Ajker Patrika

কোচের পদ হারানো হোসাম এখন কী করবেন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২২: ৫৩
কোচের পদ হারানো হোসাম এখন কী করবেন
মিসরের সাবেক কোচ হোসাম হাসান। ছবি: সংগৃহীত

দুই দিন আগে সাবেক স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে মিশরের কোচের পদ হারিয়েছেন হোসাম হাসান। এরই মধ্যে তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবলপাড়ায়।

ইরাকের কোচ হচ্ছেন হোসাম, এমন কথাও ছড়িয়েছিলেন সংবাদমাধ্যমের কল্যাণে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন। মিশরের দায়িত্ব ছাড়ার পর তাঁকে ইরাকের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা শুরু হলেও বিষয়টি সরাসরি নাকচ করেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আহমেদ আল-মুসাওয়ি জানিয়েছেন, হোসাম হাসানের সঙ্গে কোচের দায়িত্ব নিয়ে কোনো আলোচনা হয়নি। এমনকি বিষয়টি সংস্থাটির অভ্যন্তরেও আলোচনায় আসেনি।

মডার্ন এমটিআই–কে আল-মুসাওয়ি বলেন, ‘ইরাক জাতীয় দলের কোচ হওয়ার বিষয়ে হোসাম হাসান কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করেননি। কারণ, তাঁকে এ ধরনের কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন ও হোসাম হাসানের মধ্যে কোনো আলোচনা হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘হোসাম হাসানকে নিয়োগ দেওয়ার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি। এ নিয়ে ছড়িয়ে পড়া সব খবর ভিত্তিহীন।’

এর মধ্য দিয়ে আপাতত সব জল্পনার অবসান ঘটল। মিশরের জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর বিদেশের কোনো দলের কোচ হওয়ার যে আলোচনা চলছিল, ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনের বক্তব্যে তা নাকচ হয়ে গেল।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিশরের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন হোসাম হাসান। তাঁর অধীনে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় মিশর। পাশাপাশি বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোতে খেলার কৃতিত্বও অর্জন করে দলটি। গত সেপ্টেম্বরে তাঁর সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছিল মিশর। তবে কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর অধ্যায়ের সমাপ্তি ঘটে। তাঁর জায়গায় দলের দায়িত্ব দেওয়া হয় আলি মাহেরকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত