Ajker Patrika

বিশ্বজুড়ে ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে প্রাণ হারাচ্ছে ৫ নারী ও মেয়েশিশু

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২১: ০৮
বিশ্বজুড়ে ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে প্রাণ হারাচ্ছে ৫ নারী ও মেয়েশিশু
প্রতীকী ছবি

নিজ ঘরেই নিরাপত্তাহীনতার শিকার নারী ও মেয়েশিশুরা। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। জাতিসংঘ বলছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েশিশু তাদের সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে। সেই হিসাবে বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও মেয়েশিশু নিজ সঙ্গী বা স্বজনের হাতে খুন হচ্ছে।

২৫ নভেম্বর ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করে জাতিসংঘ। এতে দেখা যায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে পরিকল্পিতভাবে খুন হওয়া ৭৮ হাজার নারী ও মেয়েশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশেরই জীবন কেড়ে নিয়েছে তাদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যরা।

এদিকে ইউএন উইমেনের বিচারিক সুবিধা (অ্যাকসেস টু জাস্টিস) সংক্রান্ত এক প্রতিবেদনে (৫৪টি দেশের তথ্যের ভিত্তিতে তৈরি) বলা হয়েছে, শারীরিক বা যৌন সহিংসতার শিকার নারীদের মাত্র ২৩ শতাংশ কোনো ধরনের সাহায্য চেয়েছে। পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে মাত্র ৭ শতাংশ নারী।

সংস্থাটি জানায়, নির্যাতনের শিকার ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ বা অভিযোগ জানাতে গিয়ে প্রায়শই আবাসন, আর্থিক নিরাপত্তা, সন্তানের অভিভাবকত্ব এবং নিজের প্রাণ হারানোর ঝুঁকিতে পড়ে। ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুমবোনজভান্দা জানান, যেসব দেশে দীর্ঘ সময় ধরে এই প্রবণতা পর্যবেক্ষণ করা হয়েছে, সেখানে সাহায্য চাওয়ার হার দিন দিন আশঙ্কাজনকভাবে কমছে।

জাতিসংঘ সদর দপ্তরে প্রতীকী প্রতিবাদ

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ১২৯টি কমলা রঙের পতাকা প্রদর্শন করা হয়। ২০২৫ সালের হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে নিজ সঙ্গী বা স্বজনের হাতে প্রাণ হারানো ১২৯ জন নারীর স্মরণে এই প্রতীকী প্রতিবাদ জানানো হয়।

অনুষ্ঠানে জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ অংশ নিয়ে বৈষম্যমূলক আইন বাতিল এবং অনলাইন প্ল্যাটফর্মে সহিংসতাসহ নারী নির্যাতনের দ্রুত তদন্ত ও বিচারের জন্য সব দেশের সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও তাদের প্ল্যাটফর্মে হওয়া সহিংসতার জন্য জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

অপরাধীদের বিচার নিশ্চিত ও ১৬ দিনের কর্মসূচি

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের কঠোর জবাবদিহির মুখোমুখি করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। তিনি ভুক্তভোগীদের জন্য গোপনীয় ও সহজ উপায়ে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, মানসিক পরামর্শ ও নিরাপদ আশ্রয়ের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের আহ্বান জানিয়ে বলেন, আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে পুরুষ ও ছেলেশিশুদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে যে মনোভাব বা আচরণ সহিংসতার জন্ম দেয়, তার বিরুদ্ধে তাঁদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বজুড়ে পালিত হচ্ছে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি। চলতি বছর এই কর্মসূচির মূল লক্ষ্য হলো বিচার পাওয়া সহজ করা, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধীদের শাস্তি এড়ানোর সংস্কৃতি বন্ধ করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত