রুশ জেনারেলদের হত্যা করতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। এ ছাড়া নিউইয়র্ক টাইমসে এসংক্রান্ত সংবাদ প্রকাশ করাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব বলেছে।
গতকাল বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘এটা সত্য যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাদের গোয়েন্দা তথ্য দেয়, যাতে তারা ইউক্রেনকে রক্ষা করতে পারে। কিন্তু আমরা রাশিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য কখনোই দিই না। ইউক্রেনের সেনাবাহিনী কোন লক্ষ্যবস্তুতে হামলা করবে, সেই সিদ্ধান্তেও আমরা অংশ নিই না।’
গত বুধবার নিউইয়র্ক টাইমস কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় যে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের ইউনিটগুলোর অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে রাশিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের হত্যা করার সুযোগ পেয়েছে ইউক্রেন।
এ খবর প্রকাশের পর সারা বিশ্বে সাড়া পড়ে যায়। এরপর তীব্র প্রতিক্রিয়া জানান জন কিরবি। তিনি বলেন, ‘ইউক্রেন বাহিনী কখন কাকে হামলা করবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। তাদের সিদ্ধান্তে আমাদের কোনো অংশগ্রহণ নেই। ইউক্রেন বাহিনী সাধারণত নিজেরা যুদ্ধক্ষেত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যের সঙ্গে আমাদের ও মিত্রদের দেওয়া তথ্যের সমন্বয় করে সিদ্ধান্ত নিয়ে থাকে।’
এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন। তিনি কড়া সমালোচনা করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনীয়দের নিজেদের দেশ রক্ষায় সহায়তা করতে গোয়েন্দা তথ্য দিয়ে থাকে। আমরা রুশ জেনারেলদের হত্যার উদ্দেশ্যে কোনো গোয়েন্দা তথ্য দিই না।’
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, ‘চলমান যুদ্ধে ইউক্রেনের সেনারা ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছে।’ তবে নিউইয়র্ক টাইমস ওই প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃতপক্ষে কতজন জেনারেলকে হত্যা করা হয়েছে, সেই সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এ অভিযানে ইউক্রেন বেশ কয়েকজন রুশ জেনারেলকে হত্যার দাবি করলেও রাশিয়া একাধিক জেনারেলকে হত্যার দাবি অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
৯ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৬ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৭ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে