
মাইক্রোসফটের শেয়ার পয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএনএসএ) সিস্টেমে বা ব্যবস্থায় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। বিষয়টি সম্পর্কে জানা একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
সূত্র জানিয়েছে, এ হামলার ফলে এখন পর্যন্ত কোনো গোপন বা সংবেদনশীল তথ্য চুরি হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। তবে, এনএনএসএর পাশাপাশি জ্বালানি মন্ত্রণালয়ের অন্যান্য বিভাগও এই হামলার শিকার হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত এই শাখা পারমাণবিক অস্ত্র তৈরি ও ধ্বংস করা, নৌবাহিনীর সাবমেরিনের জন্য চুল্লি সরবরাহ এবং রেডিও বিকিরণসংক্রান্ত জরুরি অবস্থায় সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সংস্থাটি সন্ত্রাসবিরোধী তৎপরতা এবং পারমাণবিক অস্ত্র সারা দেশে পরিবহনের কাজেও যুক্ত।
হামলার বিষয়ে জানতে চাইলে সংস্থাটি জ্বালানি মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেয়।
জ্বালানি মন্ত্রণালয়ের এক মুখপাত্র ই-মেইলে জানান, ‘গত শুক্রবার, ১৮ জুলাই, মাইক্রোসফট শেয়ারপয়েন্টের একটি জিরো-ডে দুর্বলতার সুযোগ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সিস্টেমে সাইবার হামলা শুরু করে। তবে মাইক্রোসফট এম ৩৬৫ ক্লাউড ব্যবহারের পরিমাণ বেশি এবং আমাদের সাইবার নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত দক্ষ হওয়ায় প্রভাব ছিল ন্যূনতম। খুবই সীমিতসংখ্যক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সব সিস্টেম পুনরুদ্ধার করা হচ্ছে।’
উল্লেখ্য, ২০২০ সালেও একটি বড় সাইবার হামলার শিকার হয়েছিল এনএনএসএ, যেখানে সোলার উইন্ডস করপোরেশনের একটি বহুল ব্যবহৃত সফটওয়্যারে ক্ষতিকর ম্যালওয়্যার সংক্রামিত হয়েছিল। সেই সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘এই ম্যালওয়্যার কেবল বাণিজ্যিক নেটওয়ার্কেই সীমাবদ্ধ ছিল।’
মাইক্রোসফট জানিয়েছে, এবারের সাইবার হামলার জন্য তারা চীন সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকারদের দায়ী করছে। এই হ্যাকাররা শেয়ারপয়েন্ট সফটওয়্যারের ত্রুটি কাজে লাগিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থার তথ্যব্যবস্থায় অনুপ্রবেশ করেছে।
ব্লুমবার্গ জানিয়েছে, কিছু ক্ষেত্রে হ্যাকাররা ব্যবহারকারীদের সাইন-ইন ক্রেডেনশিয়ালস, যেমন: ইউজারনেম, পাসওয়ার্ড, হ্যাশ কোড এবং টোকেন পর্যন্ত চুরি করেছে।
শুধু জ্বালানি মন্ত্রণালয় নয়, এই হ্যাকাররা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জাতীয় সরকার, যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তর, ফ্লোরিডার রাজস্ব বিভাগ এবং রোড আইল্যান্ড সাধারণ পরিষদের সিস্টেমেও ঢুকে পড়েছে।
মাইক্রোসফটের মঙ্গলবার প্রকাশিত এক ব্লগ পোস্টে বলা হয়েছে, চীন সরকারের সমর্থনে কাজ করা লাইনেন টাইফুন ও ভায়োলেট টাইফুন নামের দুটি হ্যাকার গ্রুপ শেয়ারপয়েন্টের দুর্বলতা কাজে লাগিয়েছে। এ ছাড়া চীনভিত্তিক আরেকটি হ্যাকার গ্রুপ, যার নাম স্ট্রম-২৬০৩, তারাও এই ত্রুটি ব্যবহার করে হামলা চালিয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, এই নিরাপত্তা ত্রুটি তাদের শেয়ারপয়েন্ট সফটওয়্যারের অন-ক্লাউড সংস্করণের জন্য প্রযোজ্য নয়, বরং যারা নিজস্ব সার্ভারে সফটওয়্যারটি পরিচালনা করে, তারাই বেশি ঝুঁকিতে ছিল।
এখনো পর্যন্ত হামলার পূর্ণ মাত্রা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারিত হয়নি।
তবে গতকাল রয়টার্স এক প্রতিবেদনে জানায়, প্রায় ১০০ প্রতিষ্ঠান এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে
বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
৪ দিন আগে