Ajker Patrika

সুস্থ হয়ে উঠছেন মেসির বাবা

ক্রীড়া ডেস্ক    
সুস্থ হয়ে উঠছেন মেসির বাবা

মাঠের দুর্দান্ত সাফল্য ছাপিয়ে লিওনেল মেসির পারিবারিক গোপনীয়তা রক্ষা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পেয়েও মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক, যাকে তিনি স্রেফ 'ব্যক্তিগত সমস্যা' বলে উল্লেখ করেছিলেন। কিন্তু এরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর বাবা হোর্হে মেসির অসুস্থতা নিয়ে খবর প্রকাশ হতে থাকে। গণমাধ্যমের অতি-উৎসাহী ও বিভ্রান্তিকর আচরণের মুখে অবশেষে নীরবতা ভেঙে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মেসির পরিবার।

গত বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেসির পরিবার হোর্হে মেসির বর্তমান শারীরিক অবস্থা নিশ্চিত করার পাশাপাশি ক্ষোভ উগড়ে দিয়েছে। বাবার চিকিৎসাধীন থাকার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন, সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থার মধ্যে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।’

পারিবারিক সংকটের এই মুহূর্তটিকে সংবাদমাধ্যমের একাংশ যেভাবে মুখরোচক উপাদান হিসেবে ব্যবহার করেছে, সেটিকে দুঃখজনক আখ্যা দিয়ে বিবৃতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যে ধরনের গুঞ্জন ছড়ানো হয়েছে, তা নিয়ে আমরা গভীরভাবে অসন্তুষ্ট। কিছু মানুষ একটি সম্পূর্ণ ব্যক্তিগত পারিবারিক বিষয়কে যে অসংবেদনশীলতা, অসম্মান ও গোপনীয়তার অভাবের সঙ্গে উপস্থাপন করেছে, তা দুঃখজনক।’

মেসির পরিবার স্পষ্ট করে জানিয়েছে, হোর্হে মেসির প্রকৃত অবস্থা কেমন তা কেবল তাঁর নিকটাত্মীয়রাই জানেন। তাই অনুমাননির্ভর কোনো খবর ছড়ানো বন্ধের অনুরোধ জানিয়ে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই সময়ে আমরা দায়িত্বশীলতা, সংযম এবং মানবিকতার আহ্বান জানাই। একজন মানুষের স্বাস্থ্য এবং তাঁর পরিবারের মানসিক শান্তি যেন জল্পনা-কল্পনা বা দায়িত্বহীন সংবাদ প্রচারের বিষয় না হয়।’

আগামী সোমবার গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর আগামী ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে জর্ডানের বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত