Ajker Patrika

বিশ্বকাপের কষ্ট ভুলে সুপার কাপে বাঁশি বাজাবেন সোমালিয়ার সেই রেফারি

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপের কষ্ট ভুলে সুপার কাপে বাঁশি বাজাবেন সোমালিয়ার সেই রেফারি
ওমর আরতান। ফাইল ছবি

বিশ্বকাপে রেফারিংয়ের সুযোগ হারানোর পর এবার ইউরোপের বড় মঞ্চে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। আজ রাত ১টায় পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের ফাইনালে বাঁশি বাজাবেন ৩৪ বছর বয়সী এই রেফারি।

সুপার কাপ পরিচালনার দায়িত্ব পাওয়াকে গর্বের বলে মনে করছেন আরতান। তিনি বলেন, ‘আমি ভাগ্যবান। তবে এখানে আসার জন্য আমি অনেক কঠোর পরিশ্রম করেছি এবং আমি সত্যিই গর্বিত। আপনারা যেমনটা ভাবতে পারেন, আমি কঠিন পরিস্থিতির মধ্যে বড় হয়েছি। কিন্তু সেটি আমাকে আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে বাধা দিতে পারেনি।’

২০২৪ সালে আফ্রিকা কাপ অব নেশনসে ম্যাচ পরিচালনা করা প্রথম সোমালিয়ান রেফারি হন আরতান। এবার ইউরোপের মাটিতে নিজের প্রথম ম্যাচ পরিচালনার অপেক্ষায় তিনি।

উয়েফার ওয়েবসাইটে আরতান বলেন, ‘অভিজ্ঞতা অর্জন, স্মৃতি তৈরি এবং নতুন কিছু শেখা সব সময়ই দারুণ ব্যাপার। যখন এই ফোনটি এলো, আমার এবং আমার পরিবারের জন্য এটি ছিল সত্যিই, সত্যিই আনন্দের মুহূর্ত।’

সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আরতানকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে উয়েফা গত এপ্রিলের শেষ দিকে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর সঙ্গে করা সহযোগিতা চুক্তির বিষয়টি উল্লেখ করেছে। দুই মহাদেশীয় ফুটবল সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোই ওই চুক্তির লক্ষ্য।

জুনে বিশ্বকাপ শুরুর আগে ফিফার নির্বাচিত রেফারিদের প্যানেলে ছিলেন আরতান। তবে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারেননি তিনি।

ঘটনাটিকে নিজের ক্যারিয়ারের কঠিন সময় হিসেবে উল্লেখ করেছেন আরতান। উয়েফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা খুব কঠিন একটা সময় ছিল। অনেক মানুষ আমার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। কারণ, কেউ যখন বহু বছর ধরে কঠোর পরিশ্রম করে কোনো একটি কাজ করার জন্য প্রস্তুত থাকে, অথচ শেষ পর্যন্ত সেটি করতে পারে না, তখন বিষয়টি খুবই চ্যালেঞ্জিং।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছিলেন, আরতান সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সে কারণে তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তবে আরতান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। ঘটনাটি সোমালিয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং দেশে ফেরার পর তাঁকে নায়কের মতো বরণ করে নেওয়া হয়।

সে সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘সোমালিয়ার এই রেফারির সঙ্গে যা ঘটেছে, তা দুঃখজনক। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত