Ajker Patrika

প্রতি চার মিনিটে একজন, ইউক্রেন যুদ্ধে ৭ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত

আজকের পত্রিকা ডেস্ক­
প্রতি চার মিনিটে একজন, ইউক্রেন যুদ্ধে ৭ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত
রাশিয়ার কোস্ত্রোমা অঞ্চলের গ্রামীণ ভলগা এলাকায় রুশ সৈন্যদের একটি বিশাল সমাধিস্থলের দিকে তাকিয়ে রয়েছে মৃতদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। ছবি: এএফপি

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৭ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। অর্থাৎ, যুদ্ধের গত চার বছরে গড়ে প্রতি চার মিনিটে একজন রুশ সেনার মৃত্যু হয়েছে। ফাঁস হওয়া সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা ও মেদুজা।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরের শেষ নাগাদ রাশিয়ার পরিসংখ্যান ব্যুরো রসস্ট্যাটের হিসাবে ৪ লাখ ৯০ হাজার রুশ সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তবে মৃত্যুর তথ্য নথিভুক্ত করতে বিলম্ব এবং নিখোঁজ সেনাদের হিসাব যুক্ত করলে নিহতের সংখ্যা ৭ লাখ ২০ হাজার ছাড়িয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

এই সংখ্যা ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ এবং ১৯৯০-এর দশক ও ২০০০-এর দশকের শুরুর দিকের দুই চেচেন যুদ্ধে রাশিয়ার সম্মিলিত প্রাণহানিকেও ছাড়িয়ে গেছে। যুদ্ধের প্রাণহানির প্রকৃত চিত্র গোপন রাখতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে ক্রেমলিন।

২০২৫ সালে রসস্ট্যাট জনসংখ্যাবিষয়ক পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। চলতি মাসের শুরুতে ইউক্রেনপন্থী হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস অব বেলারুশ ও সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের সার্ভারে প্রবেশ করে তথ্য হাতিয়ে নেয়। পরে এসব তথ্য বিশ্লেষণ করে মিডিয়াজোনা ও মেদুজা। তবে ফাঁস হওয়া পরিসংখ্যানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর তারিখ ও মৃত্যুনিবন্ধনের তারিখের মধ্যকার ব্যবধান এবং নিখোঁজ সেনাদের স্বজনদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে আরও প্রায় ২ লাখ ৩০ হাজার অপ্রকাশিত মৃত্যুর হিসাব পাওয়া গেছে। এ ছাড়া ২০২৩ সাল থেকে মিডিয়াজোনা নিখোঁজ সেনাদের একটি তালিকা সংরক্ষণ করছে। এতে প্রায় ১ লাখ ৬০ হাজার সেনার নাম রয়েছে। সংবাদমাধ্যমটির দাবি, নিখোঁজদের মধ্যে মাত্র ১০ শতাংশের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।

ফাঁস হওয়া তথ্যে দেখা গেছে, রাশিয়ায় হৃদ্‌রোগ, কোভিড-১৯ এবং স্ট্রোকসহ রক্তনালির বিভিন্ন রোগের পর মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধ। হতাহতের সংখ্যাও অঞ্চলভেদে সমান নয়। দরিদ্র অঞ্চল ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে প্রাণহানির হার তুলনামূলক বেশি।

এদিকে নেস্ট সেন্টারের বিশ্লেষণে ইউক্রেনে নিহত ৬ হাজার ৯৪৭ জন বিদেশি নাগরিকের তথ্য পাওয়া গেছে। তাঁদের অধিকাংশই কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমিনিস্তানের নাগরিক।

যুদ্ধের প্রভাবে রাশিয়ায় পুরুষদের গড় আয়ুও কমেছে। ২০২৫ সালে তা দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৩ বছরে, যা ২০১৯ সালের তুলনায় ৩ দশমিক ১ বছর কম। বিপরীতে নারীদের গড় আয়ু বেড়ে রেকর্ড ৭৯ দশমিক ৩ বছরে পৌঁছেছে।

অন্যদিকে ইউক্রেনও আনুষ্ঠানিকভাবে সেনা হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করে না। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) জুলাইয়ের এক গবেষণায় বলা হয়, ইউক্রেনের সামরিক হতাহতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার থেকে ৬ লাখ ২৫ হাজারের মধ্যে। এর মধ্যে নিহতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার।

কার্নেগি রাশিয়া ইউরেশিয়া সেন্টারের জ্যেষ্ঠ গবেষক আলেক্সান্ডার বাউনভের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউক্রেন যুদ্ধই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী সংঘাত। তাঁর ধারণা, রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে নিহতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত