স্পেনের কাদিজ প্রদেশের ছোট্ট এক শহর সেতেনিল দ্য লস বোদেগাস। আকারে ছোট হলে কী হবে, ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে এটি অনেক পুরোনো। তবে পর্যটকেরা একে চিনেছে অন্য একটি কারণে, শহরের বড় একটি অংশই পাহাড়ের একটা চাতাল বা ঝুলে থাকা বড় এক পাথরের নিচে। তেমনি এখানকার অনেক বাড়িই তৈরি করা হয়েছে গুহার মধ্যে।
মাত্র হাজার তিনেক জনসংখ্যার শহর এটি। ছোট্ট নদী রিও ট্রেজোর স্রোতে সৃষ্টি এক গিরিসংকটে পুরোনো শহরের বড় একটি অংশের অবস্থান। রিও ট্রেজোই শহরটিকে দুই ভাগ করে দিয়েছে। ২ হাজার বছর আগে এই এলাকায় রোমান আগ্রাসনের সময়ও জনবসতি ছিল। কারো কারো মতে, এমনকি তারও কয়েক হাজার বছর আগেও এখানকার গুহাগুলোয় বাস করত মানুষ। তবে সেতেনিল দ্য লস বোদেগাস শহর হিসেবে আত্মপ্রকাশ করে বারো শতক কিংবা এর কিছু আগে। মুররা তখন এই শহরের গোড়াপত্তন করেন। একে ঘিরে থাকা পাথুরে দেয়ালগুলো প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে ব্যবহার করেন।
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের বেশ কিছু শহর আছে, যেগুলো সাদা দালানের জন্য বিখ্যাত। এগুলো পুয়েবলোস ব্লাংকোস কিংবা সাদা গ্রাম বা শহর নামে পরিচিত। সেতেনিল দ্য লস বোদেগাস এ রকম সাদা দালানের শহর।
সূর্যের আলো প্রতিফলিত হওয়া এবং দালানগুলো শীতল করার জন্য এই সাদা রং ব্যবহার করা যায়। ইতিহাসের বিভিন্ন সময় এখানে বসতি গাড়া নানা জাতি-গোষ্ঠী তাদের রুচি, চিন্তা-ভাবনা ফুটিয়ে তুলেছে শহরটিতে। এ কারণে সেতেনিল দ্য লস বোদেগাসের স্থাপনাগুলোতে নানা ধরনের শৈলীর একটা মিশ্রণ চোখে পড়ে।
জানা যায় স্পেনীয়দের একের পর এক আক্রমণের সময় মুররা এই শহরে অবস্থান করে আত্মরক্ষা করেন। কারও কারও ধারণা, সেতেনিল দ্য লস বোদেগাস নামটি দিয়ে বোঝায় শহরে স্পেনীয়দের সাতটি আক্রমণকে। প্রথম ছয়টি সফলতার সঙ্গে প্রতিহত করে মুররা। তবে সপ্তমবারে আত্মসমর্পণে বাধ্য হয়। এমনিতে মুরদের শহরগুলো পাহাড়ের ওপর গড়ে উঠলেও এই শহর গড়ে ওঠে গুহার মধ্যে পাথরের নিচে। কারও কারও অবশ্য ধারণা, স্থানীয়ভাবে উৎপাদিত ওয়াইনের পাতালে সংরক্ষণের বিষয়টি শহরের নামে প্রতিফলিত হয়েছে।
অবশ্য নামে কী আসে-যায়! পর্যটকেরা তো আর নাম দেখে সেখানে যান না, তাঁরা যান এখানকার পাথরের তাকের তলের বসতি দেখতে। শহরের অনেক বাড়ি-ঘর কিংবা দোকানে প্রাকৃতিক ছাদের কাজ করছে পাথুরে তাক। অনেক সড়কের ওপরেও পাবেন ঝুলন্ত এই পাথুরে দেয়াল। বিশেষ করে বিশাল ওই পাথুরে তাকটা, যেটা সাদা বাড়িতে ভরা গোটা একটা এলাকাকে ঢেকে রেখেছে সেটি সবচেয়ে বেশি আকৃষ্ট করে পর্যটকদের। দক্ষিণ স্পেনের উষ্ণ গ্রীষ্মে এটি ছায়া আর শীতলতা দেয় মানুষকে। ঝুলে থাকা পাথরের ওপরও বাড়ি আছে। এভাবে পাথরের কারণে প্রাকৃতিকভাবে আলাদা হয়ে কয়েকটি স্তরে দাঁড়িয়ে আছে বাড়িগুলো। পাথর আর বাড়িঘরগুলো এভাবে বিন্যস্ত হয়ে আছে যে যখন কোনো পর্যটক শহরের ভেতর দিয়ে যখন হাঁটেন, তখন পাথরের চারপাশে বাড়ি-ঘর গড়ে উঠেছে নাকি বাড়ির চারপাশে পাথর, সেই হিসাব মেলাতে গিয়ে ধন্দে পড়েন।
অবশ্য পুরোনো শহরের উত্তর দিকটা, যেখানে রিও ট্রেজো একটা কড়া মোচর নিয়েছে, সেই জায়গাটা বেশ খোলামেলা। এখানকার রাস্তাটা ধরে হেঁটে গেলে নদী, গিরিখাদের দারুণ দৃশ্য পাবেন।
শহরে করার মতো অনেক কিছুই আছে। পাহাড়ের গায়ের সাদা বাড়ি কিংবা ছোট্ট গুহার ভেতরের দোকানগুলো দেখতে দেখতে সরু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা। দোকান এমনকি রাস্তার পাশের পাথুরে দেয়ালে শোভা পায় ফুলদানি। তাতে শোভা পাচ্ছে বর্ণিল সব ফুল।
সেলে কুয়েভাস দেল সোল বা সূর্যের গুহা সড়ক শহরের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তা। পাথরের তাকের নিচে অবস্থিত রাস্তাটির পাশে চমৎকার কিছু রেস্তোরাঁ আছে। নদীতীরে ভালোমতো একটি আসন দখল করতে পারলে ঝুলে থাকা বিশাল পাথর আর গিরিখাদের অসাধারণ দৃশ্য উপভোগের সুযোগ মিলবে। আবার ছোট্ট কোনো একটি সেতু ধরে চলে যেতে পারেন সেলে কুয়েভাস দে লা সোম্ব্রা নামের আর একটি পাথরতলের সড়ক বা গুহা সড়কে। এই দুটোতে কয়েকবার আসা-যাওয়া করে হয়তো সিদ্ধান্তে আসতে পারবেন, শহরের সবচেয়ে বিখ্যাত রাস্তা দুটির মধ্যে কোনটি আপনাকে বেশি আকৃষ্ট করেছে।
সেলে কুয়েভাস দেল সোলকে আপনার বেশি উজ্জ্বল মনে হবে, কারণ আলোর প্রবেশ বেশি এখানে। সেলে কুয়েভাস দে লা সোম্ব্রা কিছুটা অন্ধকার হলেও এতেই গুহা-সড়কের আমেজটা বেশি পাবেন আপনি। রাস্তার মূল অংশটি আবার একটি সুড়ঙ্গ। সেলে কুয়েভাস দে লা সোম্ব্রার দোকানগুলোয় ঢুকলে বেশ একটা গুহা গুহা আমেজ পেলেও আপনার জন্য অবশ্য কর্তব্য স্থানীয়দের বাস করা একটি গুহা-বাড়িতে ঢুকে দেখা। পাহাড়ের ওপরে অবস্থিত মুরদের দুর্গের ধ্বংসাবশেষ দেখতে যাবেন যে রাস্তা ধরে, সেটিও অসাধারণ। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পাথরের নিচে দৃষ্টিনন্দন শৈলীর ঘর-বাড়ি দেখে চোখ জুড়াবে। শহরের গির্জাগুলো দেখতে ভুলবেন না যেন! আর থাকবেন কোথায়? অবশ্যই পাথরের চাতালের নিচের কিংবা গুহার ভেতরের কোনো হোটেলে!
সূত্র: এটলাস অবসকিউরা, রুটিনলি নোমাডিক.কম, এমিউজিং প্ল্যানেট

নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
৩ দিন আগেগোসলের সময় প্রস্রাব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণ শুধু এই নয় যে, এতে এক ধরনের মুক্তি বা বিদ্রোহী রোমাঞ্চ অনুভূত হতে পারে। বরং গোসলের সময় প্রস্রাব করলে সামান্য হলেও পৃথিবীর পানিসম্পদ রক্ষা করা সম্ভব। বিষয়টি একটু হিসাব করে দেখা যাক।
৩ দিন আগে
মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
১১ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
১২ দিন আগে