষা তিনি ভুলে যাননি। দৃপ্তকণ্ঠে ট্রাম্প উচ্চারণ করেছেন, ‘খেলা হবে…।’

কখনো কখনো জীবনের কিছু গল্প শুনলে মনে হয়ে যেন সিনেমার কাহিনী। অবশ্য সিনেমাগুলো বাস্তবের ওপর নির্ভর করেই তৈরি হয় বেশির ভাগ সময়ই। কিন্তু বাস্তবতা কখনো কল্পনাকেও হার মানিয়ে দেয়। আর এমনই এক সিনেমাটিক জীবন মিনা ও মিনাল নামে দুই বান্ধবীর কিংবা বলা হয় দুই বোনের।
৪ ঘণ্টা আগে
নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
৪ দিন আগেগোসলের সময় প্রস্রাব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণ শুধু এই নয় যে, এতে এক ধরনের মুক্তি বা বিদ্রোহী রোমাঞ্চ অনুভূত হতে পারে। বরং গোসলের সময় প্রস্রাব করলে সামান্য হলেও পৃথিবীর পানিসম্পদ রক্ষা করা সম্ভব। বিষয়টি একটু হিসাব করে দেখা যাক।
৪ দিন আগে
মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
১২ দিন আগে