Ajker Patrika

টাইগার উডসের সঙ্গে ‘সংসার’ ভাঙার হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৮: ৪৫
টাইগার উডসের সঙ্গে ‘সংসার’ ভাঙার হুমকি ট্রাম্পের সাবেক পুত্রবধূর
টাইগার উডসকে ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছেন ভ্যানেসা ট্রাম্প। ছবি: এক্স

সময়টা ভালো যাচ্ছে না টাইগার উডসের। সড়ক দুর্ঘটনায় কোনো রকমে প্রাণে বাঁচলেও জেলে থাকতে হয়েছিল। এবার তাঁর সংসার ভাঙার আশঙ্কার কথা জানা গেছে বিদেশি এক সংবাদমাধ্যমে।

নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনার পর খেপেছেন উডসের প্রেমিকা ভ্যানেসা ট্রাম্প। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সম্পর্ক শেষ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভ্যানেসা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে অভ্যন্তরীণ এক সূত্র বলেছেন, ‘একেবারে স্পষ্ট সতর্কবার্তা। তিনি তাঁকে (উডস) বলেছেন, এসব সমস্যার সমাধান করতেই হবে। সবকিছু নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না হলে তিনি (ভ্যানেসা) উডসের পাশে থাকবেন না।’

টাইগার উডসের সঙ্গে ২০২৪ সাল থেকে সম্পর্ক ভ্যানেসার। গলফই মূলত তাঁদের একসুতোয় গেঁথেছে। অভ্যন্তরীণ সূত্রের বরাতে ডেইলি মেইল বলেছে, ‘‘গলফ দিয়েই তাদের সম্পর্কের শুরু। সাধ্যমতো সবই করেন তাঁরা। কিন্তু কিছু জিনিস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। টাইগারকে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে, ‘আমার বয়স ৫০ বছর। আচরণ তেমনই করা উচিত।’’

ভ্যানেসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ। ২০০৫ থেকে ২০১৮ পর্যন্ত ১৩ বছর ট্রাম্পের ছেলের সঙ্গে ভ্যানেসার সম্পর্ক টিকেছিল। দুর্ঘটনায় আহত উডসের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পরশু বলেছিলেন, ‘খুবই খারাপ লাগছে। একটি দুর্ঘটনা ঘটেছে—এটাই জানি। সে আমার ঘনিষ্ঠ বন্ধু। উডস একজন অসাধারণ মানুষ। তবে কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।’

ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে নিজের বাসার কাছাকাছি একটি সরু দুই লেনের আবাসিক সড়কে অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় উডসের ল্যান্ড রোভার গাড়ি ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর তাঁকে আটক করে মার্টিন কাউন্টি জেলে নেওয়া হয়। তবে শারীরিকভাবে অক্ষত রয়েছেন উডস। শুক্রবার রাতে এ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কয়েক ঘণ্টা পর জামিনে মুক্তি দেওয়া হয় তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত