
ক্রিস্টিয়ানো রোনালদো যে দলে খেলেন, সেই দল বেশ ‘আনপ্রেডিক্টেবল’ হয়ে ওঠে। কখনো হাতের নাগালে থাকা ম্যাচ হেরে বসে, কখনোবা প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে দেয় সেই দল। আল নাসরের কথাই ধরা যাক। গত সপ্তাহে সৌদি সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল আল নাসরের।
সৌদি সুপার কাপে রানার্সআপ হওয়ার এক সপ্তাহ পর আল নাসর গতকাল ম্যাচ জিতল দাপটের সঙ্গে। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসর ৫-০ গোলে হারিয়েছে আল তাওউনকে। রোনালদোদের উড়ন্ত জয়ের রাতে হ্যাটট্রিক করেছেন হোয়াও ফেলিক্স। আল নাসরের হয়ে আগে দুই ম্যাচ খেললেও গত রাতে সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচ খেলেছেন ফেলিক্স। তাঁর হ্যাটট্রিকের রাতে গোল করে নতুন ইতিহাস লিখেছেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোলের কীর্তি গড়লেন ‘সিআর সেভেন’।
আল তাওউনের বিপক্ষে গত রাতে ৭ মিনিটে ফেলিক্স করেন ম্যাচের প্রথম গোল। পর্তুগিজ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেন আল নাসর মিডফিল্ডার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রথমার্থ আল নাসর শেষ করে ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে রোনালদোর দল গোলের বন্যা বইয়ে দেয়। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। তাতেই টানা ২৪ মৌসুমে গোলের অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। রোনালদোর রেকর্ড গড়ার ঠিক পরের মিনিটেই (৫৫ মিনিটে) গোল করেন কিংসলে কোমান।
দ্বিতীয়ার্ধে রোনালদো-কোমান গোল করার পর হ্যাটট্রিক তুলে নেন ফেলিক্স। ৬৭ ও ৮৭ মিনিটে গোল করে সৌদি প্রো লিগের অভিষেকে হ্যাটট্রিক করেন ফেলিক্স। ফেলিক্স, রোনালদো, কোমানের অসাধারণ পারফরম্যান্সে ২০২৫-২৬ মৌসুমে সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে আল নাসর পেয়েছে ৫-০ গোলের উড়ন্ত জয়। দুর্দান্ত জয়ের পর রোনালদো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ম্যাচের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেন। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম ধাপ।’
চেলসি থেকে গত মাসে আল নাসরে এসেছেন ফেলিক্স। সৌদি ক্লাবটির হয়ে সৌদি সুপার কাপে দুই ম্যাচ ও সৌদি প্রো লিগে তিনি খেলেছেন এক ম্যাচ। আল নাসরের হয়ে ৩ ম্যাচে করেছেন ৪ গোল। যার মধ্যে গত রাতেই করেছেন হ্যাটট্রিক। আপাতত কদিন আন্তর্জাতিক ফুটবলের কারণে আল নাসর বিরতিতে থাকবে। আন্তর্জাতিক বিরতিতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে রোনালদো-ফেলিক্সের পর্তুগাল। ৬ ও ৯ সেপ্টেম্বর আর্মেনিয়া আর হাঙ্গেরির বিপক্ষে খেলবে পর্তুগাল। আন্তর্জাতিক বিরতির পর আল নাসর প্রথম ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর রাতে। সৌদি প্রো লিগের সেই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল খোলুদ।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৯ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে