Ajker Patrika

মেসির উদাহরণ টেনে ফিফায় ব্রাজিলের অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
মেসির উদাহরণ টেনে ফিফায় ব্রাজিলের অভিযোগ
চিঠিতে আর্জেন্টিনার অধিনায়কের একটি গোলের প্রসঙ্গ টেনেছে সিবিএফ। ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের গ্রুপপর্বের সেরা হয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। এই জয়ের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। সেই ম্যাচে বাতিল হওয়া একটি গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সেই অভিযোগে উদাহরণ হিসেবে টেনে আনা হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির একটি গোলও।

মায়ামি স্টেডিয়ামে হওয়া আলোচিত সেই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে সপ্তম মিনিটেই সেলেসাওদের এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ২০তম মিনিটে আবারও বল জালে জড়ান এই উইঙ্গার। তবে ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনড্রিকে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস।

সেই গোল বাতিলের সিদ্ধান্ত ঘিরে ফিফার কাছে চিঠি পাঠিয়েছে সিবিএফ। ব্রাজিলের সংবাদমাধ্যম এস্তাদাঁও প্রকাশিত সেই চিঠিতে ভিএআর ব্যবহারের ক্ষেত্রে অভিন্ন নীতি অনুসরণের দাবি জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা। নিজেদের অবস্থান তুলে ধরতে আর্জেন্টিনার গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসির প্রথম গোলের ঘটনাও উল্লেখ করেছে সিবিএফ।

চিঠিতে সিবিএফ লেখেছে, ‘এই টুর্নামেন্টে একটি বিষয় বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে—ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর ব্যবহার। পুরো প্রতিযোগিতাজুড়ে মনে হয়েছে, মাঠের রেফারির সিদ্ধান্তকে সম্মান জানানো এবং শুধুমাত্র স্পষ্ট ও সুস্পষ্ট ভুলের ক্ষেত্রেই হস্তক্ষেপ করার নীতি অনুসরণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এই দর্শন ফুটবলের জন্য ইতিবাচক। এটি রেফারির কর্তৃত্ব বজায় রাখে এবং খেলার গতি অক্ষুণ্ন রাখতে সহায়তা করে।’

রেফারির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে ওই চিঠিতে সিবিএফ আরও লেখেছে, ‘স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের বাতিল হওয়া গোলের ক্ষেত্রে সেই নীতির প্রতিফলন দেখা যায়নি। সিদ্ধান্তটি শুধু ব্রাজিল দলের কাছেই নয়, স্কটল্যান্ডের খেলোয়াড়দের কাছেও অপ্রত্যাশিত মনে হয়েছে। তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয়, তারা ভিএআর পর্যালোচনা কিংবা গোল বাতিল—কোনোটিই প্রত্যাশা করেননি। আমাদের মূল উদ্দেশ্য কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা নয়। বরং আমরা চাই, পুরো টুর্নামেন্টজুড়ে ভিএআর হস্তক্ষেপের মানদণ্ড যেন সব দলের ক্ষেত্রে একইভাবে, স্বচ্ছতার সঙ্গে এবং সমানভাবে প্রয়োগ করা হয়।’

শুধু গোল বাতিলের সিদ্ধান্তই নয়, ম্যাচের রেফারি হিসেবে মেক্সিকোর সিজার আর্তুরো রামোসকে দায়িত্ব দেওয়ার বিষয়েও আপত্তি তুলেছে সিবিএফ। সংস্থাটির দাবি, ব্রাজিলের সঙ্গে রামোসের অতীতের বিতর্কিত ইতিহাস বিবেচনায় ফিফার অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত ছিল।

২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও রামোসের রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ করেছিল ব্রাজিল। সে সময় সিবিএফ লিখেছিল, ‘আমাদের কাছে বিস্ময়কর লেগেছে যে মেক্সিকান রেফারি রামোস কর্নারের সময় জোয়াও মিরান্ডার ওপর হওয়া ফাউল নির্ধারণে ভিএআর ব্যবহার করেননি। গ্যাব্রিয়েল জেসুসের ওপর হওয়া স্পষ্ট ফাউলের পরও কেন আমাদের পেনাল্টি দেওয়া হয়নি?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত