Ajker Patrika

বাংলাদেশের সামনে আজ আরেক কোরিয়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশের সামনে আজ আরেক কোরিয়া
আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ছবি: বাফুফে

মেয়েদের ফুটবলের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল খাওয়ার পর দ্বিতীয় ম্যাচের আগে যে প্রশ্ন মনের মধ্যে ভেসে ওঠে, তা হলো, আজ কী করবে বাংলাদেশ? প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে বলা যায়, আজ কত গোল হজম করবে দল? এমন প্রশ্ন আসার বড় কারণ, আফঈদা-অর্পিতা বিশ্বাসদের সামনে আজ প্রতিপক্ষ আরেক কোরিয়া—দক্ষিণ কোরিয়া।

মেয়েদের ফিফা র‍্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান ১১। তাদের চেয়ে দক্ষিণ কোরিয়া অবশ্য কিছুটা পিছিয়ে; তাদের র‍্যাঙ্কিং ১৯। তবে র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়ার পিছিয়ে থাকা এই নিশ্চয়তা দেয় না যে প্রথম ম্যাচের হতাশা ভুলে এই ম্যাচে প্রতিরোধ গড়ে তুলবে বাংলাদেশ।

কোরীয়দের সঙ্গে বাংলাদেশ দলের প্রার্থক্য যে যোজন যোজন, সেটি ১০ গোল হজমের পর পরিষ্কার করে দিয়েছিলেন আফঈদাদের কোচ পিটার বাটলার। তিনি বলেছিলেন, ‘তারা যে গতিতে খেলেছে। আমাদের মেয়েরা তাতে অভ্যস্ত নয়। এই স্তরে ওই মানের একটি দলের বিপক্ষে খেলার মতো যোগ্যতা আমাদের নেই।’

দলের যা আছে, সেটি কি পুরোপুরি কাজে লাগানো গেছে? দলে যে সিনিয়র-জুনিয়র বিভক্ত তৈরি হয়েছে, তার ইঙ্গিতও দিয়েছিলেন বাটলার। তিনি বলেন, ‘মাঠের ভেতরের সবকিছুর দায় আমি নিচ্ছি। তবে মাঠের বাইরের দায় আমি নিচ্ছি না।’

বাটলার আরও বলেন, ‘সভাপতি দারুণভাবে সমর্থন দিয়েছেন, কিন্তু অন্য অনেকেই দেননি, যেমন মাঝরাতে খেলোয়াড়দের ফোন দেওয়া, কনফারেন্স কল করা। এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না।’

এমন পরিস্থিতিতে প্রথম ম্যাচের ক্ষত শুকানোর আগে আরেক কোরিয়ার বিপক্ষে মাঠে কী করবে বাংলাদেশ, সত্যিই তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এই ম্যাচ সামনে রেখে আগের দিন জাপানের জে-গ্রিন সাকাইয়ে শেষ অনুশীলন করেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় আজ বেলা ১টায় ওসাকার নাগাই স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এই ম্যাচ নিয়ে বাটলারের সহকারী আবুল হোসেন বলেন, ‘শুরুটা আমাদের ভালো হয়নি। তবে সামনে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ। এই ম্যাচে ভালো করার চেষ্টা করব।’

প্রতিপক্ষকে আটকানোর কোনো পরিকল্পনা আছে দলের—এমন প্রশ্নে আবুল হোসেন বলেন, ‘দক্ষিণ কোরিয়ার ম্যাচ দেখেছি আমরা। আর উত্তর কোরিয়ার সঙ্গে তো খেললামই। তারা একই মানের দল, তবে উত্তর কোরিয়া কীভাবে খেলে, সেটা বিশ্লেষণ করে পেয়েছি যে কীভাবে খেলতে হবে আমাদের।’

ম্যাচে দলের লক্ষ্য নিয়ে আবুল হোসেনের মন্তব্য, ‘আমাদের আর কোরিয়া দলের মধ্যে অনেক প্রার্থক্য। তবু চেষ্টা থাকবে ভালো খেলার।’

প্রথম ম্যাচে যে ভুল করেছিল বাংলাদেশ, তার পুনরাবৃত্তি না করার লক্ষ্য দলের ডিফেন্ডার শিউলি আজিমের, ‘সব মিলিয়ে প্রস্তুতি ভালো। আমরা আগের ম্যাচে যে ভুলত্রুটি করেছি, চেষ্টা করব পরের ম্যাচে সেগুলো না করার। আগের ম্যাচে ১০ গোল হজম করেছি। চেষ্টা থাকবে, এই ম্যাচে গোলের ব্যবধান যেন কম হয়। দক্ষিণ কোরিয়া অনেক ভালো দল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত