Ajker Patrika

একলাফে ভাঙলেন ২২ বছরের রেকর্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৮ মে ২০২৬, ২০: ৫৫
একলাফে ভাঙলেন ২২ বছরের রেকর্ড
২২ বছরের রেকর্ড ভাঙলেন স্বপ্না খাতুন। ছবি: সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তখন করতালিতে মুখর। চারদিকে এক অদ্ভুত রোমাঞ্চ। ঠিক তখনই লং জাম্পের ট্র্যাকে নিজের দৌড় শুরু করলেন ২২ বছর বয়সী এক তরুণী। অদম্য গতিতে বাতাসে ভেসে গিয়ে যখন বালুর ওপর আছড়ে পড়লেন, ততক্ষণে দেশের অ্যাথলেটিকসের ২২ বছরের পুরোনো ইতিহাস স্রেফ অতীত হয়ে গেছে। ৬.২৫ মিটার দূরত্ব পেরিয়ে লং জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর স্বপ্না খাতুন।

২০০৪ সালে ইসলামাবাদের এসএ গেমসে ৬.০৭ মিটার লাফিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন ফৌজিয়া হুদা জুঁই। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের কোনো নারী অ্যাথলেট যে দূরত্বের ধারেকাছেও যেতে পারেননি, তা অনায়াসে পেরিয়ে গেলেন স্বপ্না। ৬.১০ মিটার লাফিয়ে রেকর্ডটি গড়লেন স্বপ্না।

তবে এই রেকর্ডের মাহাত্ম্য কেবল সংখ্যার হিসেবে নয়, এর পেছনে লুকিয়ে আছে এক অনন্য আবেগঘন গল্প। স্বপ্না যাঁর ২২ বছরের পুরোনো রেকর্ডটি ভাঙলেন, সেই ফৌজিয়া হুদা জুঁই ছিলেন বিকেএসপিতে স্বপ্নার প্রথম কোচ। কোচের রেকর্ড ভেঙে নতুন রানি হওয়ার পর উচ্ছ্বসিত স্বপ্না আজকের পত্রিকাকে বলেন, ‘ম্যাডামের (ফৌজিয়া হুদা জুঁই) হাত ধরেই বিকেএসপিতে আমার গড়ে ওঠা। ওনার নিজেরও ইচ্ছা ছিল যেন আমি ওনার এই রেকর্ডটি ভেঙে দিই। আজ তার রেকর্ড ভাঙতে পেরে আমার স্বপ্ন সত্যি হলো।’

কৃষক পরিবার থেকে উঠে আসা স্বপ্নার জন্য এই পথচলা মোটেও সহজ ছিল না। সপ্তম শ্রেণিতে পড়ার সময় থেকেই শীতকালীন অ্যাথলেটিকসে অংশ নিতেন। ২০১৯ সালে বিকেএসপিতে ভর্তি হওয়ার পর শুরু হয় তাঁর আসল লড়াই। ২০২৪ সালের শেষের দিকে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনীতে।অনুশীলনে সর্বোচ্চ ৫.৯৯ মিটার পর্যন্ত লাফানো স্বপ্না মূল মঞ্চে এসে নিজেকে ছাড়িয়ে গেছেন।

জাতীয় পর্যায়ে অভাবনীয় কীর্তির পর স্বপ্নার চোখ এখন আন্তর্জাতিক মঞ্চে। সামনে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এসএ গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। সুযোগ-সুবিধা পেলে আন্তর্জাতিক ট্র্যাকেও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন এই তরুণী। নিজের ভবিষ্যৎ লক্ষ্য জানিয়ে স্বপ্না আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘পাকিস্তানে এসএ গেমসে আমার লক্ষ্য ৬.৬০ মিটার লাফানো। কর্তৃপক্ষ যদি আমাকে সুযোগ দেয় এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও উন্নত প্রশিক্ষণ পাই, তবে ইনশা আল্লাহ সামনে আরও ভালো করব এবং দেশের জন্য পদক আনব।’ অ্যাথলেটিকসে যেখানে এখনো অনেক সীমাবদ্ধতা, সেখানে ভালো লাগা আর একাগ্রতা দিয়েই বাজিমাত করলেন স্বপ্না।

জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে গতকাল স্বপ্না ছাড়াও আরও তিন অ্যাথলেট গড়েছেন নতুন রেকর্ড। ছেলেদের ডিসকাস থ্রোয়ে নৌবাহিনীর ফারুক আহমেদ ৪৭.৫৯ মিটার ছুড়ে ২০২৫ সালে সেনাবাহিনীর আব্দুল আলিমের ৪৬.৯৪ মিটারের রেকর্ড ভেঙেছেন। মেয়েদের ডিসকাস থ্রোতে নৌবাহিনীর জাফরিন আক্তার ৪৬.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে নিজেরই গড়া তিন বছর পুরোনো ৪৩.৪৯ মিটারের রেকর্ডটি ভাঙেন। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর বর্ষা খাতুন ১ মিনিট ০৩.১৭ সেকেন্ড সময় নিয়ে ভেঙেছেন গত বছর নিজেরই গড়া রেকর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত