বিশ্বকাপে আলো ছড়ানোর পর রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে সেই খ্যাতিই এখন তাঁর জীবনে স্বস্তির বদলে বিড়ম্বনা তৈরি করেছে। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক জানিয়েছেন, জনপ্রিয়তার কারণে তিনি হারিয়েছেন ব্যক্তিগত জীবনের শান্তি ও স্বস্তি।
বিশ্বকাপে কেপ ভার্দের দারুণ পারফরম্যান্সের অন্যতম নায়ক ছিলেন ভোজিনিয়া। টুর্নামেন্টের চমক জাগানো দলটি শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে বাধ্য করে। সেই আসরের পরই ভোজিনিয়ার পরিচিতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
বিশ্বকাপের আগে ভোজিনিয়ার সামাজিক মাধ্যমে অনুসারী ছিল ৫৬ হাজার। স্পেনের বিপক্ষে ম্যাচের পর তাঁর অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। তখনই তিনি প্রথম বুঝতে পারেন, তাঁর জনপ্রিয়তা কতটা বেড়েছে।
সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভোজিনিয়া বলেন, ‘দলের ক্যাটারিংয়ের একজন কর্মী আমার কাছে এসে বলল, আমার অনুসারীর সংখ্যা ১০ লাখ হয়ে গেছে। সে কী বলছে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি ভেবেছিলাম, সে মজা করছে। কিন্তু সে জোর দিয়ে একই কথা বলতে থাকে। পরে আমি মিক্সড জোনে কয়েকটি সাক্ষাৎকার দিতে যাই। কাজেভিটিভির এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করল, আমি জানি কি না কী ঘটছে। সে আমাকে নিজের ফোন দেখাল। তখনই দেখলাম, আমার অনুসারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।’
তবে জনপ্রিয়তার এই উত্থান ভোজিনিয়ার জীবনে স্বস্তি আনেনি। বরং নিজের ব্যক্তিগত পরিসর অনেকটাই হারিয়েছেন বলে জানালেন এই ফুটবলার।
ভোজিনিয়া বলেন, ‘আমি আমার শান্তি ও স্বস্তি হারিয়েছি। এখন আর আগের মতো ব্যক্তিগত গোপনীয়তা নেই, অন্তত অনেক কম। এখন বাইরে বের হলে বা কোনো রেস্তোরাঁয় গেলে সবসময় কেউ না কেউ আমার সঙ্গে ছবি তুলতে চায়, অটোগ্রাফ চায়। কিংবা তার চেয়েও খারাপ, কেউ আমাকে ভিডিও করে। এটাই আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন। আর আমার মনে হয় না, এ ব্যাপারে আমি কিছু করতে পারি।’
খ্যাতির প্রভাব পড়েছে ভোজিনিয়ার পরিবারের ওপরও। কেপ ভার্দেতে তাঁর বাবা মায়ের বাড়িতে ভক্তরা প্রায়ই গিয়ে হাজির হন। কেউ তাঁর মায়ের সঙ্গে কথা বলতে চান, কেউ আবার ছবি তুলতে চান। ভোজিনিয়ার বাবা অবশ্য বিষয়টি থেকে কিছুটা দূরে থাকছেন।
পরিবারের এই পরিস্থিতি নিয়ে ভোজিনিয়া বলেন, ‘আমি সেখানে নেই, তাই তাদের সাহায্য করতে পারি না। তাদের এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে এবং নিজেদের সীমারেখা ঠিক করতে হবে।’
খ্যাতির কারণে স্বাভাবিক জীবন হারানোর আক্ষেপ থেকেই ভোজিনিয়া জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আগের জীবনই বেছে নেবেন, ‘আজ আমি যে জীবন যাপন করছি বা আগে যে জীবন যাপন করতাম, আমাকে যদি এর মধ্যে একটি বেছে নিতে বলা হয়, আমি আগের জীবনটাই বেছে নেব।’
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে লেভ ইয়াশিন অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছিলেন ভোজিনিয়া। তবে সেই সাফল্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে একটি ভুলের কারণেও আলোচনায় এসেছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বে মালির বিপক্ষে প্রথম ম্যাচে তাঁর অস্বাভাবিক ভুলের খেসারত দিতে হয়েছে কেপ ভার্দেকে। ম্যাচটি তারা ৩-১ গোলে হেরেছে।

তিক্ত এক রাত কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর। নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসে থাকতে হয়েছে পর্তুগাল অধিনায়ককে। ১৮ বছরের বেশি সময় পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচে এমন অভিজ্ঞতা হলো তাঁর।
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ব্যাটিংয়ে নতুন কিছু যোগ করার চ্যালেঞ্জ নিয়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাঁর ব্যাটে সেই পরিবর্তনের স্পষ্ট ছাপ দেখা গেল।
২ ঘণ্টা আগে
জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার পথে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়ে আছেন বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও কোচ। আকস্মিক বন্যার কারণে তাঁদের ফ্লাইট আটকে যাওয়ায় তৈরি হয়েছে এই অনিশ্চয়তা।
৩ ঘণ্টা আগে
বৃষ্টির কাছে হার মানল ভারত ও আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল। সোমবার জাপানের নিশিনে টস ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তাই একটি বলও না খেলেই এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে শেষ আট থেকেই বিদায় নিল আফগানিস্তান।
৩ ঘণ্টা আগে