Ajker Patrika

দুদিনের প্রশিক্ষণে কোটি টাকা বেতন—ডেটা সেন্টারের কাজটা মূলত কী

আজকের পত্রিকা ডেস্ক­
দুদিনের প্রশিক্ষণে কোটি টাকা বেতন—ডেটা সেন্টারের কাজটা মূলত কী
ছবি: এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারে যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে ডেটা সেন্টার নির্মাণ। আর এই অবকাঠামো নির্মাণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মীর সংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। আশ্চর্যের বিষয়, এসব কাজের কয়েকটির জন্য প্রশিক্ষণ নিতে হচ্ছে মাত্র দুই দিন থেকে কয়েক সপ্তাহ। প্রশিক্ষণ শেষে মিলছে চাকরির সুযোগ, যার কোনো কোনো ক্ষেত্রে বার্ষিক বেতন এক লাখ ডলারেরও বেশি। বর্তমান মান অনুযায়ী, এক লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৪ লাখ টাকার সমপরিমাণ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামো সম্প্রসারণের প্রতিযোগিতায় অ্যামাজন, গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিনা মূল্যে কিংবা অর্থের বিনিময়ে প্রশিক্ষণ দিচ্ছে। ডেটা সেন্টারে সার্ভার স্থাপন, কুলিং ব্যবস্থা, বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনা এবং ফাইবার অপটিক কেবল সংযোগের মতো কাজে দক্ষ কর্মী তৈরি করাই এসব উদ্যোগের লক্ষ্য।

মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বা দীর্ঘমেয়াদি শিক্ষানবিশ কর্মসূচির পরিবর্তে প্রতিষ্ঠানগুলো এখন দ্রুত কর্মী তৈরির প্রশিক্ষণকে গুরুত্ব দিচ্ছে। কোনো কোনো কোর্সের মেয়াদ মাত্র দুই দিন, আবার কিছু প্রশিক্ষণ চলে ১৫ সপ্তাহ পর্যন্ত।

মেটার উদ্যোগে গত আগস্টে শুরু হওয়া ‘আমেরিকাস ওয়ার্কফোর্স একাডেমি’ এমনই একটি কর্মসূচি। ভিডিও গেম ডিজাইন নিয়ে পড়াশোনা করা জাভনটে হিল চার সপ্তাহের এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ চলাকালে তাঁকে অর্থও দেওয়া হয়। কোর্স শেষে ডেটা সেন্টারে চাকরির ব্যবস্থা করার নিশ্চয়তাও ছিল। শুক্রবার সনদ গ্রহণের পর সোমবারই তিনি নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি শুরু করেন।

প্রশিক্ষণে তাঁকে ফাইবার অপটিক ও কপার কেবল স্থাপন, সংযোগ এবং বিভিন্ন কেবলের রঙের অর্থ সম্পর্কে হাতে-কলমে শেখানো হয়। যুক্তরাষ্ট্রের নির্মাণশিল্পবিষয়ক সংগঠন অ্যাসোসিয়েটেড বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টরসের সঙ্গে অংশীদারত্বে এই প্রশিক্ষণ পরিচালনা করে মেটা।

কর্মী সংকটের ব্যাপকতা বোঝা যায় অ্যামাজনের প্রশিক্ষণ কর্মসূচির আরেক অংশগ্রহণকারী রবার্ট বার্গেসের অভিজ্ঞতায়। মিসিসিপির বাসিন্দা বার্গেস আগে বিভিন্ন নির্মাণকাজে যুক্ত ছিলেন। অ্যামাজনের চার সপ্তাহের প্রশিক্ষণ শেষে তিনি দুটি নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পান। ২০২৪ সালে শুরু হওয়া সেই যাত্রায় এখন তিনি একটি ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পের সহকারী সুপারিনটেনডেন্ট।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণের অন্যতম বড় বাধা দক্ষ কর্মীর অভাব। পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি বলছে, নির্মাণের পূর্বাভাস অনুযায়ী প্রয়োজনীয় প্রকৌশলীর সংখ্যা পূরণে দেশটিতে প্রায় ১০ লাখ প্রকৌশলীর ঘাটতি রয়েছে। গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, ২০২৮ সাল পর্যন্ত চালু হওয়ার কথা থাকা এআই কম্পিউটিং সক্ষমতার মাত্র অর্ধেক নির্ধারিত সময়ে চালু হতে পারে।

কলম্বিয়া বিজনেস স্কুলের অর্থনীতিবিদ স্টেইন ভ্যান নিয়ুভেনবার্গের ধারণা, এআই অবকাঠামোয় বিনিয়োগ দীর্ঘ সময় ধরে বছরে প্রায় এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। ফলে নির্মাণকাজে বিলম্ব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় আর্থিক ক্ষতির কারণ হচ্ছে।

গুগলের সহায়তায় পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান পার স্কলাসের ১৫ সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচি থেকে প্রশিক্ষণ নিয়ে এখন গুগলের ডেটা সেন্টারে কাজ করছেন সাবেক হেয়ার স্টাইলিস্ট জানে রামসে। প্রশিক্ষণে ছিল তাত্ত্বিক পাঠ, ব্যবহারিক কাজ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ।

অন্যদিকে, অ্যামাজনের দুই দিনের ফাইবার স্প্লাইসিং প্রশিক্ষণ শেষে দক্ষতা প্রমাণ করতে পারলে ঘণ্টায় সর্বোচ্চ ৩২ ডলার বেতনের চাকরি পাওয়া সম্ভব। অতিরিক্ত সময় কাজের সুযোগসহ এসব পদে বার্ষিক আয় এক লাখ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

প্রতিবেদনটির পর্যবেক্ষণ, ডেটা সেন্টারের এসব উচ্চ বেতনের চাকরি সম্পর্কে অনেক মার্কিন নাগরিকই জানেন না। অথচ এআই প্রযুক্তির বিস্তারের সঙ্গে সঙ্গে নতুন কর্মসংস্থানের বড় ক্ষেত্র হয়ে উঠছে এই শিল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত