
এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলের বিপক্ষেই লড়াইটা কঠিন হবে—তা স্বীকার করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। তবে এই কঠিন গ্রুপকেই দলের উন্নতির সুযোগ হিসেবে দেখছেন তিনি। এমনকি এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনাও দেখছেন না এই ইংলিশ কোচ।
গত জুলাইয়ে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ফিরে আসার পর এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ। আজ রাতে চীনের উদ্দেশে দেশ ছাড়বে দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর জাপানে গিয়ে এশিয়ান গেমসে ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়া, ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া ও ২১ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এশিয়ান গেমসের আগে আজ সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও সম্ভাবনা নিয়ে কথা বলেন বাটলার। পদক জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’
তবে এতে হতাশ হওয়ার কিছু দেখছেন না বাটলার। তাঁর চোখে এশিয়ান গেমস বাংলাদেশের মেয়েদের জন্য নিজেদের সীমাবদ্ধতা বোঝার বড় সুযোগ। তিনি বলেন, ‘চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আমাদের আরও বেশি প্রয়োজন।’
চীনে প্রস্তুতি ম্যাচ খেলাকেও গুরুত্ব দিচ্ছেন বাটলার। তাঁর ভাষায়, গুয়াংজুর শক্তিশালী দলের বিপক্ষে খেলা হবে ভিন্ন শারীরিক সক্ষমতা ও কৌশলের দলের বিরুদ্ধে নিজেদের পরখ করার সুযোগ। প্রস্তুতি ক্যাম্পে মেয়েদের কঠোর পরিশ্রমের কথাও জানান তিনি।
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ মিয়ানমার—এমন ধারণার সঙ্গেও একমত নন বাটলার। তাঁর মতে, তিনটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, শক্তিশালী দলের বিপক্ষে খেলেই বেশি শেখা যায়। মিয়ানমার বাংলাদেশের জন্য তুলনামূলক বাস্তবসম্মত চ্যালেঞ্জ হলেও তাদের ফিফা র্যাঙ্কিং ৫০-৬০-এর মধ্যে—এ কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
কোরিয়া প্রসঙ্গে বাটলারের অবস্থান আরও স্পষ্ট। বড় ব্যবধানে হারলেও উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে তাঁর আপত্তি নেই। তাঁর মতে, আন্তর্জাতিক ফুটবলের উঁচু স্তরটা মেয়েদের বুঝতে হলে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলতেই হবে।
এদিকে দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়েও কথা বলেছেন বাফুফের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অস্ট্রেলিয়া সফর, অলিম্পিক বাছাই এবং সর্বশেষ সাফে প্রত্যাশিত ফল না পাওয়ার প্রসঙ্গে কোচের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কোচ চেষ্টা করেছে। তবে আরও ভালো করা উচিত ছিল।’
সাফে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ফাইনালে ভারতের কাছে হেরে সেই সুযোগ নষ্ট হয়। টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ দুবার হেরেছে। এরপরও কোচের ওপর আস্থা রাখছে বাফুফে।
সংবাদ সম্মেলনে আলোচনায় আসে সাফের সময় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলোচিত দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমির বিষয়টিও। তাঁকে আবার এশিয়ান গেমসের দলে রাখার কারণ জানতে চাইলে কিরণ বলেন, ‘এ বিষয়ে বাফুফের তদন্ত কমিটির প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।’ তদন্ত কমিটি কোনো সিদ্ধান্ত না দেওয়ায় নওমির বিরুদ্ধে আপাতত কিছু নেই বলেই ধরে নেওয়া হচ্ছে বলে এমনটাই জানান কিরণ।
বাংলাদেশের মেয়েদের জন্য এশিয়ান গেমস তাই শুধু ফলের পরীক্ষা নয়, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান বোঝারও সুযোগ। বাটলারের কথাতেও সেটিই স্পষ্ট—এখনই পদকের হিসাব না কষে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভবিষ্যতের জন্য দলকে তৈরি করতে চান তিনি।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং ধসের পর তোপের মুখে পড়েছেন বাবর আজম। দলের অধিনায়ক ও সেরা ব্যাটারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। কঠিন সময়ে দলের জন্য পারফর্ম করতে না পারলে শুধু জনপ্রিয়তার জোরে মহান খেলোয়াড় হওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি।
৯ মিনিট আগে
সিরিজে ফিরতে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের। কিন্তু বৃষ্টিবিঘ্নিত এই টেস্টে ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। সিরিজ হারের পাশাপাশি এশিয়ার দলটি ক্রিকেটের রাজকীয় সংস্করণে এক বিব্রতকর রেকর্ডেও নাম লিখিয়েছে।
৩৭ মিনিট আগে
গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। ইংল্যান্ডে যেতে অনাগ্রহী আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাজি করাতে তাঁর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।
১ ঘণ্টা আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দলবদলের শেষ দিনে তাঁর শেফিল্ডে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে লেস্টারশায়ার লাইভ।
১ ঘণ্টা আগে