Ajker Patrika

‘মেসি আর্জেন্টিনার হয়ে যা করে গেছেন, তা সবার জন্য শিক্ষা’

ক্রীড়া ডেস্ক    
‘মেসি আর্জেন্টিনার হয়ে যা করে গেছেন, তা সবার জন্য শিক্ষা’
৭ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেলতে নামবেন লিওনেল মেসি। ছবি: ফাইল ছবি

সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিলেও আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির পথচলা শেষ হয়নি। তবু একটা ম্যাচের বেশি তিনি পাচ্ছেন না। আজ বলিভিয়ার বিপক্ষে তিনি না থেকেও ছিলেন। নিকো পাস দুর্দান্ত পারফরম্যান্সে সেটা মনে করিয়ে দিয়েছেন। হোসে মানুয়াল লোপেসও স্মরণ করেছেন মেসিকে।

২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে চারটি শিরোপা জিতেছেন মেসি। দুই হাত তুলে উদযাপন, জয়ের পর হাসি তো রয়েছেই। এমনকি সতীর্থরাও জয়ের আনন্দে তাঁকে ওপরে তুলে উদযাপন করেছেন। আজ বলিভিয়ার বিপক্ষে মারিও কেম্পেস স্টেডিয়ামে ৪-০ গোলে জয়ের পর লোপেস বলেন, ‘তিনি আমাদের জন্য কী রেখে গেছেন, আর্জেন্টিনাকে কোন উচ্চতায় নিয়ে গেছেন, সেসব নিয়ে ভাবতে হবে। আমার মতে তিনি আমাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ রেখে গেছেন। যা থেকে আমাদের শেখা উচিত।’

২০২২ ফুটবল বিশ্বকাপে কাতারে ফ্রান্সের বিপক্ষে ধ্রুপদী ফাইনাল জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন। চার বছর আগে বিশ্বকাপ সমর্থক হিসেবে দেখেছেন। যে মেসিকে আদর্শ মনে করেন, তাঁর বিদায়ী ম্যাচে লোপেসের খেলার সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে নিয়ে লোপেস বলেন, ‘২০২২ বিশ্বকাপ আমি একজন সমর্থক হিসেবেই দেখেছিলাম। হিসাব করে ভেবেছিলাম, আমাদের সবচেয়ে বড় আদর্শের সঙ্গে খেলার সুযোগ হয়তো আমার হবে না।’

ক্যারিয়ারের শেষ ম্যাচ মেসি খেলতে নামবেন ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে। অন্তত এক ম্যাচ হলেও তাঁর সঙ্গে লোপেসের খেলার সুযোগ থাকছে। ২৫ বছর বয়সী আর্জেন্টিনার ফরোয়ার্ড বলেন,
‘সব সময় একই কথা বলি। শেষ সময়গুলো তার সঙ্গে ভাগ করে নিতে পেরেছি। এটা আমার জন্য আশীর্বাদ। জীবনের কাছে আমি কৃতজ্ঞ।’

বলিভিয়ার বিপক্ষে আজ আর্জেন্টিনার চার ফুটবলার গোল করেছেন। আক্রমণভাগ, রক্ষণভাগ সব বিভাগ থেকেই এসেছে গোল। যার মধ্যে ২২ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাস দুটি গোলে অবদান রেখেছেন। এজেকিয়েল পালাসিওসের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন পাস। পাস এরপর নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোকে দিয়ে গোল করিয়েছেন। মেসি পরবর্তী সময়ে আর্জেন্টিনার অধিনায়কত্বের আর্মব্যান্ড আজ পরেছেন রোমেরো। নিকো পাসের পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন রোমেরো।

৮৬ মিনিটে আন্তর্জাতিক ফুটবলে আজ ক্যারিয়ারের প্রথম গোলটা করেন লোপেস। বলিভিয়ার রক্ষণদুর্গ ভেদ করে গোলের পর বসে পড়লেন। পরক্ষণে উঠে দাঁড়িয়ে লোপেস দুই হাত উঁচু করে মেসির উদযাপনকে মনে করিয়ে দিয়েছেন। আর শুরুর গোলটা এসেছে মাক আলিস্তার-লাওতারো মার্তিনেস জুটিতে। ১৯ মিনিটে মাক আলিস্তারের পাস রিসিভ করে গোলটা করেন মার্তিনেস।

আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম গোলের পর লোপেস ভীষণ উচ্ছ্বসিত। বলিভিয়া ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটি ম্যাচের একেবারে শেষ দিকে এসেছিল। সেখানে একটু ভাগ্যও ছিল। প্রথম গোলটি করে আমি ভীষণ খুশি। এটা ছিল স্বপ্নের মতো। কখনো ভাবিনি যে এভাবে গোল করতে পারব। আমার জন্য এটা স্বপ্নের মতো এক দিন।ভীষণ আনন্দিত। এখন সামনে কী আছে, তা নিয়ে ভাবার সময়।’

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার ৭ অক্টোবর নামবেন মনুমেন্তালে। সেই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বেনিন। তার আগে মারিও কেম্পেস স্টেডিয়ামে মেসিকে ছাড়া ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত