Ajker Patrika

বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি

ক্রীড়া ডেস্ক    
বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি
আক্রমণভাগে মেসি ছাড়াও আছেন ইয়ামাল, এমবাপ্পে ও হালান্ডের মতো তারকারা। ছবি: সংগৃহীত

তিন বছর পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা পুরুষ একাদশে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। ২০২৬ সালের এই একাদশে আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড ও লামিনে ইয়ামালের মতো তারকারাও। তবে জায়গা হয়নি এবারের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের।

এ নিয়ে ১৮তমবারের মতো ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা পেলেন মেসি। ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন ফুটবলারের ভোটে নির্বাচিত হয়েছে এবারের একাদশ।

একাদশে জায়গা পেয়ে বিশেষ কীর্তি গড়েছেন বার্সেলোনা ও স্পেনের তরুণ ফরোয়ার্ড ইয়ামাল। কিশোর বয়সে দ্বিতীয়বারের মতো এই একাদশে জায়গা পাওয়া প্রথম ফুটবলার তিনি। ব্যালন ডি’অরের এবারের ভোটে তৃতীয় হয়েছিলেন ইয়ামাল।

আক্রমণভাগে মেসি ও ইয়ামালের সঙ্গে আছেন এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হলান্ড। ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের পর দ্বিতীয় হয়েছিলেন এমবাপ্পে।

মধ্যমাঠে জায়গা পেয়েছেন জুড বেলিংহাম, বার্সার রদ্রি ও পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ব্যালন ডি’অরের ভোটে চতুর্থ হয়েছিলেন রদ্রি।

রক্ষণভাগে আছেন বার্সার পাউ কুবার্সি এবং পিএসজির আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। গোলরক্ষক হিসেবে একাদশে জায়গা পেয়েছেন আর্সেনাল ও স্পেনের দাভিদ রায়া।

ব্যালন ডি’অরজয়ী কেইনের পাশাপাশি বাদ পড়েছেন বায়ার্ন মিউনিখের সতীর্থ মাইকেল ওলিসে এবং গত বছরের ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। পিএসজির খভিচা কাভারাসখেলিয়াও জায়গা পাননি। ব্যালন ডি’অরের ভোটে ষষ্ঠ ও সপ্তম হয়েছিলেন যথাক্রমে কাভারাসখেলিয়া ও দেম্বেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত