
নিত্যপণ্যের অবৈধ মজুতদার ও অসাধু সিন্ডিকেটর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা হোল্ডিং করবে বা যারা মানুষের এই প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
আজ রোববার নবনির্মিত ৪০টি ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনকালে সরকারপ্রধান এ নির্দেশ দেন। ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
শেখ হাসিনা বলেন, ‘করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। তার ওপর ইউক্রেন ও রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ এর ওপর আরও বেশি প্রভাব ফেলছে। তার পরও আমি বলব অনেক উন্নত দেশ সেখানে এখন খাদ্যের জন্য হাহাকার করছে।’
সরকারপ্রধান বলেন, ‘ইনফ্লেশন রেট কোথাও ১৭ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যাচ্ছে। অনেক ইউরোপিয়ান দেশে ৭, ৮, ৯ পার্সেন্ট ইনফ্লেশন রেট। তার পরও আমরা কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে।’
দেশের মানুষকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘সেই সঙ্গে দেশের মানুষকেও বলব, এই যুদ্ধের কারণে আপনারা জানেন যে বিদেশ থেকে যে সমস্ত জিনিস আমরা আমদানি করি, সেগুলো আনা খুব কষ্টকর হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না।’
শেখ হাসিনা বলেন, ‘অনেক দেশ তাদের উৎপাদিত পণ্য আর রপ্তানি করছে না বা তারাও বিপদে আছে। সেই ক্ষেত্রে আমাদের দেশে আমাদের যে মাটি, মানুষ আছে, এটাই ব্যবহার করে আমাদের নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।’
জমি অনাবাদি না রাখার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। যেখানে যার যতটুকু আছে তা আবাদ করবেন। নিজের প্রয়োজনীয় জিনিস নিজেরা উৎপাদন করে, নিজেরা ব্যবহার করার ব্যবস্থা নিতে হবে। যেন কারও মুখাপেক্ষী হয়ে আমাদের থাকতে না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন।’
সরকার দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের সুরক্ষার জন্য, মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজের সুফলটা মানুষ যাতে পেতে পারে সেটাই আমরা চাই।’
৪০ ফায়ার স্টেশন উদ্বোধন
দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৯টি উপজেলার ৪০টি ফায়ার স্টেশনের কার্যক্রম নতুন করে চালু হলো।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০৯ সালে দেশে ফায়ার স্টেশন ছিল মাত্র ২০৪টি। বর্তমানে দেশে চালু ফায়ার স্টেশনের সংখ্যা ৪৫৬।
আগামী ৩০ জুনের মধ্যে নতুন আরও ৫৫টি ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছেন তাঁরা।
সারা দেশে প্রত্যেক উপজেলা ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ফায়ার স্টেশন নির্মাণে তিনটি প্রকল্প চলমান। চলমান তিনটি প্রকল্পের কাজ শেষ হলে ফায়ার স্টেশনের মোট সংখ্যা হবে ৫৪৪।
ফায়ার স্টেশন এবং এর মূল্যবান যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ফায়ার স্টেশনগুলো এবং এর মূল্যবান যন্ত্রপাতি জনগণের সম্পত্তি। এগুলোর যথাযথ যত্ন নেবেন। সর্বোচ্চ পরিমাণ সেবা যাতে আমরা পেতে পারি সেদিকে লক্ষ রাখবেন।’
অগ্নিকাণ্ড যাতে না ঘটে সে জন্য দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি জলাধার সংরক্ষণ, বিভিন্ন ভবন, কলকারখানায় অগ্নি নির্বাপণ-ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া বিভিন্ন কলকারখানা, বড় মার্কেটগুলোতে মাঝেমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কী করতে হবে, কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ এবং সাধারণ কর্মীদের নিয়ে মাঝেমধ্যে মহড়া করার পরামর্শ দেওয়া হয়।
বিভিন্ন ঘটনায় অগ্নিনির্বাপণের কাজে ফায়ারফাইটারদের দক্ষতা ও ত্যাগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
ফায়ার সার্ভিসের কর্মীদের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
অত্যাধুনিক ও দক্ষ ফায়ার সার্ভিস সেবা নিশ্চিতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের অগ্নি ঝুঁকি ও অন্যান্য দুর্যোগ মোকাবিলার পূর্ণ ক্ষমতাসম্পন্ন একটি বাহিনী আমাদের প্রয়োজন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন প্রমুখ।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের অসংগতি নিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের উপস্থিতিতেই রাষ্ট্রীয় কর্মসূচিতে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুল
১২ মিনিট আগে
টানা বর্ষণ এবং ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গের উজানে ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলের অন্তত ১২ জেলায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
মেজর (অব.) মোজাফফর হোসেন ফেসবুকের মেসেঞ্জারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করতেন—এমন তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তাই তাদের সঙ্গে মোজাফফরের কী কী কথা হয়েছে, সে বিষয়ে মেটার কাছে তথ্য চেয়ে ই–মেইল করা হয়েছে...
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রীয়ভাবে আয়োজন করেছিল জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের উপস্থিতিতে অনুষ্ঠানে ৩৬ জুলাই নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়।
৩ ঘণ্টা আগে