
বাংলাদেশ থেকে আনফিল্টার্ড ইন্টারনেট পরিবহনের অনুমতি পেয়েছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। সরকারের অনুমোদনের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিষ্ঠানটিকে এই অনুমতি দিয়েছে।
এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী আজকের পত্রিকাকে বলেন, স্টারলিংক বিভিন্ন দেশে থাকা তাদের হাবগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য অনুমতি চেয়েছিল। যেমন সিঙ্গাপুর, ওমানসহ বিভিন্ন দেশে তাদের নিজস্ব নেটওয়ার্ক হাব রয়েছে। সেগুলোর মধ্যে ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে বাংলাদেশকে একটি রুট হিসেবে ব্যবহার করতে চায় প্রতিষ্ঠানটি। এটি কোনো দেশের গ্রাহককে সরাসরি ইন্টারনেট সেবা দেওয়ার বিষয় নয়। বরং স্টারলিংকের এক নেটওয়ার্ক হাব থেকে আরেক হাবে ডেটা পরিবহনের বিষয়।
বিটিআরসি চেয়ারম্যান আরও জানান, স্টারলিংকের যুক্তি ছিল, তাদের হাবগুলোতে যদি বাংলাদেশের প্রচলিত ফিল্টারিং ব্যবস্থার মধ্য দিয়ে ইন্টারনেট পাঠাতে হয়, তাহলে অপ্রয়োজনীয় বিলম্ব তৈরি হবে। তাই তারা এই আন্তর্জাতিক ট্রানজিট সংযোগের জন্য আনফিল্টারড ইন্টারনেট পরিবহনের অনুমতি চেয়েছিল।
কোনো স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের অনুমতি দেওয়ার ঘটনা এটিই প্রথম। এর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ইন্টারনেট সরবরাহের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির আজকের পত্রিকাকে বলেন, স্টারলিংককে এই অনুমতি দেওয়ার ফলে বাংলাদেশ একটি আঞ্চলিক ডেটা কানেকটিভিটি হাব হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে, যা ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশে নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট সেবা দিতে ২০২৫ সালের ২৯ এপ্রিল বিটিআরসির লাইসেন্স পায় স্টারলিংক। পরের মাসে বাংলাদেশে তাদের বাণিজ্যিক সেবা চালু হয়। এরপর গত বছর ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন এ কোম্পানিটি।
বর্তমানে বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য দুটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরের কাছ থেকে ৮০ জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে স্টারলিংক।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকেই প্রতিবেশী দেশগুলোতে ইন্টারনেট পরিবহনের অনুমতি নেওয়ার প্রক্রিয়া শুরু করে স্টারলিংক। গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে তারা প্রতিবেশী দেশগুলোতে ইন্টারনেট ট্রাফিক পরিবহনে বাংলাদেশি অপারেটরদের কাছ থেকে আইপিএলসি সংযোগ এবং আনফিল্টার্ড আইপি ট্রানজিট ব্যবহারের আবেদন জানায়। গত বছরের শেষ দিকে স্টারলিংক ও ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) অপারেটরদের সঙ্গে কয়েক মাসের অভ্যন্তরীণ আলোচনা হয়।
বিটিআরসির কর্মকর্তারা জানান, কারিগরি পর্যালোচনা ও চিঠিপত্র আদান-প্রদানের পর গত ফেব্রুয়ারিতে বিটিআরসি স্টারলিংককে আনফিল্টার্ড ইন্টারনেট সরবরাহের অনুমতি দিতে মন্ত্রণালয়ের অনুমোদন চায়। অনুমোদন পাওয়ার পরই সম্প্রতি তাদের এই অনুমতি দেওয়া হয়েছে।
সরকারের এই অনুমোদনের পর, বিটিআরসি আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট অ্যাকটিভেশন বিষয়ক পরিচালক রেবেকা হান্টারকে একটি ইমেইলের মাধ্যমে প্রয়োজনীয় রেগুলেটরি ক্লিয়ারেন্স বা নিয়ন্ত্রণমূলক ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছে।
অনুমোদনের প্রক্রিয়া অনুযায়ী, মূল ব্যান্ডউইথ সরবরাহকারী হবে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। স্টারলিংককে ব্যান্ডউইথ দিতে বিএসসিসিএলকেও বিটিআরসি চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।
বিটিআরসি চেয়ারম্যান জানান, বাংলাদেশ থেকে আনফিল্টার্ড ইন্টারনেট সরবরাহের ঘটনা এটাই প্রথম নয়। অতীতেও প্রতিবেশী দেশে আনফিল্টার্ড ব্যান্ডউইথ সরবরাহ করা হয়েছে৷ সংশ্লিষ্টরা জানান, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতের বিএসএনএলকে বিভিন্ন চুক্তির অধীনে ২০ জিবিপিএস পর্যন্ত আনফিল্টার্ড আইপি ট্রানজিট সরবরাহ করেছিল বাংলাদেশের বিএসসিসিএল।

২০১৬ সালের কথা। দেশের গমচাষিরা হয়তো এখনো ভুলে যেতে পারেননি সেই দুঃস্বপ্নের কথা। একদিন সকালে তাঁরা খেতে গিয়ে দেখতে পেলেন, সবুজ-সোনালি শিষগুলো রাতারাতি সাদা হয়ে গেছে। প্রথমে কেউ বুঝতেই পারেননি কী হয়েছে। পরে জানা গেল, এশিয়ার মাটিতে এই প্রথম হানা দিয়েছে গমের ব্লাস্ট রোগ।
৮ ঘণ্টা আগে
সৃষ্টির জন্য বয়স যে কোনো সমস্যা নয়, তার বহু উদাহরণ আছে পৃথিবীতে। এর সাম্প্রতিক উদাহরণ মানা জাম্পালা। এআই প্রযুক্তির যুগে জন্ম ও বেড়ে ওঠা মানা যে এই প্রযুক্তিতে কিছু করে ফেলবে, সেই রাস্তা যেন তৈরিই ছিল।
৯ ঘণ্টা আগে
সাধের ওয়াই-ফাই কানেকশনটি হুটহাট স্লো হয়ে যাওয়া কিংবা বাফারিং করা এক চরম বিরক্তিকর অভিজ্ঞতা। অনেক সময় আমরা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা রাউটারকে দোষ দিই। কিন্তু ১৯৯৩ সালে বিশ্বের প্রথম বড় ওয়াই-ফাই নেটওয়ার্ক তৈরির কারিগর কার্নেগি মেলন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেক্স হিলস জানান...
৯ ঘণ্টা আগে
আদিগন্ত অন্ধকার আর হাড়কাঁপানো ঠান্ডা। চারপাশে নিঃসীম শূন্যতা, নেই কোনো সাড়াশব্দ। আমাদের চেনা পৃথিবী থেকে প্রায় ৫ দশমিক ৯ বিলিয়ন মাইল দূরে সৌরজগতে একাকী ভাসছে একটি মানবসৃষ্ট বস্তু। ২০২৫ সালের আগস্ট থেকে সেটি নিথর অবস্থায় ছিল। কোনো শক্তি নেই, কোনো সাড়া নেই।
১০ ঘণ্টা আগে