Ajker Patrika

শেষ মুহূর্তে আলভারেসকে পেতে মরিয়া আর্সেনাল

ক্রীড়া ডেস্ক    
শেষ মুহূর্তে আলভারেসকে পেতে মরিয়া আর্সেনাল
আর্জেন্টিনার ফুটবলারের জন্য শেষ চেষ্টা করছে গানাররা। ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। ইংল্যান্ডে যেতে অনাগ্রহী আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাজি করাতে তাঁর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।

নির্ভরযোগ্য সাংবাদিক জিয়ানলুকা লঙ্গারির বরাত দিয়ে ট্রিবুনা জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আলভারেসের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি নতুন করে আলোচনা করবে আর্সেনাল। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এই আলোচনার মাধ্যমে বিশ্বকাপজয়ী ফুটবলারের অবস্থান বদলানোর সর্বোচ্চ চেষ্টাই করবে গানাররা।

আলভারেসকে পাওয়ার ব্যাপারে আর্সেনালের আগ্রহ দীর্ঘদিনের। তবে ২৬ বছর বয়সী এই তারকার ইংল্যান্ডে যাওয়ার ব্যাপারে অনাগ্রহই এখন পর্যন্ত বড় বাধা হয়ে আছে। সেই অবস্থান বদলাতেই শেষ মুহূর্তে সরাসরি আলোচনায় বসছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

আলভারেসের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে আতলেতিকো বার্সেলোনার কাছে তাঁকে বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়ার পর। কাতালান ক্লাবই ছিল আলভারেসের পছন্দের গন্তব্য। কিন্তু আতলেতিকোর প্রধান নির্বাহী মিগেল আনহেল হিল মারিন নিশ্চিত করেছেন, তাঁরা এই স্ট্রাইকারকে বার্সার কাছে বিক্রি করবে না।

আতলেতিকোর এই অবস্থান আর্সেনালের সম্ভাবনা বাড়িয়েছে। আলভারেস স্পেন ছাড়ার সিদ্ধান্ত নিলে লন্ডনের ক্লাবটিই এখন তাঁর সামনে থাকা অন্যতম প্রধান বিকল্প। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বার্সার সঙ্গে আতলেতিকোর চুক্তি না করার সিদ্ধান্তকে কাজে লাগিয়ে আলভারেসকে নিজেদের দলে টানতে চাইছে আর্সেনাল।

অসুস্থতার কারণে কয়েকটি অনুশীলন সেশন মিস করার পর আবার অনুশীলনে ফিরেছেন আলভারেস। তবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তাঁর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর সেই সুযোগেই শেষ মুহূর্তে নতুন করে আলোচনায় বসে আলভারেসকে রাজি করানোর চেষ্টা করছে আর্সেনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত