Ajker Patrika

কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সামাজিক মূল্য, নারীর জন্য প্রতিবন্ধকতা

কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
কর্মক্ষেত্রে বুদ্ধিমত্তার সামাজিক মূল্য, নারীর জন্য প্রতিবন্ধকতা
প্রতীকী ছবি

অফিসের কনফারেন্স রুমে একটি জটিল প্রজেক্টের বাজেট ও প্রযুক্তিগত ত্রুটি চোখের পলকে ধরে ফেললেন বিপণন বিভাগের প্রধান সাবরিনা। সভার সবাই যখন নিশ্চুপ, তখন অত্যন্ত নিখুঁত ও গুছিয়ে সমাধান বলে দিলেন তিনি। কিন্তু সভা শেষ হতেই সহকর্মীদের ফিসফিসানি শুরু, ‘মেয়েটা অতিরিক্ত চালাক। সব সময় নিজেকে জাহির করতে পছন্দ করে।’ অথচ ঠিক একই বুদ্ধিমত্তাপূর্ণ কথা একজন পুরুষ সহকর্মী বললে, তাঁকে বাহবা দেওয়া হয় দূরদর্শী লিডার বলে। বাস্তবজীবনের এমন ছোটখাটো বৈষম্যমূলক পরিস্থিতি প্রতিনিয়ত জানান দেয়, কর্মক্ষেত্রে প্রখর বুদ্ধিমত্তা, দ্রুত সমস্যার সমাধান কিংবা বিশ্লেষণী ক্ষমতা পুরুষদের জন্য ইতিবাচক হলেও নারীদের ক্ষেত্রে এর বিপরীত চিত্র দেখা যায়। প্রখর বুদ্ধিমত্তাসম্পন্ন নারীদের কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে কম সহযোগিতা এবং অবমূল্যায়ন বা বৈরী আচরণের শিকার হওয়ার আশঙ্কা বেশি থাকে। এটি কোনো মনগড়া কথা নয়। গবেষণার ফলাফল সেদিকেই ইঙ্গিত করছে।

গবেষণাটি কারা এবং কীভাবে করেছেন

মার্কিন গবেষক নিত্যা চাওলার নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়েছে। ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারসেকশন অব জেন্ডার অ্যান্ড কগনিটিভ অ্যাবিলিটি অন ইন্টারপারসোনাল আউটকামস: আ মাল্টিস্টাডি ইনভেস্টিগেশন’ শীর্ষক এই গবেষণা মূলত দুটি ভাগে বিভক্ত ছিল। গবেষকেরা যুক্তরাষ্ট্র ও চীনের ৮২৬ জনকে এই গবেষণার আওতায় আনেন। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪৩২ জন বিজনেস শিক্ষার্থী এবং দ্বিতীয় ধাপে চীনের একটি আর্থিক প্রতিষ্ঠানের ৩৯৪ জন ফুলটাইম কর্মীকে নিয়ে গবেষণাটি চালানো হয়। প্রমিত বুদ্ধিমত্তা অভীক্ষার মাধ্যমে তাঁদের জ্ঞানীয় বা কগনিটিভ ক্ষমতা মাপা হয়। সেখানে তাঁরা একে অপরকে কাজের ভিত্তিতে মূল্যায়ন করেছিলেন।

কেন এমন হয়

গবেষণার ফলাফলে দেখা গেছে, উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন নারীরা সহকর্মীদের কাছ থেকে কম মানসিক ও ব্যবহারিক সাহায্য পেয়েছেন। এমনকি তাঁদের মধ্যে নেতিবাচক আচরণ বা অবমূল্যায়নের শিকার হওয়ার প্রবণতা বেশি ছিল। সহকর্মীরা তাঁদের অযৌক্তিকভাবে বেশি শত্রুভাবাপন্ন বা কম মিশুক হিসেবে মনে করেছেন। অথচ সমকক্ষ বা উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন পুরুষদের ক্ষেত্রে এমন কোনো সামাজিক মূল্য বা শাস্তি দিতে হয়নি। অনেক ক্ষেত্রে তাঁরা সহকর্মীদের কাছ থেকে বাড়তি সহায়তা লাভ করেছেন। গবেষকদের মতে, এর পেছনে রয়েছে চিরাচরিত সামাজিক ভূমিকা তত্ত্ব। সমাজে পুরুষদের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ও সক্ষম হওয়ার প্রত্যাশা করা হলেও নারীদের কাছ থেকে মূলত উষ্ণতা, সহযোগিতা ও নমনীয় আচরণের প্রত্যাশা করা হয়। যখন একজন নারী উচ্চ বুদ্ধিমত্তা ও বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা প্রদর্শন করেন, তখন প্রচলিত সামাজিক ধারণার সঙ্গে তা সাংঘর্ষিক মনে হয়। সহকর্মীরা অবচেতনভাবে ধরে নেন যে ওই নারী হয়তো কম মিশুক বা কম সহযোগী। যদিও বাস্তবে ওই নারীর আচরণে এমন কিছু না-ও থাকতে পারে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘমেয়াদি প্রভাব ও করণীয়

গবেষকেরা উল্লেখ করেছেন, যদিও এই আচরণের প্রভাবগুলো হয়তো খুব বড় আকারে প্রকাশ পায় না; তবু প্রতিদিনের এই ছোটখাটো নেতিবাচক মিথস্ক্রিয়া বা মাইক্রো-ইন্টারঅ্যাকশন একজন কর্মীর মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের চাপ তৈরি করে। এর ফলে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস কমে যাওয়া এবং একঘরে বোধ করার মতো সমস্যা তৈরি হতে পারে। গবেষক নিত্যা চাওলার স্পষ্ট বার্তা হলো, এর জন্য নারীদের নিজেদের দক্ষতা বা বুদ্ধিমত্তা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই; বরং দায়িত্বটি প্রতিষ্ঠান ও ব্যবস্থাপকদের। প্রাতিষ্ঠানিক পর্যায়ে জেন্ডারভিত্তিক পক্ষপাতিত্ব দূর করতে এবং টিমগুলোতে সমভাবে সহযোগিতা বজায় আছে কি না, তা মনিটরিং করতে হবে। কোনো সহকর্মীর আচরণ বিচার করার আগে নিজেকে প্রশ্ন করা উচিত, একই আচরণ কোনো পুরুষ কর্মী করলে কি আমি ঠিক এভাবে প্রতিক্রিয়া দেখাতাম?

বৈরী আচরণের প্রভাব

অনেক সফল ও মেধাবী মানুষ নিজের যোগ্যতা ও অর্জনকে স্বীকার করতে পারেন না; বরং সব সাফল্যকে ভাগ্য বলে মনে করেন। তাঁদের মধ্যে সব সময় এক অহেতুক ভয় কাজ করে, যেকোনো মুহূর্তে হয়তো অন্যদের সামনে তাঁদের অযোগ্যতা ধরা পড়ে যাবে। মনোবিজ্ঞানে এই মানসিক অবস্থাকে ইমপোস্টার সিনড্রোম বলা হয়। পুরুষেরা করপোরেট দুনিয়ায় জোরালো নেতৃত্ব দিলে, তাঁকে দৃঢ়চেতা বা লিডারশিপ কোয়ালিটি বলা হয়। কিন্তু নারীরা একই কাজ করলে, তাঁদের একরোখা হিসেবে লেবেল সেঁটে দেওয়া হয়। এই দ্বিমুখী নীতি নারীদের পেশাগত অগ্রগতিকে আটকে দেয়। দিনের পর দিন এমন বৈরী পরিবেশের মুখোমুখি হতে হতে উচ্চক্ষমতাসম্পন্ন নারীরা অনেক সময় নিজের যোগ্যতার ওপর নিজেই সন্দেহ করতে শুরু করেন। গবেষণায় দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মানুষ জীবনে কখনো না কখনো এই অনুভূতির শিকার হন। মূলত অতিরিক্ত নিখুঁত হওয়ার প্রবণতা ও শৈশবের তীব্র প্রতিযোগিতা থেকে এর জন্ম হয়। এই সংকট কাটিয়ে উঠতে অন্যের সঙ্গে তুলনা বন্ধ করে নিজের প্রকৃত অর্জনগুলোকে স্বীকৃতি দেওয়া এবং কাছের মানুষ বা মেন্টরের সঙ্গে খোলামেলা কথা বলা জরুরি।

ইমপোস্টার সিনড্রোম নারীদের পেশাগত অগ্রযাত্রাকে বিভিন্ন উপায়ে ক্ষতিগ্রস্ত করে। যেমন:

  • পদোন্নতি বা নতুন সুযোগ হাতছাড়া হওয়া: নিজেদের ‘যথেষ্ট যোগ্য নয়’ ভেবে নারীরা অনেক সময় বড় প্রজেক্টের দায়িত্ব নিতে চান না কিংবা পদোন্নতির জন্য আবেদন করতে পিছপা হন।
  • অতিরিক্ত পরিশ্রম ও বার্নআউট: যোগ্যতা প্রমাণ করার তাগিদে নারীরা প্রায়ই প্রয়োজনের চেয়ে অনেক বেশি কাজ করেন এবং নিজের ওপর অসম্ভব কাজের চাপ নেন। এর ফলে তাঁরা দ্রুত মানসিকভাবে ভেঙে পড়েন বা ক্লান্ত হয়ে পড়েন।
  • নেতৃত্বের গুণাবলি প্রকাশে বাধা: নিজেদের মেধা নিয়ে আত্মবিশ্বাসের অভাবের কারণে তাঁরা মিটিংয়ে নিজের মতামত জোরালোভাবে তুলে ধরতে দ্বিধা করেন, যা তাঁদের লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার সক্ষমতাকে আড়াল করে রাখে।
  • ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে যাওয়া: ব্যর্থতার ভয়ে নারীরা নতুন কোনো উদ্ভাবনী বা চ্যালেঞ্জিং পথে পা বাড়াতে ভয় পান, যা তাঁদের ক্যারিয়ারের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি থামিয়ে দেয়।

সূত্র: ডয়চে ভেলে, সাইকোলজি টুডে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত