
বর্তমানে দেশের অন্যতম আলোচিত ইস্যু জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ওএসডি) মো. মতিউর রহমান ও তাঁর ছেলে মুশফিকুর রহমান ইফাতের ছাগল-কাণ্ড। কোরবানি ঈদ উপলক্ষে ১২ লাখ টাকার ছাগলের বায়না করা তরুণ মুশফিকুর রহমান ইফাতের পরিচয়, মতিউর রহমানের সঙ্গে তাঁর পরিচয় উন্মোচনে ফেসবুকে গত ১৯ জুন (বুধবার) সকাল থেকে একাধিক পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ। শেষ পর্যন্ত তিনি প্রমাণও করেছিলেন মতিউর রহমানেরই ছেলে মুশফিকুর রহমান ইফাত। সাইয়েদ আব্দুল্লাহর এমনই একটি পোস্টের সূত্র ধরে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানেও বেরিয়ে আসে ইফাতের পারিবারিক পরিচয়। সাইয়েদ আবদুল্লাহর ওই ফেসবুক অ্যাকাউন্টটি স্থগিত করেছে মেটা।
‘ভয়েজ অব সাইয়েদ আব্দুল্লাহ’ নামে নতুন আরেকটি পেজ খুলেছেন সাইয়েদ আব্দুল্লাহ। গত শনিবার (২২ জুন) পেজটি খোলেন তিনি। পেজটিতে গতকাল রোববার (২৩ জুন) একটি পোস্ট দিয়ে লিখেন, ‘আমি সাইয়েদ আবদুল্লাহ। আপনারা জানেন আমার আইডি ‘Saiyed Abdullah’ সাইবার অ্যাটাকের শিকার হয়ে সাসপেন্ডেড হয়ে গেছে। যোগাযোগের জন্য এই পেইজটা চালু করলাম। এভাবে সাইবার অ্যাটাক করে আমার কণ্ঠকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। চোর-বাটপারদের বিরুদ্ধে এবং দেশের সাধারণ মানুষের পক্ষে আমার ভয়েস জারি রাখবই—এটা আমার প্রতিজ্ঞা।’
ফেসবুক অ্যাকাউন্ট স্থগিত করার ব্যাপারে জানতে সাইয়েদ আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। তিনি বলেন, ‘গত শনিবার (২২ জুন) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে। স্থগিত করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট কারণও জানায়নি ফেসবুক। এর আগে সংবাদমাধ্যমে নিজাম হাজারীর বক্তব্যেরও আগে যখন আমি প্রমাণ করে দিলাম, ওই দিন রাতেও আমার অ্যাকাউন্টে অ্যাটাক হয় এবং অ্যাকাউন্ট দুই ঘণ্টা লক ছিল।’
অ্যাকাউন্ট স্থগিত করার ব্যাপারে মেটা তাঁকে তিনটি ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, মেটা তিনটি কাজের অনুমোদন দেয় না। এর মধ্যে আছে—১. এমন কোনো অ্যাকাউন্ট তৈরি করা যা দেখে মনে হয়, এটি অন্য কারও। ২. প্রতারণার উদ্দেশ্যে অন্য কারও ছবি ব্যবহার করা এবং ৩. ফেসবুকে এমন কোনো পেজ তৈরি করা, যা অন্য কারও পক্ষে কথা বলার ভান করে। তবে এ তিন কারণের কোনটি সাইয়েদ আব্দুল্লাহর অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হয়েছে, সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেয়নি প্রতিষ্ঠানটি।
ফেসবুকের এমন কার্যক্রম প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সাইয়েদ আব্দুল্লাহর কাজটি নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এ তথ্যগুলো সামনে আসার পর সংবাদমাধ্যমগুলোও এসব তথ্যের সত্যতা পেয়েছে, সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছে। কিন্তু এই ইস্যুর পর সাইয়েদ আব্দুল্লাহর অ্যাকাউন্ট স্থগিতের ব্যাপারটি দুঃখজনক। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত চাইল্ড অ্যাবিউজসহ বিভিন্ন ইস্যুতে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের অনেক রিপোর্ট যায়। এসব রিপোর্টের অধিকাংশ ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সাইয়েদ আব্দুল্লাহর ক্ষেত্রে ক্ষমতার ব্যাপারটি কাজ করে থাকতে পারে। কারণ, বাংলাদেশে ফেসবুক লবিস্ট নিয়োগ করে ব্যবসা করছে। আর নিজেদের ব্যবসার স্বার্থে ফেসবুক সাইয়েদ আব্দুল্লাহর পোস্টের ক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নিয়েছে।’
প্রসঙ্গত, সাইয়েদ আব্দুল্লাহ এর আগে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ‘রাফসান দ্য ছোট ভাই’য়ের পরিবারের ঋণ খেলাপির তথ্য সামনে নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন:

সংসদে অতিকথন এবং আক্রমণাত্মক আচরণ পরিহার করে গঠনমূলক বক্তব্য উপস্থাপন করতে সরকারি দলের সদস্যদের নির্দেশনা দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার সরকারি দলের সংসদীয় সভায় তিনি এই নির্দেশনা দেন বলে জানা গেছে।
৩২ মিনিট আগে
জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এমপি সালাহ উদ্দিন আইউবী বলেছেন, ‘নিজে আটটি পাম্প ঘুরেও তেল পাননি, গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে আসতে হয়েছে। অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই।’
৪ ঘণ্টা আগে
৯ এপ্রিল অনুষ্ঠেয় এই দুই নির্বাচনে শেরপুর-৩ আসনের ১২৮টি কেন্দ্রে ১ হাজার ৭০৪ জন এবং বগুড়া সদর উপজেলার ১৫০টি কেন্দ্রে ১ হাজার ৯৯০ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। মোট ২৭৮টি কেন্দ্রে ৩ হাজার ৬৯৪ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন...
৪ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশনা দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গত বছরের ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ রায় দিয়েছিলেন।
৪ ঘণ্টা আগে