
জেলার সুজানগর উপজেলার ১০টি ইউনিয়ন এবং বেড়া উপজেলার আংশিক (৫টি ইউনিয়ন) নিয়ে গঠিত পাবনা-২ নির্বাচনী আসন। মোট ভোটার প্রায় সাড়ে ৩ লাখ। আসনটিতে আওয়ামী লীগের অবস্থান আগে থেকেই ভালো। অনেক দিন ধরে এই আসন হাতছাড়া বিএনপির।
পরিসংখ্যান বলছে, ২০০৮ সাল থেকে আসনটি টানা নিজেদের দখলে রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১৯৯১ সাল থেকে গত ছয়টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে চারবার আওয়ামী লীগ ও দুবার বিএনপি জয়লাভ করে। এর মধ্যে অবশ্য একবার ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আহমেদ ফিরোজ কবির বিএনপির এ কে এম সেলিম রেজা হাবিবকে হারিয়ে এই আসনে নির্বাচিত হন।
আগামী দ্বাদশ নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে বড় দলগুলো। এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য দলগুলোর অস্তিত্ব তেমন নেই। ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে বিভিন্ন সভা, সমাবেশ, মতবিনিময় সভা করছেন। চাঙা রাখছেন নেতা-কর্মীদের। লক্ষ্য, আসন্ন নির্বাচনেও আসনটি নিজেদের দখলে রাখা।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির নির্বাচনী এলাকায় ভালো অবস্থান তৈরি করেছেন। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ও যোগাযোগ বেশ ভালো।
সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, ‘জনগণ আবারও নৌকাকে বিজয়ী করবে বলে বিশ্বাস করি। কারণ, এই সরকার ক্ষমতায় এলে মানুষের কল্যাণে কাজ করে। আমরা যে উন্নয়ন করেছি, তা কেউ কখনো করতে পারেনি।’ সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রধানমন্ত্রী চাইলে তিনি আবারও প্রার্থী হবেন বলে জানান।
এর বাইরে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান উজ্জল বেশ তৎপর। প্রায়ই তিনি এলাকায় দলীয় সব কর্মসূচি পালন করেন নেতা-কর্মীদের নিয়ে। এ ছাড়া অসহায়, দুস্থ মানুষদের পাশে গিয়ে তাঁদের সাহায্য করছেন। আওয়ামী লীগের একটি অংশ তাঁর সঙ্গে রয়েছে। তিনিও এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান খান সবুজ, আব্দুল আজিজ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল মতীন, কেন্দ্রীয় যুবলীগ নেতা খন্দকার জাহাঙ্গীর কবির রানা, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব প্রার্থী হতে পারেন।
এদিকে এখনো নির্বাচনে আসার সিদ্ধান্ত না হওয়ায় দোটানায় রয়েছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। ক্ষমতাসীন দলের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীরা শুভেচ্ছাবার্তা, নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ডিজিটাল ব্যানার লাগিয়ে তাঁদের অবস্থান জানান দিচ্ছেন। যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়, তাহলে নিজেদের হারানো আসন ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে বিএনপি। তবে সেটি কতটুকু সম্ভব হবে, নিয়ে রয়েছে শঙ্কা। কারণ, জেলা থেকে শুরু করে তৃণমূলের বিএনপিতে কোন্দল অনেক।
বিএনপি নির্বাচনে এলে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ।
মনোনয়ন বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘বিএনপির প্রধান দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সেই দাবি পূরণের ভিত্তিতে দল যদি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আমি মনোনয়নপ্রত্যাশী।’ সে ক্ষেত্রে বিএনপি হারানো আসন পুনরুদ্ধার করতে পারবে বলে বিশ্বাস তাঁর।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫