
গত ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬০ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল মাত্র ২ দশমিক ০৫ শতাংশ। শিল্প খাতের বড় ঘুরে দাঁড়ানোর ওপর ভর করে প্রবৃদ্ধির এই ইতিবাচক ধারা দেখা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। তবে চার প্রান্তিকের সমন্বিত হিসাবে গত অর্থবছরে সার্বিক জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এতে জানানো হয়, স্থির মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি ৪ দশমিক ৬০ শতাংশ এবং চলতি মূল্যে এর আকার দাঁড়িয়েছে ১৬ হাজার ১১৭ বিলিয়ন টাকায়। ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ হাজার ৩৮৫ বিলিয়ন টাকা।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে প্রধান তিনটি বৃহদাকার খাতের প্রবৃদ্ধির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, পর্যালোচিত এপ্রিল-জুন প্রান্তিকে শিল্প খাতে বড় ধরনের গতি ফিরে এসেছে। এ সময় শিল্প খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬ দশমিক ৫২ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে এই খাতের প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ৯২ শতাংশ। এ খাতের মধ্যে উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং উপখাতে অর্জিত ৮ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
একই সময়ে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২৮ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে সেবা খাতে ২ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। অন্যদিকে কৃষি খাতে প্রবৃদ্ধির হার কিছুটা কমেছে। এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৩ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১৯ শতাংশ।
পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল যথাক্রমে ৪ দশমিক ৯৬ শতাংশ, ৩ দশমিক ০৩ শতাংশ ও ২ দশমিক ২২ শতাংশ। বিপরীতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে এই হার ছিল যথাক্রমে ৩ দশমিক ৯১ শতাংশ, ৩ দশমিক ৫৩ শতাংশ ও ৪ দশমিক ৫৩ শতাংশ। চার প্রান্তিকের সমন্বিত উপাত্তের ভিত্তিতে ২০২৫-২৬ সম্পূর্ণ অর্থবছরে স্থির মূল্যে সার্বিক জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মান অনুসরণের পাশাপাশি দেশের অর্থনীতির স্বল্পমেয়াদি গতিপ্রকৃতি বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণে সহায়তার জন্য বিবিএস ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক থেকে নিয়মিতভাবে উৎপাদন পদ্ধতিতে ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলন ও প্রকাশ করে আসছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়ে নির্ধারণ করলেও তা মানছেন না বিক্রেতারা। তাঁরা আগের মতোই অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি করছেন। ব্যবসায়ীদের এই অতিমুনাফায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা।
১৩ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) সঞ্চয়পত্র নিট বিক্রি হয়েছে ২ হাজার ৪৬৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৭২ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি...
১৩ ঘণ্টা আগে
টানা দুই মাস কমার পর আবারও বাড়ল মূল্যস্ফীতি। চলতি অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশ হয়েছে। আগস্ট ও জুলাইতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৮ দশমিক ২৬ শতাংশ ও ৮ দশমিক ৩২ শতাংশ। মূল্যস্ফীতি বাড়লে প্রকৃত আয় কমে জীবনযাত্রার খরচ বেড়ে যায়।
১৩ ঘণ্টা আগে
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বেশির ভাগ বড় ধরনের লোকসানে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের হিসাব অনুযায়ী বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) করোত্তর ক্ষতি হয়েছে ৪৭৬ কোটি ৯৪ লাখ ৬৩ হাজার টাকা। অন্যদিকে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)...
১৩ ঘণ্টা আগে