প্রযুক্তির আশীর্বাদে ব্যাংকিং সেবা বেড়েই চলছে। পিছিয়ে নেই পল্লি অঞ্চলের মানুষও। তারা প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি এজেন্ট ব্যাংকিং সেবায় ঝুঁকছে। শহরের মতো গ্রামের মানুষও নিমেষেই টাকা উত্তোলন, জমা ও রেমিট্যান্সের মতো সেবা পাচ্ছেন। বর্তমানে এজেন্ট ব্যাংকিং গ্রাহকের প্রায় ৮৭ শতাংশই পল্লি অঞ্চলের। আর এই মাধ্যমে লেনদেন ছাড়িয়েছে ৩৬ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর প্রান্তিক শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মোট হিসাব ছিল ২ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৫৩৭টি। বর্তমানে অধিকাংশ ব্যাংকের এজেন্ট সেবা জেলা ও উপজেলার পাশাপাশি ইউনিয়ন, পাড়া ও মহল্লা পর্যায়ে ছড়িয়ে পড়েছে। সে হিসেবে এজেন্ট ব্যাংকিংয়ে আমানতের ৭৯ শতাংশই প্রান্তিক জনগোষ্ঠীর। গত তিন মাসেই গ্রামে আমানত বেড়েছে প্রায় ৮ শতাংশ, শহরে এই বৃদ্ধির পরিমাণ প্রায় ৪ শতাংশ। এজেন্ট ব্যাংকিং হিসাবে এখন আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০ হাজার ৬৬৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে আমানতের পরিমাণ বেড়েছে ১৪ দশমিক ৮০ শতাংশ।
জানা গেছে, সরাসরি ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে নিজস্ব এজেন্টের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয় এজেন্ট ব্যাংকিং। ২০১৪ সালে যাত্রা শুরুর পর দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে এই সেবা, যার প্রধান সুবিধাভোগী দেশের প্রান্তিক অঞ্চলের মানুষ। বর্তমানে এজেন্ট ব্যাংকিং গ্রাহকের ৮৬ দশমিক ১৪ শতাংশ গ্রাম অঞ্চলের।
এজেন্ট ব্যাংকিংয়ের বিষয়ে টাঙ্গাইলের নাগরপুরের উম্মে সালমা বলেন, ‘আমাদের ব্যাংকিং সেবার জন্য আর জেলা কিংবা উপজেলায় যেতে হয় না। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে হাতের কাছেই ব্যাংকিং সেবা পাচ্ছি। এই সেবার আওতায় রাত পর্যন্ত সেবা পাই। সবদিক বিবেচনায় এজেন্ট ব্যাংকিং গ্রামাঞ্চলের জন্য আশীর্বাদ বয়ে এনেছে।’
ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টের এক কর্মকর্তা জানান, এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের সুরক্ষায় অত্যাধুনিক সফটওয়্যারের ব্যবহার করা হচ্ছে। গ্রাহক যেন প্রতারিত না হয় সে জন্য নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে গ্রাহকদের কাছে বার্তা পাঠিয়ে তাদের সচেতন করা হয়। এসবের কারণে এজেন্ট ব্যাংকিং দিন দিন জনপ্রিয় হচ্ছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে বন্ড ও শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
ক্রস-ইন্ডাস্ট্রি বা আন্তঃখাত কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি ও সন্ধানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর লক্ষ্য দুই প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের আরও উন্নত আর্থিক ও করপোরেট সুবিধা দেওয়া।
২ ঘণ্টা আগে
বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলোর মাধ্যমে ডলার বিক্রির সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো এখন একজন বিদেশগামী নাগরিককে...
৫ ঘণ্টা আগে
গত ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬০ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল মাত্র ২ দশমিক ০৫ শতাংশ। শিল্প খাতের বড় ঘুরে দাঁড়ানোর ওপর ভর করে প্রবৃদ্ধির এই ইতিবাচক ধারা দেখা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ...
৭ ঘণ্টা আগে