Ajker Patrika

ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৭: ১৫
ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি নিউজিল্যান্ডের
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার নিউজিল্যান্ড ফুটবলের। ছবি: সংগৃহীত

দিন যত যাচ্ছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষের সংখ্যাই বাড়ছে। বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব দেওয়ার পর থেকেই মূলত এমন চাপে তিনি। এবার তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে নিউজিল্যান্ড ফুটবল।

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে আজ এক বিবৃতি দিয়েছে নিউজিল্যান্ড ফুটবল। এক বিবৃতিতে ফেডারেশনটি বলেছে, ফিফার কিছু সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের কারণে বিশ্ব ফুটবলের প্রতি অনেকেই আস্থা হারিয়েছেন। এখানে একটি স্বাধীন তদন্ত প্রয়োজন।

কদিন আগে তিন কনফেডারেশন উয়েফা, কনক্যাকাফ এবং এএফসি এক খোলাচিঠি দিয়েছে ফিফাকে। ফুটবল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়—খোলাচিঠির সারমর্ম ছিল এমনই। তিন কনফেডারেশনও ফিফার বিরুদ্ধে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছিল। অনেক ফেডারেশন তাঁর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এমনকি নরওয়ে ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর পদত্যাগেরও দাবি জানিয়েছে।

বিশ্ব ফুটবলের ওপর সবার আস্থা ধরে রাখতে জবাবদিহি ও স্বচ্ছতাকে নিউজিল্যান্ড ফুটবল অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। ফেডারেশনটি বলেছে, বিশ্ব ফুটবল প্রশাসনের ওপর আস্থা ধরে রাখতে সুশাসন, জবাবদিহি ও স্বচ্ছতা অনেক গুরুত্বপূর্ণ। ফিফার সব অ্যাসোসিয়েশনের জন্য জবাবদিহির পক্ষে থাকার দারুণ এক সুযোগ এটা।

ওশেনিয়া ফুটবল কনফেডারেশন (ওএফসি) অবশ্য ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেনি। তবে নিউজিল্যান্ড ফুটবল ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করলেও তাঁর পক্ষে দাঁড়িয়েছে ছয় আরব ফুটবল ফেডারেশন। মরক্কোর পাশাপাশি কাতার, মিসর, মৌরিতানিয়া, লেবানন ও সুদান সমর্থন জানিয়েছে ইনফান্তিনোকে। যার মধ্যে মরক্কো ২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক।

ফিফা সভাপতি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে গত মঙ্গলবার একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজের (এফএফই) মাধ্যমে হতে যাওয়া এটার মূল্য বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। ইকুইটি মূল্যায়নের ভিত্তিতে এ বছরের শেষে সর্বোচ্চ চার বিলিয়ন ডলার (৪৯,০৬৭ কোটি টাকা) তোলা হবে। এতেই ফুটবল বিক্রি হয়ে যাচ্ছে বলে শোরগোল ওঠে। ফিফা এরই মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। গতকাল রাতে নিজেদের ওয়েবসাইটে বিষয়টি খোলাসা করেছে। এখানে চার বছর চক্রের (২০২৭-২০৩০) দুই কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ২৪৬ কোটি টাকা।

২০১৫ থেকে ফিফা সভাপতির পদে আছেন ইনফান্তিনো। ২০২৭ সালের মার্চে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য পুনরায় সভাপতি নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে তাঁর। তবে যেভাবে তিনি ‘নিঃস্ব’ হয়ে যাচ্ছেন, তাঁর পক্ষে সমর্থন কমে যাচ্ছে, তাতে ফের ফিফা সভাপতি হওয়া তুলনামূলক কঠিনই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত