
গাজীপুরের টঙ্গীর বোর্ড বাজার থেকে আগের দিন রাতে ভাড়া করা হয় একটি কালো রঙের মাইক্রো (ঢাকা মেট্রো-চ ২০-০৭৫৬)। সেই গাড়ি দিয়ে পরের দিন সকালে তুরাগে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপর বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সোয়া ৭টায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়িতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল। ছিনতাইয়ের পর ঘটনাস্থল থেকে এক হাজার গজ দূরে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় গাড়িটি ফেলে রেখে অন্য একটি কালো মাইক্রোবাসে করে চার ট্রাঙ্ক টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ছিনতাইয়ে ব্যবহৃত ঢাকা মেট্রো–চ ২০-০৭৫৬ নম্বরের গাড়িটি ৯ কোটি টাকার বেশিসহ আটক করা হয়। এ সময় গাড়ি থেকে চালকসহ দুজনকে আটক করে ডিবি পুলিশ।
ডিবির মিরপুর জোনাল টিমের অতিরিক্ত (এডিসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতরাতে (বুধবার) টঙ্গীর বোর্ড বাজার থেকে গাড়িটি ভাড়া করা হয়। ভাড়া করা গাড়ি দিয়ে পরের দিন সকালে ছিনতাই করে ছিনতাইকারীরা। ছিনতাইয়ের পর টাকার চারটি ট্রাঙ্ক নিয়ে ৩০০ ফিট রাস্তায় একটি ট্রাঙ্কসহ ছিনতাইকারীদের নামিয়ে দেয় মাইক্রোর চালক। বাকি তিনটি ট্রাঙ্ক নিয়ে উত্তরার দিকে যাওয়ার পথে ল্যা মেরিডিয়ান হোটেলের সামনে গাড়িটি আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা চালকসহ দুজনকে আটক করা হয়।’
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকাগুলো মিরপুর ডিওএইচএস থেকে সাভারের আশুলিয়া যাচ্ছিল ‘মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড’ নামের একটি সিকিউরিটি এজেন্সি। তখন তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বরে গাড়িটিকে বাধা দেয়। তারপর ব্রিজের বাম পাশে গাড়িটি চাপিয়ে টাকাসহ গাড়ি ছিনতাই করে।’
এক প্রশ্নের জবাবে পরিদর্শক শফিউল্লাহ বলেন, ‘ওরা (ছিনতাইকারী) ১০–১২ জন ছিল। আর টাকাসহ গাড়িতে ৫ জন ছিল। পরে ছিনতাইকারীরা পাঁচজনকে চড়–থাপ্পড় দিয়ে গাড়িসহ টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের সঙ্গে কোনো অস্ত্র ছিল না। কিছু দূর যাওয়ার পর গাড়িটি ফেলে দিয়ে টাকার ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়।’
এদিকে টাকা উদ্ধারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, ‘বৃহস্পতিবার সকালে গাড়িটি মিরপুর-১২ নম্বর থেকে রওনা দেয়। উত্তরায় যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি থামান। ওই গাড়িতে টাকা নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত ছিলেন মোট ছয়জন। ছিনতাইকারীরা তাদের মারধর করে গাড়ি ও টাকার চারটি বক্স নিয়ে পালিয়ে যান। চার বক্সে মোট ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।’
ডিবি প্রধান বলেন, ‘খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। দ্রুত রাজধানীর বিভিন্ন স্থানে টহল বসানো হয়। বিভিন্ন থানা-পুলিশের সহযোগিতায় ডিবির সদস্যরা টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে কাজ শুরু করে। একপর্যায়ে খিলক্ষেতে এলাকায় নয় কোটির বেশি টাকাসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড নামক একটি সিকিউরিটি কোম্পানির দুজনসহ মোট সাতজনকে উত্তরার বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
হারুনুর রশিদ বলেন, ‘এটি পরিকল্পিত ঘটনা। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন।’
ছিনতাইয়ের ঘটনার মামলা প্রসঙ্গে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এটিএম বুথের টাকা ছিনতাইয়ের ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
এদিকে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক অজয় কর্মকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের গাড়িটিকে ছিনতাইকারীদের গাড়িটি চাপা দেয়। তাদের গাড়িতে ১২–১৩ জন ছিল। তখন আমার ড্রাইভারকে তারা বলে- ‘এই ব্যাটা হর্ন দিলি কেন? আমাদের গাড়ির লোকজন বুঝে ওঠার আগেই ওরা (ছিনতাইকারীরা) নেমে মারধর শুরু করে। তখন সুপারভাইজার নামলে তাকেও মারধর করে। পরে ওদের গাড়িতে থাকা বাকি লোকজন নেমে আমাদের গাড়ির দরজা টাইনা ভেঙে ফেলে। তখন ড্রাইভারের কাছ থেকে চাবি ছিনতাই করে টাকার ট্রাঙ্কসহ গাড়ি ছিনিয়ে নিয়ে যায়। তখনো ওই গাড়িতে আমাদের সুপারভাইজার বসা ছিল। কিছু দূর দিয়ে তাকেও মারধর করে আমাদের গাড়ি থেকে টাকার ট্রাঙ্কগুলো আরেকটা গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।’
নিরাপত্তার ঘাটতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সুপারভাইজার হলেন অবসরপ্রাপ্ত আর্মি পারসন। পেছনের গাড়িতে দুজন গানম্যান ছিলেন। কিন্তু যানজটের কারণে ওই গাড়িটি পেছনে পরে গিয়েছিল।’

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (নারায়ণপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ভোলার মনপুরা উপজেলায় ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা মিড-ডে মিল কর্মসূচির খাবারে পচা ডিম, কলা ও বাসি বনরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, স্কুলে উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধে চালু হওয়া এ কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহ করায় অভিভাবক
১৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহি নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর মাহিকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।
২৫ মিনিট আগে
রাজশাহীর লক্ষ্মীপুরে রোগী ধরার দালালদের সম্পর্কে হ্যান্ডমাইকে সচেতন করায় নিরাপত্তাকর্মী সাব্বির হোসেনকে মারধর ও গলায় ছুরি ধরে হত্যার হুমকির অভিযোগে আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
৩১ মিনিট আগে