Ajker Patrika

১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ
জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে ৩৯৮ জন ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ২৮০ জনই মেয়ে শিশু। এ সময়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩৭ জন, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ এসব তথ্য তুলে ধরে।

এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা। তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৩৯৮ জন ধর্ষণের শিকার হয়েছেন, যাদের মধ্যে ২৮০ জন মেয়ে শিশু ও ১০৯ জন নারী। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩৭ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪০ জনকে।

রেখা আরও জানান, এ ছাড়া ১৭০ জন ধর্ষণচেষ্টার এবং ২০৬ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। একই সময়ে বিভিন্ন কারণে ৪৯০ জন নারী ও মেয়ে শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ২৫৭ জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে।

লিগ্যাল এইড মুখপাত্র রেখা সাহা বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করলেও সহিংসতা, নির্যাতন ও বৈষম্য থেকে মুক্ত হতে পারেননি। বরং নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতার ধরন ও মাত্রা পরিবর্তিত হচ্ছে। পারিবারিক ও সামাজিক পরিসরের পাশাপাশি অনলাইন ও প্রযুক্তিনির্ভর সহিংসতা, সাইবার হয়রানি, নারীবিদ্বেষী প্রচারণা এবং ব্যক্তিগত ছবি ও বার্তার অপব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনার আলোকে পূর্ণাঙ্গ যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়ন, বিদ্যমান আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, ভুক্তভোগীদের আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা ও মনোসামাজিক কাউন্সেলিং নিশ্চিত করার সুপারিশ করে মহিলা পরিষদ।

পাশাপাশি জরুরি সহায়তা ও সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন, সাইবার সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারী ও শিশুর প্রতি ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া নারীর মানবাধিকার ও সম্পত্তিতে সমঅধিকার নিশ্চিত করা, ক্ষতিকর সামাজিক প্রথা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইন-২০১৭-এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বিয়ের বয়স নির্ধারণে স্থানীয় পর্যায়ে মনিটরিং ব্যবস্থা চালুরও সুপারিশ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে দেশে অনেক আইন, নীতিমালা ও কর্মসূচি গ্রহণ করা হলেও উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। নারীর সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান আইনগুলোর কার্যকর বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌন হয়রানি প্রতিরোধ আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন জরুরি।

মালেকা বলেন, নারীর সুরক্ষা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষ জনবল, প্রয়োজনীয় সম্পদ, জেন্ডার সংবেদনশীলতা ও কার্যকর সমন্বয়ের ঘাটতি দূর করতে হবে। বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা, বিচারিক প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এবং বিভিন্ন ধরনের হস্তক্ষেপ ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, নারীর প্রতি সহিংসতা একটি গুরুতর সামাজিক ব্যাধি। এটি শুধু নারীর ক্ষতি করে না, বরং সমগ্র সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এ সমস্যার স্থায়ী সমাধানে পারিবারিক ও সামাজিক সহযোগিতার পাশাপাশি রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ফওজিয়া মোসলেম আরও বলেন, পুরুষতান্ত্রিক সংস্কৃতি ও আধিপত্যবাদী মানসিকতা থেকেই মূলত বৈষম্য ও অপরাধের জন্ম হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে সমতার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত