
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক সুসানা রেইসের উপস্থিতিতে ৫৯ বছর বয়সী রুডিগার কচ ৩০ বর্গমিটার আয়তনের ক্যাপসুল থেকে বের হয়ে আসেন। রেইস নিশ্চিত করেছেন, কচ টানা ১২০ দিন পানির নিচে থেকে আগের রেকর্ডটি ভেঙেছেন। এর আগে জোসেফ ডিটুরি নামের এক মার্কিন নাগরিক পানির নিচে টানা ১০০ দিন কাটিয়ে এ রেকর্ড গড়েছিলেন।
ক্যাপসুল থেকে বেরিয়ে কচ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমার জন্য এটি দারুণ এক অভিজ্ঞতা। তবে এখন শেষ হওয়ায় কিছুটা আফসোস হচ্ছে! পানির নিচে থাকার সময়টা আমি খুব উপভোগ করেছি।’
কচ তাঁর অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে বলেন, ‘সন্ধ্যাবেলা যখন চারপাশ শান্ত হয়ে যায় এবং অন্ধকার নামে, তখন সমুদ্রের আলোর খেলা অসাধারণ লাগত। এই ব্যাপারটা ভাষায় প্রকাশ করা অসম্ভব, আপনাকে অনুভব করতে হবে।’
কচ পানির নিচ থেকে ওপরে এসেই শ্যাম্পেন ও একটি চুরুট টেনে রেকর্ড উদ্যাপন করেন। এরপর ক্যারিবীয় সাগরে ডুব দেন। পরে একটি নৌকা তাঁকে ডাঙায় নিয়ে যায়। সেখানে কচের সম্মানার্থে ছোট একটি উৎসবের আয়োজন করা হয়।
কচের ডুবো ক্যাপসুলটির ভেতরে বসবাসের আধুনিক অনেক সুবিধা ছিল। এসবের মধ্যে ছিল একটি বিছানা, টয়লেট, টিভি, কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, এমনকি একটি ব্যায়ামের সাইকেল। পানিতে ভাসমান একটি সোলার প্যানেল থেকে ক্যাপসুলে বিদ্যুৎ সরবরাহ করা হতো। এ ছাড়া ছোট একটি ব্যাকআপ জেনারেটরও ছিল। কিন্তু ক্যাপসুলে শাওয়ার ছিল না। শুধু খাদ্য সরবরাহ এবং দর্শনার্থীদের জন্য সর্পিল সিঁড়িযুক্ত একটি টিউবের ব্যবস্থা ছিল।
কচের ভাষ্যমতে, এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল পানির নিচে মানুষের জীবনধারণের সম্ভাবনা পরীক্ষা করা। তিনি বলেন, ‘আমরা দেখতে চেয়েছি, মানবজাতির সম্প্রসারণ ও বসবাসের জন্য সমুদ্রের তলদেশ উপযোগী কি না।’

ক্যাপসুলে চারটি ক্যামেরা যুক্ত ছিল। যেগুলোর মাধ্যমে পানির নিচে কচের প্রতিদিনের মুহূর্তগুলো ধারণ করা হয়েছে। এ ছাড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর নজর রেখেছে এবং নিশ্চিত করেছে, তিনি ১২০ দিনের আগে একবারও ভূপৃষ্ঠে ওঠেননি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সুসানা রেইস বলেন, ‘এই রেকর্ড নিঃসন্দেহে ব্যতিক্রমী এবং এর জন্য রুডিগার কচকে অনেক পরিশ্রম করতে হয়েছে।’
এই দীর্ঘ সময়ে ক্যাপসুলের ভেতর রুডিগার কচের সঙ্গী ছিল জুল ভার্নের ক্ল্যাসিক উপন্যাস ‘টুয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি’।

প্রায় ৪৪ বছর আগে ১০ বছর বয়সী এক কিশোরীর লেখা একটি চিঠি পাওয়া গেছে যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে। বাড়ির সিঁড়ির ভেতরের একটি ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ছিল চিঠিটি। সম্প্রতি বাড়ির সংস্কারকাজের সময় এটি উদ্ধার করেন এক নির্মাণকর্মী।
২ দিন আগে
ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
১০ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১৪ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৫ দিন আগে