Ajker Patrika

ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অন্তিম মুহূর্তের গোলে হারল যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ জুন ২০২৬, ১১: ২৯
ড্র করে নকআউটে অস্ট্রেলিয়া, অন্তিম মুহূর্তের গোলে হারল যুক্তরাষ্ট্র
প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সকারুরা। ছবি: এএফপি

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে অস্ট্রেলিয়া। এই ড্রয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে সকারুরা। গ্রুপের অপর ম্যাচে অন্তিম মুহূর্তে গোল হজম করে তুরস্কের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র।

তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়া গ্রুপপর্ব শেষ করল রানার্সআপ হয়ে। আগামী ৪ জুলাই নকআউটের লড়াইয়ে নামবে দলটি। তাদের প্রতিপক্ষ এবং ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করলেও নকআউটের রাস্তা বন্ধ হয়ে যায়নি প্যারাগুয়ের। তৃতীয় হয়ে সেরা আটে থেকে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকছে তাদের সামনে।

কাতার বিশ্বকাপের পর টানা দ্বিতীয়বার নকআউটের টিকিট কাটল অস্টেলিয়া। গোল ব্যবধানে প্যারাগুয়ের চেয়ে এগিয়ে থাকায় ড্র করলেই চলত তাদের। কোনো অঘটনের সাক্ষী হতে হলো না টনি পোপোভিচের দলকে। প্যারাগুয়ের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানই অস্ট্রেলিয়াকে সরাসরি পরের পর্বে জায়গা করে দিয়েছে।

অন্যদিকে ২ জুলাই সেরা ৩২-এ বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে খেলতে নামবে যুক্তরাষ্ট্র। ম্যাচটি হবে সান ফ্রান্সিসকোতে। তুরস্কের কাছে শেষ ম্যাচ হারা বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা প্রথম দুই ম্যাচ জিতেই নকআউট নিশ্চিত করেছে। এই গ্রুপের একমাত্র দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তুরস্ক।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে যোগ করা সময়ের সপ্তম মিনিট পর্যন্ত ২-২ সমতায় ছিল যুক্তরাষ্ট্র ও তুরস্ক। পরের মিনিটে আয়োজকদের জালে বল পাঠিয়ে ম্যাচের ব্যবধান গড়ে দেন কান আইহান। এর আগে অস্টন ট্রাস্টি তৃতীয় মিনিটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেওয়ার পর দশম মিনিটে তুরস্ককে ম্যাচে ফেরান আর্দা গুলের। ৩১ মিনিটে আলপের ইলমাজ জালের দেখা পেলে ম্যাচে প্রথমবার লিড নেয় তুরস্ক। বিরতি থেকে ফেরার ৪ মিনিটের মাথায় সেবাস্তিয়ান বারহাল্টারের গোলে সমতা টানে যুক্তরাষ্ট্র। কিন্তু শেষ বাঁশি বাজার আগে হজম করা ওই গোলেই হেরে বসে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত