ভারতীয় ক্রিকেট দলের পাইপলাইন যে কতটা শক্তিশালী, বাংলাদেশ সিরিজ দিয়ে আবার সেটা প্রমাণিত হলো। টেস্ট সিরিজে থাকা একঝাঁক ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রাখেইনি টি-টোয়েন্টি দলে। গোয়ালিয়রে আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে দেখা যেতে পারে চমক।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই ভারতে দেখা যাচ্ছে একের পর এক পরিবর্তন। বিশেষ করে এই টি-টোয়েন্টি সংস্করণে। বিশ্বকাপে যে দুই তারকা বিরাট কোহলি, রোহিত শর্মা ওপেন করেছেন, তাঁরা বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন। পরবর্তীতে জিম্বাবুয়ে সফরে ওপেনিং করেন শুবমান গিল ও যশস্বী জয়সওয়াল। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কও ছিলেন গিল। এবার সেই গিল-জয়সওয়াল দুজনকেই বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের পর বিশ্রাম দেওয়া হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারত যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, সেখানে স্বীকৃত ওপেনার অভিষেক শর্মা। অভিষেকের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের আজ সকালে প্রকাশিত প্রতিবেদনে তেমনটাই জানা গেছে। তবে স্যামসন আন্তর্জাতিক ক্রিকেটে যে খুব একটা নিয়মিত নন, সেটা তাঁর ম্যাচের সংখ্যা দেখলেই বোঝা যাবে। ২০১৫ সালে অভিষেকের পর ভারতের জার্সিতে খেলেছেন ৩০ টি-টোয়েন্টি। এর মধ্যে ওপেনিং করেছেন পাঁচ ম্যাচে। যদিও পাওয়ার প্লের সুবিধাটা (প্রথম ৬ ওভার) তিনি ভালোই কাজে লাগাতে পারেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে পাঁচ ম্যাচে ওপেন করেছেন, সেখানে তাঁর স্ট্রাইকরেট ১৬১.৫৩।
স্যামসনকে নিলে ‘এক ঢিলে দুই পাখি’ মারতে পারবে ভারত। কারণ তিনি যে উইকেটরক্ষক ব্যাটার। উপরন্তু ঋষভ পন্তকেও তো নেওয়া হয়নি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। সেক্ষেত্রে জিতেশ শর্মা বাংলাদেশের বিপক্ষে একাদশে না-ও সুযোগ পেতে পারেন। তিনে খেলবেন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। চার-পাঁচ-ছয়ে খেলতে পারেন হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ ও রিংকু সিং, যেখানে আইপিএলে চারে ব্যাটিং করে সফল হয়েছেন পান্ডিয়া। পরাগ দলের প্রয়োজনে হালও ধরতে পারেন। থিতু হয়ে বড় শট খেলতে তাঁর জুড়ি মেলা ভার। পাশাপাশি তাঁর খণ্ডকালীন স্পিন বোলিংও দারুণ কার্যকর।
রিংকু তো ডেথ ওভারে ঝড় তোলায় ওস্তাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত বছরের আগস্টে অভিষেকের পর তাঁর গড় ও স্ট্রাইকরেট ৫৯. ৭১ ও ১৭৪. ১৬। ২৩ ম্যাচ খেলেই রিংকু ছাড়িয়ে গেলেন কোহলিকে। ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে ৪৮.৬৯ গড় নিয়ে দুইয়ে আছেন কোহলি।
পান্ডিয়ার মতো পেস বোলিং অলরাউন্ডার থাকলে হয়তো শিবম দুবের বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একাদশে জায়গা না-ও মিলতে পারে। যদিও ২০২৪ আইপিএল, পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবে দেখিয়েছেন ব্যাটিংয়ে ঝড় তুলতে তিনি কম যান না। মায়াঙ্ক যাদবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে বাংলাদেশ সিরিজ দিয়েই। ২০২৪ আইপিএলে গতির ঝড়ে কাঁপিয়েছিলেন এই পেসার।
বাংলাদেশ সিরিজের একাদশে মায়াঙ্কের সঙ্গে স্বীকৃত পেসার হিসেবে আর্শদীপ সিংয়ের থাকার সম্ভাবনাই বেশি। এ বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটারদের কাঁপিয়ে ছিলেন আর্শদীপ। ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে আগামীকাল টি-টোয়েন্টি সিরিজে এ দুই স্পিনারই থাকার সম্ভাবনা বেশি। রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীকে হয়তো ডাগআউটে বসেই কাটাতে হবে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বরুণের সবশেষ ম্যাচ।
শ্রীলঙ্কা সিরিজ থেকেই আনুষ্ঠানিকভাবে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সূর্যকুমার। অফিশিয়াল অধিনায়কত্বের শুরুটা ভারত এ বছরের জুলাইয়ে করেছিল লঙ্কানদের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করে। ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা হয়েছে লঙ্কাতেই।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
১৭ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
২ ঘণ্টা আগে