
জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক জাকির হোসেন আজ রোববার পরোয়ানা জারির এই আদেশ দেন।
অন্য দুই আসামি হলেন—ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও সেলিম খান। জামিনে থাকা এই তিন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা কোনো পদক্ষেপ না নেওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
আজ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার বাদী প্রয়াত সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনাল মামলার বাদীকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে গুলি করে হত্যা করা হয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। ঘটনার পর সোহেলের ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে বাদানুবাদই এ হত্যার নেপথ্য কারণ বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
অন্য আসামিরা হলেন—আশীষ চৌধুরী, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন, আদনান সিদ্দিকুর, তারিক সাঈদ মামুন, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ও ফারুক আব্বাসী।
এই মামলায় ২০০১ সালের ৩০ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এরপর মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০০৩ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এ পাঠানো হয়। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো বেআইনি হয়েছে এই দাবি করে ওই আইনের দুটি ধারা চ্যালেঞ্জ করে আদনান সিদ্দিকী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৩ সালের ১৯ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের আদেশ কেন বেআইনি হবে না, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেন। একই সঙ্গে তিন মাসের জন্য মামলার বিচার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০০৪ সালের ১৭ ফেব্রুয়ারি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেন। সেই থেকে এই মামলার বিচার স্থগিত থাকে। কোনো সাক্ষীর স্বাক্ষই আর গ্রহণ করা হয়নি।
একটানা ১২ বছর মামলার কার্যক্রম স্থগিত থাকার পর ২০১৫ সালে আদনান সিদ্দিকীর দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ ২০১৫ সালের ৫ আগস্ট রায় দেন। রায়ে ইতিপূর্বে দায়ের করা রুল খারিজ করে দেন আদালত। হাইকোর্টের দেওয়া স্থগিত আদেশ প্রত্যাহার করেন। মামলার বিচার কার্যক্রম চলতে আইনত আর কোনো বাধা থাকে না এই আদেশের পর। কিন্তু অজ্ঞাত কারণে ওই রায় ও হাইকোর্টের আদেশ আর বিচারিক ট্রাইব্যুনালে পৌঁছায়নি। গায়েব হয়ে যায় হাইকোর্টেও আদেশের নথি।
‘আজকের পত্রিকা’ বিষয়টি অনুসন্ধান করে গত ২৩ জানুয়ারি ‘নায়ক খুনের মামলা গুম’—শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদন প্রকাশের পর সুপ্রিম কোর্টের আইনজীবী আবু জোবায়ের হোসাইন সজিব সোহেল চৌধুরী হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে রিট আবেদন করেন।
এরপর নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার বিচার দ্রুত শেষ করতে গত ৩০ জানুয়ারি একটি লিগ্যাল নোটিশও পাঠানো হয়।
গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন। একই সঙ্গে নথি খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন। এরপর নথি বের হয়ে যায় এবং সোহেল চৌধুরী হত্যা মামলা স্থগিত করা নিয়ে যে রিট আবেদন করা হয়েছিল, সেই রুল খারিজের আদেশও দ্রুত বিচার ট্রাইব্যুনালে পৌঁছে যায়। পরে গত ১০ মার্চ মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়।
আরও পড়ুন:

সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচে দেলোয়ার হোসেন ইলেকট্রিকের কাজ করছিলেন এবং তাকে সাহায্য করছিলেন আমির হোসেন নামে ওই ভবনের দারোয়ান।
৬ মিনিট আগে
টানা চার দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের ১৩টি উপজেলা এবং পার্শ্ববর্তী কক্সবাজার ও পার্বত্য বান্দরবানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্নতা, সড়ক তলিয়ে যাওয়া, পাহাড়ধস ও গাছ উপড়ে...
৯ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও ট্যাগ অফিসারের সামনে ত্রাণের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সুবিধাভোগী ব্যক্তিরা। গত মঙ্গলবার উপজেলার কাপাসিয়া ইউনিয়নে চাল বিতরণের সময় এই ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার ধুনটে যমুনা নদীতে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েক দিনের ভাঙনে বন্যানিয়ন্ত্রণ বাঁধে ফেলা বালুভর্তি বস্তা ও জিও টিউব ব্যাগ নদীতে বিলীন হয়ে গেছে। এতে বাঁধে আশ্রয় নেওয়া বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগে