টাকাপয়সার বিরুদ্ধে যত দার্শনিক কথাই হোক না কেন, টাকাপয়সা যে জীবনের জন্য খুব দরকারি, এ কথা না মেনে কি উপায় আছে? রাশিয়ার মানুষের অবস্থাও বাংলাদেশের মানুষের মতো। ওখানেও হাজার কোটি টাকা মেরে দিতে পারে কেউ, আর লাখ লাখ মানুষ শুধু টাকার অভাবে দীর্ঘশ্বাস ফেলে। আমি কি লাখ লাখ বললাম? থুককু, আসলে আমি কোটি কোটি মানুষের কথাই বলতে চেয়েছিলাম। আসলে কথাটা এভাবেও বলা যায়: কয়েকজন মানুষের পকেটে থাকে কোটি কোটি টাকা, আর কোটি কোটি মানুষের পকেটে থাকে কয়েকটি টাকা।
যাক, একটু রাশিয়ার টাকার জগৎ থেকে ঘুরে আসা যাক।
১.
কথা হচ্ছে দুই বন্ধুর মধ্যে।
১ম বন্ধু: তুমি বলছ, বেঁচে থাকার জন্য টাকা গুরুত্বপূর্ণ নয়? সুখই গুরুত্বপূর্ণ?
২য় বন্ধু: না, আমি টাকা বা সুখ, কোনোটাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করি না।
১ম বন্ধু: তাহলে গুরুত্বপূর্ণ কী?
২য় বন্ধু: সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্য। এইম ইন লাইফ!
১ম বন্ধু: তাহলে তো সব ঠিকই আছে। আমার জীবনের লক্ষ্য হলো, অনেক টাকা কামাব এবং সুখী হব!
২.
১ম বন্ধু: তুই টাকাগুলো কোনভাবে রাখিস? ডলার করে, নাকি ইউরো করে?
২য় বন্ধু: টাকাগুলো আছে আমার স্মৃতিতে। বাস্তবে নেই।
৩.
টাকা হাতে পেলে পুরুষ নিজেকে শুধু পুরুষই মনে করে, আর মেয়েরা মনে করে, সে মানুষ হয়েছে!
৪.
আমার কাছে এখন কত টাকা আছে জানেন? আমার কাছে যত টাকা আছে, তা দিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারব। তবে শর্ত একটাই—সে ক্ষেত্রে দুপুরে খাবার পর আমাকে আত্মহত্যা করতে হবে।
৫.
এলিয়ানরা এসেছে পৃথিবীতে। মহাশূন্যে যতগুলো বুদ্ধিমান প্রাণী রয়েছে, তার তালিকা রয়েছে তাদের হাতে। মানুষও বুদ্ধিমান প্রাণী, তাই মানুষের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছে তারা।
—আপনাদের এই গ্রহে এত জমি, পানি এবং আলো, তারপরও কেন আপনাদের গ্রহে মানুষ খেতে পায় না?
—টাকা নাই।
—আপনাদের সবকিছু আছে, তারপরও পৃথিবীতে এত গৃহহীন মানুষ কেন?
—কারণ, টাকায় কুলায় না।
—আপনাদের গ্রহটাকে আপনারা গ্যাসে গ্যাসে ভরে ফেলছেন কেন?
—টাকা নেই যে, অন্য কোনো উপায়ে কার্বন নিঃসরণ বন্ধ করব।
—আপনাদের গ্রহে এত অসুস্থ মানুষ কেন? এদের তো ইচ্ছে করলেই সুস্থ করে তোলা যায়।
—কারণ আমাদের অত টাকা নেই।
—এই যে টাকা টাকা বলছেন, এটা আসলে কোন ধরনের প্রাকৃতিক সম্পদ? কোথায় এর চাষবাস হয়? আমরা কি অন্য গ্রহ থেকে এই টাকা এনে আপনাদের অভাব মোচন করতে পারি?
—টাকা চাষবাস করে হয় না। ওটা আমরা নিজেরাই ছাপাই।
এই কথা শুনে লা–জওয়াব, হয়ে এই এলিয়েনের দল ‘বুদ্ধিমান’ প্রাণীর বাসস্থানের তালিকা থেকে পৃথিবীর নাম কেটে উড়ে গেল গ্রহান্তরে।
৬.
আমার হাতে টাকা নেই, এটা খুব যন্ত্রণাকর অবস্থা। কিন্তু তার চেয়ে বেশি যন্ত্রণাকর হলো, আমার পড়শির হাতে টাকা আছে!
৭.
—আপনি কি আপনার পুঁজি ডবল করতে চান?
—অবশ্যই চাই।
—তাহলে আপনার সব টাকা নিয়ে আয়নার সামনে রাখুন।
৮.
ভেবে দেখুন একবার, কী সুখই না হতো, যদি টাকায় টাকায় মিলন হতো আর তাদের ভালোবাসার ফলে জন্ম নিত শিশু টাকা! এদের বেড়ে ওঠার জন্য আমরা সবাই আমাদের মানিব্যাগগুলো সঁপে দিতাম। আমাদের মানিব্যাগেই একের পর এক টাকার বাচ্চার জন্ম হোক না!
৯.
টাকা যদি গাছে ধরত, তাহলে কোনো সন্দেহ নেই, মানুষের সবচেয়ে প্রিয় ঋতু হতো শরৎ! ঝরা পাতা গো, আমি তোমারই দলে...
১০.
যদি কোনো মানুষের কাছে অনেক দিন থাকার পরও টাকা মানুষটাকে নষ্ট করতে না পারে, তাহলে সে রাগে-দুঃখে অন্য মানুষকে নষ্ট করার জন্য তাকে ছেড়ে যায়।
১১.
বিনিয়োগকারী তার পরামর্শদাতাকে বলছেন: আমার টাকাগুলো কি তাহলে জলে গেল?
—না না, জলে যাবে কেন? তারা এখন অন্য মালিক খুঁজে পেয়েছে।
রিজার্ভ বেঞ্চ
ভেবে দেখেছেন? টাকা মানুষকে বিচ্ছিন্ন করে, টাকা না থাকলে মানুষ ঐক্যবদ্ধ হয়।
আরও পড়ুন

ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
৩ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
৭ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
৮ দিন আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
৮ দিন আগে