Ajker Patrika

দুপুর থেকে ফেসবুক ডাউন, ফিরল বিকেলে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৬: ২২
দুপুর থেকে ফেসবুক ডাউন, ফিরল বিকেলে
ছবি: সংগৃহীত

দুপুর থেকে বড় ধরনের কারিগরি বিভ্রাটের মুখে পড়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ রোববার দুপুর ১২টার পর থেকে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে বিকেল ৪টার দিকে আবার স্বাভাবিক হয়েছে।

ফেসবুক ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রবেশ করতে গেলে ব্যবহারকারীদের স্ক্রিনে একটি সাময়িক ত্রুটির বার্তা প্রদর্শিত হচ্ছিল। মেটা কর্তৃপক্ষের দেওয়া ওই বার্তায় বলা হয়: ‘সাইটের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি এই মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি দ্রুতই সমস্যার সমাধান হবে। দয়া করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জানিয়েছেন, হঠাৎ করেই তাদের সেশন আউট হয়ে যায় এবং পুনরায় লগ-ইন করার চেষ্টা করার সময় এই ত্রুটিপূর্ণ বার্তাটি দেখায়। কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারকারীরা তাদের হোম পেজ বা ফিড লোড করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

ফেসবুক ডাউন, বিভ্রাটের মুখে কোটি কোটি ব্যবহারকারী
ফেসবুক ডাউন, বিভ্রাটের মুখে কোটি কোটি ব্যবহারকারী

ইন্টারনেট বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ (Downdetector)-এর তথ্য অনুযায়ী, আজ দুপুর থেকে ফেসবুকের সার্ভার ডাউন হওয়ার বিষয়ে হাজার হাজার ব্যবহারকারী রিপোর্ট করেছেন। বিশেষ করে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই সমস্যার বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।

ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়ে অনেক ব্যবহারকারী অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ‘এক্স’ (সাবেক টুইটার)-এ তাদের প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ করছেন। সেখানে অনেকেই ফেসবুকের এই ত্রুটিপূর্ণ বার্তার স্ক্রিনশট শেয়ার করছেন।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’র পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও, ব্যবহারকারীদের স্ক্রিনে দেখানো বার্তার মাধ্যমে প্রতিষ্ঠানটি সাময়িক এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

বিকেলে ওয়েবসাইট স্বাভাবিক হওয়ার পরও ফেসবুক বা মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাধারণত মেটার প্রধান ডেটা সেন্টারে কোনো ত্রুটি, ডোমেইন নেম সিস্টেম (DNS) বা রাউটিং কনফিগারেশনে ভুলের কারণে এই ধরনের বৈশ্বিক বিভ্রাট ঘটে থাকে। এর আগেও মেটার মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে এ ধরনের বড় কারিগরি জটিলতা দেখা দিয়েছিল, যা কয়েক ঘণ্টার চেষ্টায় সমাধান করা সম্ভব হয়েছিল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্টে সমস্যাটি অপরিবর্তিত রয়েছে। মেটা দ্রুতই পুরো পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত