দেশে কেরোসিন ও ডিজেলের দাম লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা কমায় গণপরিবহন বিশেষ করে বাস ভাড়া কিলোমিটার প্রতি ৩ পয়সা কমানোর ঘোষণা দিয়েছে সরকার। তবে বাস মিনিবাসের ন্যূনতম ভাড়া যথাক্রমে ১০ ও ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
কর্তৃপক্ষ এটিকে যৌক্তিক সমন্বয় বললেও এই ভাড়া কমানোর বিষয়টি গণপরিবহন ব্যবহারকারীদের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়!
কেন তামাশা বলছি, সেটা খোলাসা করা যাক। আমি দীর্ঘদিন রাজধানী ঢাকার কাজীপাড়া থেকে সদরঘাট রুটে নিয়মিত যাত্রী ছিলাম। এই রুটের কথাই বিবেচনা করা যাক। মিরপুর থেকে সদরঘাটের প্রায় ১৪ কিলোমিটার রাস্তায় বর্তমান ভাড়া ৩০ টাকা বা এর আশপাশেই হওয়ার কথা। নতুন সিদ্ধান্ত অনুসারে এই রুটে যদি কিলোমিটার প্রতি ৩ পয়সা ভাড়া কমানো হয়, তাহলে ১৪ কিলোমিটারে কমবে ৪২ পয়সা। সে ক্ষেত্রে নতুন ভাড়া হবে ২৯ টাকা ৫৮ পয়সা। এখন প্রশ্ন হলো, নতুন ভাড়া অনুসারে এই রুটের কোনো যাত্রী ৫০ টাকার নোট দিলে কন্ডাক্টর তাঁকে কত টাকা ফেরত দেবেন?
হিসাব অনুসারে, যাত্রী ৫০ টাকা দিলে ২০ টাকা ৪২ পয়সা ফেরত পাওয়ার কথা। কিন্তু কন্ডাক্টর এই ৪২ পয়সা খুচরা কোথায় পাবেন? বাংলাদেশে কি ১ টাকার নিচে কোনো পয়সা এখন পাওয়া যায়? স্মৃতি হাতড়ে বলতে পারি, বাংলাদেশে ৪ আনা বা ২৫ পয়সার মুদ্রাও উঠে গেছে বোধহয় দুই যুগ আগে। ৫ পয়সা অচল হয়ে পড়েছে গত শতাব্দীর শেষ দিকেই। আমরা যারা ২৮ / ৩০ বছর বয়সী তাদের স্মৃতিতে সম্ভবত ১ পয়সা বা দুই পয়সা তো দূরের কথা, ৫ পয়সা বা ১০ পয়সাও থাকার কথা নয়। বাস্তবিক অর্থে যে পয়সার প্রচলন নেই সে পয়সার গুণিতকে ভাড়া কমানোর বিষয়টি কেবল হাস্যকরই নয়, নাগরিকদের প্রতি উপহাসের নামান্তর!
কোনো যাত্রী যদি নতুন নির্ধারিত ভাড়া অনুসারে ন্যূনতম এক টাকা ফেরত পেতে চান, সে ক্ষেত্রে তাঁকে ৩৩ কিলোমিটারের বেশি ভ্রমণ করতে হবে। আবার ইদানীং এক টাকাও খুব বেশি দেখা যায় না। ফলে দুই টাকা ফেরত পেতে চাইলে যেতে হবে সাড়ে ৬৬ কিলোমিটারের বেশি। আর পাঁচ টাকা ফেরত পেতে চাইলে যেতে হবে ১৬৭ কিলোমিটার। অর্থাৎ, ঢাকার আশপাশে যারা থাকেন তাঁদের কদাচিৎ দু–এক টাকা ফেরত পাওয়ার সৌভাগ্য হতে পারে!
যারা দূরপাল্লার যাত্রী, তাঁরাও খুব একটা সুবিধা পাবেন বলে মনে হয় না। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে ঢাকা–জামালপুর রুটে বাসের কথা। এই রুটের দূরত্ব ১৭০ কিলোমিটারের কিছু বেশি। সেই বিবেচনায় ৫ টাকার কিঞ্চিৎ বেশি ভাড়া কমবে। সড়ক পথে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া থেকে সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফের দূরত্ব প্রায় ৯২০ কিলোমিটার। এই রুটে সর্বোচ্চ ভাড়া কমবে ২৭ টাকার কিছু বেশি।
এই কথাগুলো বলার পেছনের উদ্দেশ্য হলো, সরকার যে ভাড়া কমিয়েছে, যাত্রীদের বিবেচনায় সেটির অসারতা তুলে ধরা। জ্বালানি তেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া সমন্বয় করার নৈতিক দায় থেকে সরকার হয়তো ভাড়া কমিয়েছে। এতে যে যাত্রীদের বিন্দুমাত্র লাভ হবে না তা স্পষ্ট।
ঢাকা এবং অন্যান্য মহানগরী ও দূরপাল্লার যত বাস আছে সেখানেও খুব বেশি হেরফের হবে না। হওয়ার সুযোগই নেই। অন্তত হিসাব তা–ই বলে।
ফলে, ভাড়া যখন কমানোই হয়েছে তখন আরেকটু সচেতনভাবে বিষয়গুলো আমলে নিয়ে যাত্রীদের জন্য দৃশ্যমান সুবিধা দেয় এমন পর্যায়ে ভাড়া কমালে সেটি যৌক্তিক হতো। তা না হলে বাস কন্ডাক্টরদের এখন কয়েক দশক আগের এক পয়সা, পাঁচ পয়সা আর দশ পয়সার সন্ধানে নামতে হবে! মরিয়া হয়ে জিনের বাদশার শরণাপন্নও হতে পারেন!
লেখক: সহসম্পাদক, আজকের পত্রিকা

কখনো কখনো জীবনের কিছু গল্প শুনলে মনে হয়ে যেন সিনেমার কাহিনী। অবশ্য সিনেমাগুলো বাস্তবের ওপর নির্ভর করেই তৈরি হয় বেশির ভাগ সময়ই। কিন্তু বাস্তবতা কখনো কল্পনাকেও হার মানিয়ে দেয়। আর এমনই এক সিনেমাটিক জীবন মিনা ও মিনাল নামে দুই বান্ধবীর কিংবা বলা হয় দুই বোনের।
৫ ঘণ্টা আগে
নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
৪ দিন আগেগোসলের সময় প্রস্রাব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণ শুধু এই নয় যে, এতে এক ধরনের মুক্তি বা বিদ্রোহী রোমাঞ্চ অনুভূত হতে পারে। বরং গোসলের সময় প্রস্রাব করলে সামান্য হলেও পৃথিবীর পানিসম্পদ রক্ষা করা সম্ভব। বিষয়টি একটু হিসাব করে দেখা যাক।
৪ দিন আগে
মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
১২ দিন আগে