সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৭ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’র নিয়মিত আয়োজনটি এবারে ২০তম বছরে পদার্পণ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত মনোনয়ন এবং অভিজ্ঞ বিচারকদের দীর্ঘ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে চার কীর্তিমতী নির্বাচিত হয়েছেন। বিশেষজ্ঞ প্যানেলে নির্বাচক হিসেবে ছিলেন এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপার প্রতিষ্ঠাতা তাসলিমা মিজি, সিনিয়র সাংবাদিক মোস্তফা মামুন এবং ডিক্যাস্টালিয়া লিমিটেডের পরিচালক সাবিলা ইনুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম।
মো. পারভেজ তাঁর বক্তব্যে বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে “গিভ টু গেইন” থিমটি আমাদের কাছে একটি সুস্পষ্ট অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, নারীদের প্রতি সম্মান, স্বীকৃতি ও সহযোগিতার আরেক অর্থ সমাজের অগ্রগতিতে বিনিয়োগ করা।’
মো. পারভেজ আরও বলেন, ‘একজন নারী এগিয়ে গেলে তাঁর সঙ্গে এগিয়ে যায় পরিবার, কর্মক্ষেত্র ও পুরো দেশ। রাঁধুনী কীর্তিমতী সম্মাননার মাধ্যমে আমরা সেই ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই এবং নারীদের অর্জনকে যথাযথ মর্যাদা দিতে চাই।’
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিবি উইমেনস উইংয়ের চেয়ারপারসন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা এবং দৈনিক বণিক বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিইও দেওয়ান হানিফ মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের বরেণ্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে ২০ বছরের পথচলা ও সমাজে এর ইতিবাচক প্রভাব তুলে ধরে একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়। পরে নারীর ক্ষমতায়নে রাঁধুনীর বিভিন্ন উদ্যোগ নিয়ে আরেকটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শিত হয়। এ ছাড়া অনুষ্ঠানের একপর্যায়ে শিল্পী জীবন রায় প্রতিটি চ্যালেঞ্জকে শক্তিতে রূপান্তর করে নারীদের সম্ভাবনার শিখরে পৌঁছানোর বার্তা নিয়ে একটি বিশেষ ‘স্যান্ড আর্ট’ পরিবেশন করেন।
পুরস্কার প্রদান পর্বে অনুসন্ধানমূলক সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় জনসমক্ষে তুলে ধরার জন্য কীর্তিমতী সাংবাদিক সম্মাননা পান কাওসার সোহেলী। যৌনকর্মীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত নারীদের জন্য ‘বঞ্চিতা’ নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে কীর্তিমতী হিতৈষী সম্মাননা পান নুর নাহার। বহুমাত্রিক কৃষি ও খামার উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে অসংখ্য নারীর কর্মসংস্থানের ব্যবস্থা এবং জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মোছা. সুরাইয়া ফারহানা রেশমা কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননায় ভূষিত হন। এ ছাড়া দুবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য এবং সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃত ঋতুপর্ণা চাকমা কীর্তিমতী ক্রীড়াবিদ হিসেবে সম্মাননা লাভ করেন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন উপস্থিত বিশেষ অতিথিরা। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড।

২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবস এসেছে। এবারের প্রতিপাদ্য অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ—সব নারী ও মেয়েদের জন্য। জাতিসংঘ ঘোষিত এই প্রতিপাদ্যের মূল বক্তব্য হচ্ছে, নারীদের অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, সেটার বাস্তব প্রয়োগও করতে হবে।
২৮ মিনিট আগে
একটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনই তার ভবিষ্যৎ সুরক্ষার প্রথম ধাপ। জন্ম নিবন্ধন না থাকলে বয়স প্রমাণ করা যায় না, ফলে বাল্যবিবাহ প্রতিরোধে বড় বাধা তৈরি হয়। বাল্যবিবাহ কন্যাশিশুদের অপ্রাপ্তবয়স্ক মাতৃত্বের ঝুঁকি বাড়ায়, তাদের শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয় এবং সহিংসতার শিকার হওয়ার আশঙ্কাও...
১৮ ঘণ্টা আগে
ব্যাংকের সূচনালগ্ন থেকেই নারীর আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা স্বপ্নপূরণ এবং ক্যারিয়ার অগ্রগতিকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছে ব্র্যাক ব্যাংক। নারী উদ্যোক্তাদের সহায়তা, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার নানা উদ্যোগের মাধ্যমে...
২০ ঘণ্টা আগে
নারী কর্মজীবীদের মধ্যে অধিকাংশ চাকরি ছাড়ছেন পারিবারিক দায়িত্ব এবং মাতৃত্বের কারণে। কর্মজীবী নারীদের ৭৫ শতাংশই এই দুটি কারণে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে চাকরি থেকে বিরতি নিচ্ছেন বা পেশাগত জীবনে ইতি টানছেন। এ ছাড়া বিরূপ কর্মপরিবেশ, সামাজিক চাপ এবং উচ্চশিক্ষার কারণেও অনেকে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন।
৩ দিন আগে