
চীনের জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম চার ম্যাচে চার জয়। চায়নিজ তাইপের বিপক্ষে ৭-০, পাকিস্তানের বিপক্ষে ৫-১, কাজাখস্তানের বিপক্ষে ৪-০, হংকংয়ের বিপক্ষে ৬-০, চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের মেয়েদের দাপটটা এমনই ছিল। চার ম্যাচে ২২ গোল করে পুলসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির আক্রমণভাগে বারবার সামনে এসেছে একটি নাম—শারিকা সাফা রিমন।
চায়নিজ তাইপের বিপক্ষে শেষ কোয়ার্টারে জোড়া গোলে শুরু হয়েছিল শারিকার গোলযাত্রা। পাকিস্তানের বিপক্ষে একটি, কাজাখস্তানের বিপক্ষে আরও দুটি এবং হংকংয়ের বিপক্ষে পেয়েছেন একটি গোলের দেখা। এরপর কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে গোল পাননি, পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি স্ট্রোক থেকে আবার গোল। সব মিলিয়ে সাত। পুরো টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা শারিকা।
অবশ্য সাত গোলের এই হিসাব টুর্নামেন্ট শুরুর সময় শারিকার মাথায় ছিল না। তাঁর লক্ষ্য ছিল দলের হয়ে ভালো খেলা। সেই লক্ষ্য পূরণ করতে করতে ব্যক্তিগত অর্জনটাও এসে গেছে। তাঁর নিজের কাছেও তাই সাত গোলের স্বীকৃতিটা বিশেষ। জাপান থেকে মোবাইল ফোনে আজকের পত্রিকার সঙ্গে আলাপে তিনি বলেন, ‘টপ স্কোরার হওয়ায় অবশ্যই খুব ভালো লাগছে। এটা আমার প্রথম এমন অর্জন। এর আগে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম। কিন্তু এ ধরনের অর্জন আগে হয়নি।’
শারিকার সাত গোলের পাশে তাই শুধু ব্যক্তিগত কৃতিত্ব লিখলে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়। তিনি যে দলের অধিনায়কও। চ্যালেঞ্জার পুলে দুর্দান্ত শুরুর পর সামনে এসেছিল মূল পরীক্ষার সময়। এলিট পুলের তৃতীয় দল জাপানের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হেরে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তবে সেখানেই থামেনি দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে আসর শেষ করেছে পঞ্চম হয়ে; জুনিয়র এশিয়া কাপে এটা বাংলাদেশের ইতিহাসের সেরা ফল।
অধিনায়কত্বের চাপ আর গোল করার দায়িত্ব—দুটো একসঙ্গে সামলাতে শারিকাকে সাহায্য করেছে দলের সবাই। নিজের সাফল্যের কথা বলতে গিয়েও তাই সতীর্থদের কথা আগে আসে তাঁর, ‘আমার টিমমেটরা আমাকে সাপোর্ট করেছে। ওদের সাপোর্টই ছিল মেইন আমার। আমার কোচ, টিমমেট—ওরা সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে।’
২০২০ সালে খেলাধুলায় আসার সময় শারিকার প্রথম ইচ্ছা ছিল বক্সিং। মেয়েদের বক্সিংয়ের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর বিকেএসপিতে হকিতে ট্রায়াল দেন। সুযোগ পেয়ে যান সেখানেই। তখন হকি সম্পর্কে তাঁর জানাশোনা ছিল না বললেই চলে। তিনি বলেন, ‘হকি স্টিক কী, সেটাই আমি জানতাম না। স্টিক কীভাবে ধরতে হয়, তা শিখতেই আমার বেশ সময় লেগেছে।’
সেই অচেনা খেলাটাই এখন শারিকার সবচেয়ে পরিচিত জগৎ। বড় বোনের হাত ধরে খেলাধুলায় আসা ১৭ বছর বয়সী মেয়েটি ধীরে ধীরে হকিকে ভালোবেসেছেন। বিকেএসপির কোচ জাহিদ হোসেন রাজুর কাছে শিখেছেন, জাতীয় দলের সঙ্গে বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এবার সেই পথের একটি বড় স্বীকৃতি হয়ে এসেছে সাত গোল।
তবু শারিকার কাছে গল্পটা এখানেই শেষ নয়। সামনে এশিয়ান গেমস। চীন থেকে তাই বিশ্রাম না নিয়েই পাড়ি দিতে হয় জাপানে। সেখানে ব্যক্তিগত অর্জনেরর চেয়ে দলের উন্নতিই তাঁর কাছে বড়। বিশ্বকাপের দরজাও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ভারত যদি পরের বিশ্বকাপের আয়োজক হয় এবং নিজেদের মহাদেশীয় কোটা দিয়ে জায়গা নিশ্চিত করে, পঞ্চম হওয়া বাংলাদেশ অতিরিক্ত একটি সুযোগ পেতে পারে।
সেই ভবিষ্যতের জন্য শারিকার চাওয়া আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ। ভালো দলের বিপক্ষে খেললে নিজেদের ভুলগুলো দ্রুত ধরা যাবে বলে মনে করেন তিনি, ‘ফেডারেশনের কাছে আমার একটাই আবেদন—আমাদের বেশি বেশি প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যবস্থা করা হোক। বিশেষ করে বাইরের ভালো দলগুলোর সঙ্গে খেললে আমরা নিজেদের ভুলগুলো সহজে ধরতে পারব এবং সেগুলো দ্রুত ঠিক করতে পারব।’
চ্যালেঞ্জার পুলের চার জয়ে যে গল্প শুরু হয়েছিল, জাপানের কাছে হারেও সেটি শেষ হয়নি। পঞ্চম স্থান, বিশ্বকাপের সম্ভাবনা আর সাত গোলের ব্যক্তিগত স্বীকৃতি—সব মিলিয়ে শারিকার এবারের জুনিয়র এশিয়া কাপ তাই শুধু গোলের গল্প নয়। অচেনা একটি খেলাকে নিজের করে নেওয়া এক মেয়ের গল্প।

দুই গোলের লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ৯১তম মিনিটে কার্লোস এস্পির গোলে লা লিগায় এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শেষ দিকে একসঙ্গে একাধিক আক্রমণাত্মক খেলোয়াড় মাঠে নামিয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন রিয়াল কোচ জোসে মরিনিও।
১ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার হয়ে রেকর্ড ১৩১ ম্যাচ খেলার রেকর্ড গড়ে অবসরের ঘোষণা দিলেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে ৩১ গোল ও ৪৩ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন রদ্রিগেজ।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচ খেলতে দেশের জার্সিতে ফিরছেন এই ফরোয়ার্ড। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি।
২ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের ব্যস্ততায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে শেষ দুই ম্যাচে হাসান মাহমুদকে পাচ্ছে না কেন্ট। তবে খেলছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। সতীর্থ হাসানকে ছাড়া খেলতে নেমে আজ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন তিনি।
১৩ ঘণ্টা আগে