
ভেনেজুয়েলার তরুণ কায়াকার আদ্রিয়ান সিমানকাসের জীবনে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। সমুদ্রে কায়াকিং করার সময় একটি হাম্পব্যাক তিমির মুখে ঢুকে গিয়েছিলেন তিনি। তবে সৌভাগ্যক্রমে তিমিটি তাঁকে গিলে ফেলেনি, মুখ থেকে বের করে দিয়েছে। এই অভিজ্ঞতা সম্পর্কে আদ্রিয়ান বলেন, ‘আমি এক সেকেন্ডের জন্য বুঝতে পেরেছিলাম যে আমি কোনো প্রাণীর মুখের ভেতরে আছি। মনে হচ্ছিল এটি একটি অর্কা (ঘাতক তিমি) বা সামুদ্রিক দানব হতে পারে!’
২৩ বছর বয়সী আদ্রিয়ান সিমানকাস চিলির পাতাগোনিয়া উপকূলের ম্যাগেলান প্রণালিতে বাবার সঙ্গে কায়াকিং করছিলেন। হঠাৎ পেছন থেকে কিছু একটা তাঁকে আঘাত করে এবং তাঁকে পানির নিচে টেনে নেয়। তাঁর বাবা দাল সিমানকাস এই ঘটনাটি ভিডিওতে ধারণ করেছেন। তাঁর চোখের সামনে মাত্র কয়েক মিটার দূরে ঘটনাটি ঘটছিল।
বিবিসিকে আদ্রিয়ান বলেন, ‘আমি চোখ বন্ধ করেছিলাম। যখন আবার চোখ খুললাম, তখন বুঝতে পারলাম যে আমি তিমির মুখের ভেতরে আছি। আমি আমার মুখে একটি পিচ্ছিল কিছু অনুভব করলাম। চারপাশে শুধু গাঢ় নীল এবং সাদা রং দেখতে পাচ্ছিলাম।’ আদ্রিয়ান আরও বলেন, ‘আমি ভাবছিলাম যদি এটি আমাকে গিলে ফেলে, তাহলে কী করতে পারি? কারণ আমি এখানে থেকে আর লড়াই করতে পারব না।’
কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আদ্রিয়ান অনুভব করলেন যে তিনি পানির ওপরে উঠে আসছেন। তিনি বলেন, ‘আমি একটু ভয় পেয়েছিলাম যে, শ্বাস ধরে রাখতে পারব কিনা। কারণ আমি জানতাম না কত গভীরে আছি। মনে হচ্ছিল অনেক সময় লাগছে ওপরে উঠতে। কিন্তু শেষ পর্যন্ত আমি ওপরে উঠে আসলাম এবং বুঝতে পারলাম যে তিমিটি আমাকে গিলে ফেলেনি।’
আদ্রিয়ানের বাবা দাল সিমানকাস এই ঘটনা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি আদ্রিয়ান নেই। এক সেকেন্ডের জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু এরপর তাকে সমুদ্রের জলে ভেসে উঠতে দেখলাম। তারপর আমি একটি বিশাল শরীর দেখতে পাই, যা দেখে আমি বুঝতে পারি এটি একটি তিমি।’
দাল তাঁর কায়াকের পেছনে একটি ক্যামেরা লাগিয়েছিলেন। ওই ক্যামেরায় এই অবিশ্বাস্য ঘটনাটি ধারণ করা হয়েছে। ভিডিওটি দেখে আদ্রিয়ান নিজেও তিমিটির বিশাল আকার দেখে অবাক হয়ে যান। তিনি বলেন, ‘আমি তিমিটির পিঠ এবং পাখনা দেখতে পাইনি, শুধু শব্দ শুনেছিলাম। কিন্তু ভিডিও দেখে বুঝতে পারলাম, এটি কত বড় ছিল! যদি আমি আগেই দেখতাম, তাহলে আরও ভয় পেতাম।’
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, হাম্পব্যাক তিমির খাদ্যনালী খুবই সরু, যা সাধারণত ছোট মাছ এবং চিংড়ি গিলতে পারার উপযুক্ত। ব্রাজিলের সংরক্ষণবাদী রোচেড জ্যাকবসন সেবা বলেন, ‘হাম্পব্যাক তিমি শারীরিকভাবে কায়াক, টায়ার বা টুনার মতো বড় জিনিস গিলতে পারে না। তাই তিমিটি আদ্রিয়ানকে মুখ থেকে বের করে দিয়েছে।’
সেবা আরও বলেন, ‘তিমিটি সম্ভবত একদল মাছ শিকার করার সময় অজান্তেই কায়াকটিকে মুখে নিয়ে ফেলেছিল। তিমিরা যখন দ্রুত পানির ওপরে উঠে আসে, তখন তারা তাদের পথে থাকা জিনিসগুলোকে অজান্তে আঘাত করে বা মুখে নিয়ে ফেলে।’
এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে কাজ করে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব এলাকায় তিমি সাঁতার কাটে, সেখানে প্যাডেল বোর্ড, সার্ফবোর্ড বা অন্যান্য নিঃশব্দ জলযান ব্যবহার করা উচিত নয়। তিমি দেখার জন্য বা গবেষণার জন্য ব্যবহৃত নৌকাগুলোতে সব সময় ইঞ্জিন চালু রাখতে হবে, কারণ শব্দ হলে তিমিরা এগুলোর উপস্থিতি বুঝতে পারে।
আদ্রিয়ান এই অভিজ্ঞতাকে তাঁর জীবনের একটি ‘দ্বিতীয় সুযোগ’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে ভাবতে বাধ্য করেছে যে, আমি এর আগে কী কী ভালো কাজ করতে পারতাম, কীভাবে আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারি এবং এর মূল্য দিতে পারি।’

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
১ ঘণ্টা আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৬ দিন আগে
মুম্বাইয়ের গুণ্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মজার এক কাণ্ড। যাত্রীরা মজা করে তাকে চাকরি দেওয়ার দাবি তুলতেই মেট্রো কর্তৃপক্ষও সেই রসিকতায় সায় দিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার।’
৬ দিন আগে
জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা ফেলে চলে গিয়েছিলেন বাবা। শিশুটির কাছে কেবল একটি কোমল পানীয় এবং সামান্য কিছু হালকা খাবার (স্ন্যাকস) ছিল। কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে ২ হাজার মিটারের (৬,৫০০ ফুট) বেশি উচ্চতায় একটি বেঞ্চে শিশুটি একা বসে ছিল।
৭ দিন আগে