Ajker Patrika

মেসিবিহীন আর্জেন্টিনা কীভাবে চলবে, উপায় বাতলে দিলেন কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৬: ৩৭
মেসিবিহীন আর্জেন্টিনা কীভাবে চলবে, উপায় বাতলে দিলেন কোচ
মেসি-স্কালোনি জুটি আর্জেন্টিনাকে চারটি শিরোপা এনে দিয়েছেন। ছবি: ফাইল ছবি

লিওনেল মেসির অবসরের ঘোষণার পর এই প্রথম খেলতে নেমে কেমন খেলল আর্জেন্টিনা, সেটার প্রমাণ স্কোরকার্ডেই। মারিও কেম্পেস স্টেডিয়ামে ৪-০ গোলের জয় বলে দিচ্ছে অনেক কিছু। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার এই দলে অভিজ্ঞ ও তারুণ্যের দারুণ মিশেল দেখা গেছে এই ম্যাচে। তবু কোচ লিওনেল স্কালোনি খুঁজে পাচ্ছেন না মেসির বিকল্প।

বলিভিয়ার বিপক্ষে আজ আর্জেন্টিনার চার ফুটবলার গোল করেছেন। আক্রমণভাগ, রক্ষণভাগ সব বিভাগ থেকেই এসেছে গোল। যার মধ্যে ২২ বছর বয়সী মিডফিল্ডার নিকো পাস দুটি গোলে অবদান রেখেছেন। এজেকিয়েল পালাসিওসের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন পাস। পাস এরপর নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোকে দিয়ে গোল করিয়েছেন।

মারিও কেম্পেস স্টেডিয়ামে আজ ৪-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন কোচ স্কালোনি। মেসি পরবর্তী সময়ে দলটির সামনে কী চ্যালেঞ্জ রয়েছে, সেটা স্কালোনি তুলে ধরেছেন। সাংবাদিকদের আর্জেন্টিনার কোচ বলেন, ‘একই পদ্ধতিতে খেলা চালিয়ে যাওয়া আমাদের জন্য চ্যালেঞ্জিং। নতুন যারা আসবে, তারা যেন আমাদের খেলার ধরনটা বুঝতে পারে।’

বলিভিয়ার বিপক্ষে মেসিহীন আর্জেন্টিনার আক্রমণভাগে চমকের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন স্কালোনি। লাওতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস জুটিকে আগে নিয়মিত না খেলালেও আজ কোচ খেলিয়েছেন। মাঝমাঠে নিকো পাস, এজেকিয়েল পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তাররা খেলেছেন। আর আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোলেই চমকে দিয়েছেন হোসে মানুয়েল লোপেস। ৭৫ মিনিটে তাঁকে নামানো হয়েছে লাওতারো মার্তিনেসের পরিবর্তে।

বরাবরের মতো তিন মার্তিনেসকে একসঙ্গে খেলিয়েছেন স্কালোনি। ফরোয়ার্ড লাওতারো, ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের পাশাপাশি বাজপাখি নামে পরিচিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস খেলেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘একই কৌশল ধরে রাখতে হবে। বল আদান-প্রদান, বেশির ভাগ সময় বলের দখল রেখে আমাদের পরিচিত কৌশলেই খেলব। কে আছে, কে নেই—সেটার চেয়েও খেলার ধরন ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ।’

মেসি পরবর্তী সময়ে আর্জেন্টিনার অধিনায়কত্বের আর্মব্যান্ড আজ পরেছেন রোমেরো। নিকো পাসের পাস রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন রোমেরো। আর ৮৬ মিনিটে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোলটা কী দুর্দান্ত ছিল লোপেসের। বলিভিয়ার রক্ষণদুর্গ ভেদ করে গোলের পর বসে পড়লেন। পরক্ষণে উঠে দাঁড়িয়ে লোপেস দুই হাত উঁচু করে মেসির উদযাপনকে মনে করিয়ে দিয়েছেন। আর শুরুর গোলটা এসেছে মাক আলিস্তার-লাওতারো মার্তিনেস জুটিতে। ১৯ মিনিটে মাক আলিস্তারের পাস রিসিভ করে গোলটা করেন মার্তিনেস।

শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ স্কালোনি। বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর সাংবাদিকদের আর্জেন্টিনা কোচ বলেন, ‘দুর্দান্ত খেলেছে ছেলেরা। সবাই নিজের সেরাটা দিয়েছে। তাদের খেলা দেখে সত্যিই ভালো লাগছে।’

৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও গল্পটা শেষ হয়নি। আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন ৭ অক্টোবর। মনুমেন্তাল স্টেডিয়ামে সেই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বেনিন। তার আগে মারিও কেম্পেস স্টেডিয়ামে মেসিকে ছাড়া ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত