গতকাল অফিস থেকে ফেরার পথে সবাই আমরা নীরব ছিলাম। ভীষণ নীরব। অফিসের সামনে মাইক্রোবাসে উঠে নিঃশব্দে নেমে গিয়েছিলাম যে যার গন্তব্যে। সম্ভবত সবাই আমরা ফাহিরের কথা ভাবছিলাম। ২৪ বছর বয়সী সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞা, যে আমাদের কাছে পরিচিত ছিল ফাহির ফখরুল নামে। তাকে আরও সংক্ষেপে ফাহির নামে ডাকতাম আমরা।
ফাহিরকে নিয়ে ‘আপনি’ সম্বোধনেও লিখতে পারি। হয়তো সেটাই রীতি। কিন্তু ‘চিল ডুড’ ফাহিরকে আপনি বলে সম্বোধন করলে দূরে ঠেলে দেওয়া হয়। সেটা করা কঠিন বৈকি। তাই ফাহির ‘তুমি’ হিসেবেই থাক।
ফাহিরের মৃত্যু সব অর্থে এত দ্রুত হলো যে সেটা মেনে নেওয়া কঠিন। একে তার বয়স মাত্র ২৪ বছর। বয়সের দিক থেকে এটা খুবই কম–মাত্র শুরু। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া এবং তার মারা যাওয়ার সময়টাও ভীষণ কম। এত কম সময়ে আসলে কিছু করে ওঠা কঠিন, অন্তত আমাদের এই ঢাকা শহরে। কিন্তু এই কঠিন বাস্তবতা আমাদের মেনে নিতে হচ্ছে।
ফাহিরের মৃত্যু আমাদের সামগ্রিক ব্যর্থতার পরিচয়। এমন নয় যে তার বয়সী মানুষ মারা যাচ্ছে না। যাচ্ছে। কিন্তু কেন মারা যাচ্ছে, সে বিষয়গুলোকে কোনোভাবে সামনে আনা যাচ্ছে না। বিশ্ব যখন আরও এগিয়ে যেতে ব্যস্ত, বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা সাফল্যের চূড়ায় উঠছি, তখন আমাদের খেয়ালই থাকছে না, তরুণদের মৃত্যুর গ্রাফ ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। বিভিন্ন পরিসংখ্যান বলছে, একুশ শতকের এই চরম উন্নয়নের দিনে পৃথিবীতে তরুণদের হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যাওয়ার সংখ্যা বাড়ছে দিন দিন। বাড়ছে আত্মহত্যার প্রবণতা। বিষণ্নতা মহামারির রূপ নিয়েছে। সন্তর্পণে ছোবল বসাচ্ছে ডায়াবেটিসের মতো অনেক নীরব ঘাতক। সম্পর্ক ছিন্ন করে নিঃসঙ্গ হয়ে যাওয়ার হার বাড়ছে। সেগুলো উন্নত বা অনুন্নত বিশ্ব নয়, পৃথিবীব্যাপী ঘটে চলেছে। ফাহিরের মৃত্যুতে তাই শোকগাথা নয়।
ফাহিরের মতো তরুণদের আমরা জীবনযাপনের সহজপাঠটা সহজে দিতে পারছি না। আমরা তাদের শেখাতে পারিনি, প্রতিযোগিতায় না গিয়ে পছন্দের কাজটা করো। প্রতিযোগিতা তোমাকে মৃত্যুর দিকেই নিয়ে যাবে। তাদের আমরা বোঝাতে পারছি না, জীবনযাপনে অভ্যস্ত হতে সময় লাগে। তাদের আমরা জানাতে পারছি না, শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও ভালো থাকাটা জরুরি, অন্তত যখন তারা জীবিকার পাগলা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। এসবের ফলে ফাহিরের বয়সী চিল ডুডেরা জীবনের দৌড়ে ‘ধরা’ খেয়ে যাচ্ছে।
ফাহির ছবি তুলতে ভালোবাসত, সিনেমা দেখতে ভালোবাসত, পড়তেও ভালোবাসত। হইচই করে মাতিয়ে তুলতে পারত তার চারপাশ। কিন্তু কোন বীভৎস কীট তাকে ধীরে ধীরে ভেতর থেকে ধসিয়ে দিয়েছিল, সে খবর আমরা জানি না। সে-ও জানায়নি। ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ধকল সে সইতে পারেনি বেশিক্ষণ। এটা ফাহিরের দোষ নয়। এটা আমাদের সমাজের সামগ্রিক প্রবণতা। লাখ লাখ তরুণ এই একই অবস্থায় জীবনযাপন করে চলেছে বিষয়টি না জেনেই। লেখাপড়া শেষ করে জীবন ও জীবিকার তাগিদে নিরন্তর ছুটে চলা, নির্ভরযোগ্য বন্ধু না থাকা, স্বপ্ন ও বাস্তবতার ফারাক সইতে না পারা, পরিবারের বিবিধ চাপ ইত্যাদি বিভিন্ন বিষয় একা একা বইতে হচ্ছে জীবনের দৌড়ে শামিল হওয়া তরুণদের। কেউ সেগুলোকে সামলে চলতে পারছে, কেউ পারছে না। যারা পারছে, তারা হয়তো কোনোমতে টিকে থাকছে। যারা পারছে না, তারা ‘অকস্মাৎ হৃদযন্ত্রের’ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করছে, নইলে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে, নিদেনপক্ষে শারীরিক অসুস্থতায় ভুগছে। মানসিক অসুস্থতার বিষয়টি কেউ আমলেই নিচ্ছে না। সম্প্রতি আমাদের আরও একজন সহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। অফিসের ত্বরিত সিদ্ধান্ত আর চিকিৎসকদের আন্তরিক সহযোগিতায় তিনি সুস্থ হয়েছেন। তিনিও ফাহিরের বয়সী। এ দুই ঘটনা আমাদের ভাবায়।
ভালো থেকো চিল ডুড। তোমার জন্য প্রার্থনা।
লেখক: রজত কান্তি রায় সহকারী সম্পাদক, আজকের পত্রিকা

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫