Ajker Patrika

রাশিয়ার পারমাণবিক অস্ত্রবাহী কৃত্রিম উপগ্রহের খবরে মহাকাশ প্রতিরক্ষার ঘোষণা ন্যাটোর

আজকের পত্রিকা ডেস্ক­
রাশিয়ার পারমাণবিক অস্ত্রবাহী কৃত্রিম উপগ্রহের খবরে মহাকাশ প্রতিরক্ষার ঘোষণা ন্যাটোর
ন্যাটো প্রধান মার্ক রুটে (বায়ে) এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎস। ছবি: সিএনএন

মহাকাশে যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় ন্যাটো সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। রাশিয়া পারমাণবিক অস্ত্রবাহী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—জার্মান সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর তিনি এ ঘোষণা দিলেন।

জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য উৎক্ষেপণের বিষয়ে গোয়েন্দা তথ্য চলতি মাসে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে আদান-প্রদান হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে রাশিয়া এ ধরনের একটি উপগ্রহ উৎক্ষেপণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে গোয়েন্দা প্রতিবেদনটি কোন দেশ তৈরি করেছে, তা স্পষ্ট নয়।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেন, এ ধরনের প্রতিবেদন নতুন নয়, তবে প্রতিবারই তা সমানভাবে উদ্বেগজনক। জার্মান সরকারের মুখপাত্রও জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তবে রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি অস্বীকার করে বলেছেন, তিনি এ ধরনের প্রতিবেদন দেখেননি। অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশিত খবরকে গুরুত্ব দেওয়ারও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি। বার্লিনে রাশিয়ার দূতাবাস অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেছে, এগুলো প্রচারণার অংশ।

জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জ্যুডডয়েচে সাইটুংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সম্ভাব্য উপগ্রহটির সাংকেতিক নাম ‘স্পুতনিক-এস’। এতে পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে, যা অন্য উপগ্রহ অকেজো বা ধ্বংস করতে সক্ষম। এর মধ্যে যোগাযোগ ও নজরদারির কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপগ্রহও রয়েছে।

বার্লিনে মের্ৎসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রুটে বলেন, ন্যাটো তার ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মহাকাশের ক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরিস্থিতি অনুযায়ী জোটটি প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান ইয়োসেফ আশবাখার হ্যান্ডেলসব্লাট পত্রিকাকে বলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি হবে চরম দুঃস্বপ্নের পরিস্থিতি।

১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী, মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। রাশিয়াও এ চুক্তির স্বাক্ষরকারী দেশ।

তবে ডারহাম বিশ্ববিদ্যালয়ের মহাকাশ গবেষণা কেন্দ্রের সহপরিচালক ব্লেডিন বোয়েন বলেন, মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হতে পারে। বর্তমানে কক্ষপথে ১৫ হাজারের বেশি সক্রিয় উপগ্রহ রয়েছে। এমন বিস্ফোরণে রাশিয়ার নিজস্ব মহাকাশ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক ওয়ারহেডযুক্ত মহাকাশভিত্তিক উপগ্রহবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগ করেছিল। মস্কো তা অস্বীকার করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন বলেছিলেন, রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোর বিরোধী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত