Ajker Patrika

‘আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই’

ক্রীড়া ডেস্ক    
‘আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই’
ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে লিওনেল মেসির দল। ফাইল ছবি

আর্জেন্টিনা খেলার ধরন নিয়ে আবারও তীব্র সমালোচনা করেছেন জার্মানির সাবেক তারকা ফুটবলার ও বর্তমান জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) ক্রীড়া পরিচালক রুডি ফোলার। ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে খেলা সাবেক স্ট্রাইকারের মতে, আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই।

জার্মান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে ফোলার বলেন, ‘আমি বলেছিলাম, জার্মানিকে আরও ভালোভাবে রক্ষণভাগ সামলাতে হবে। অনেকেই তখন আর্জেন্টিনাকে আদর্শ হিসেবে তুলে ধরছিল। আমার কাছে সেটি ছিল একটি খারাপ উদাহরণ। হঠাৎ করেই আর্জেন্টিনা যেন সবার জন্য মানদণ্ড হয়ে গেল। পুরো আলোচনা আমার কাছে কিছুটা ভণ্ডামিপূর্ণ মনে হয়েছে।’

সেখানেই থেমে থাকেননি ফোলার। সবশেষ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে আরও কঠোর মন্তব্য করেন তিনি, ‘আমি এমন কোনো দল চাই না, যারা আর্জেন্টিনার মতো খেলবে। তারা যা করেছে, তার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে এবং এবার রানার্সআপও হয়েছে। কিন্তু এত মানুষ কেন তাদের এত প্রশংসা করছে, সেটা আমি সত্যিই বুঝতে পারি না।’

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। টুর্নামেন্টজুড়ে বেশ দাপুটে ফুটবল উপহার দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। দুইবারের চ্যাম্পিয়নদের খেলার ধরন নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন ফোলার। একই সঙ্গে সেমিফাইনাল থেকে বাদ পড়ার ইংল্যান্ডের রক্ষণভাগের প্রশংসাও শোনা গেল তাঁর কণ্ঠে, ‘প্রশংসা পাওয়ার যোগ্য স্পেন। ইংল্যান্ডও দারুণভাবে রক্ষণ করেছে।’

সবশেষ বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়েছে জার্মানি। সবাইকে চমকে দিয়ে চারবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় প্যারাগুয়ে। প্যারাগুইয়ানদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় নিজেদের দল নিয়ে সমালোচনা করতেও ভুলেননি ফোলার।

এই প্রসঙ্গে ফোলার বলেন, ‘আমি কিন্তু বলিনি যে আমরা রক্ষণ করতে জানি না। আমরা পারি, তবে আমাদের আরও ভালোভাবে রক্ষণ করতে হবে—এটা সত্য। আর সেই কাজটা শুরু করতে হবে আক্রমণভাগ কিংবা মাঝমাঠ থেকেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত