Ajker Patrika

‘মেসির মতো আর কেউ কখনো আসবে না’

ক্রীড়া ডেস্ক    
‘মেসির মতো আর কেউ কখনো আসবে না’
একই ফ্রেমে আলিস্তার ও মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলে তৈরি হবে বড় শূন্যতা। তাঁর মতো ফুটবলার আর কখনো আসবে না বলে মনে করেন আলেক্সিস মাক আলিস্তার। তবে তারকা ফরোয়ার্ডের অনুপস্থিতিতে দলকে আরও শক্তিশালী হয়ে ওঠার তাগিদ দিয়েছেন লিভারপুলের এই মিডফিল্ডার।

মেসিকে ছাড়া খেলাটা যে সহজ হবে না, তা স্বীকার করেছেন আলিস্তার। দলের সবাই এখনো এলএমটেনের বিদায়ের বিষয়টি পুরোপুরি উপলব্ধি করতে পারেননি বলেও জানিয়েছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়েরিও আসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক আলিস্তার বলেন, ‘এটা অদ্ভুত লাগবে। আমরা এখনো বুঝে উঠতে পারছি না যে লিও আর আমাদের সঙ্গে থাকবে না। আমাদের একটা অংশ এখনো চায়, সে যেন দলের সঙ্গে থাকে। তবে আমরা পরিস্থিতিটা বুঝতে পারছি। এটা একটা নতুন প্রক্রিয়া। আমাদের যথাসম্ভব ভালোভাবে এগিয়ে নিতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড় এখন আমাদের সঙ্গে নেই। তাই দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হতে হবে।’

মেসির মতো খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব বলেই মনে করেন আলিস্তার। তবে আর্জেন্টিনায় প্রতিভাবান ফুটবলারের অভাব নেই বলে আশাবাদী তিনি। দলের বিদায়ী খেলোয়াড়দের জায়গা পূরণ করার মতো ফুটবলারও উঠে আসবে বলে বিশ্বাস তাঁর।

এই প্রসঙ্গে আলিস্তার বলেন, ‘অবশ্যই, লিও অনন্য। তার মতো আর কেউ কখনো আসবে না। আমাদের বিশ্বাস, দল হিসেবে শক্তিশালী হয়ে উঠতে হবে। কারণ, এখন আমাদের এমন কোনো খেলোয়াড় নেই, যে একাই পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম করতে হবে।’

এদিকে আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হিসেবে নিকো পাসের ওপর আস্থা রাখছেন আলিস্তার। ইতালির ক্লাব কোমোর হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা এই তরুণকে মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পাসের প্রতিভা নিয়ে আলিস্তার বলেন, ‘সে অসাধারণ মানের ও প্রতিভার একজন খেলোয়াড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা দল এবং সতীর্থ হিসেবে তাকে সাহায্য করতে পারি, যাতে সে কোমোর হয়ে বর্তমানে যে পর্যায়ের ফুটবল খেলছে, সেই মানে পৌঁছাতে পারে।’

পাসের প্রতি সমর্থকদের ভালোবাসাকেও গুরুত্বপূর্ণ মনে করেন আলিস্তার। তরুণ এই ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তিনি, ‘আমরা এটাই সবচেয়ে বেশি চাই। আমরা দেখছি, মানুষ তাকে ভালোবাসে এবং অনেক সমর্থন করে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা তার সর্বোচ্চ সাফল্য কামনা করি। কারণ, আমরা সব সময়ই তার পাশে থাকব এবং তাকে সমর্থন করে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত