Ajker Patrika

বর্ষসেরার লড়াইয়ে মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৬: ৪৪
বর্ষসেরার লড়াইয়ে মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে
সবশেষ আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে খেলেছে মরক্কো ও সেনেগাল। ছবি: সংগৃহীত

আফ্রিকার বর্ষসেরা ক্লাব ও জাতীয় দল নির্বাচনের লড়াইয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। দুই বিভাগেই প্রাথমিক ১০টি দল থেকে বেছে নেওয়া হয়েছে তিনটি করে নাম।

ক্লাব অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে আলজেরিয়ার ইউএসএম আলজের, মরক্কোর এএস ফার ও দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউনস। জাতীয় দল বিভাগে বর্ষসেরা হওয়ার লড়াইয়ে আছে মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে।

ইউএসএম আলজের দারুণ এক মহাদেশীয় মৌসুম কাটিয়ে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। ইতিহাসে দ্বিতীয়বারের মতো সিএএফ কনফেডারেশন কাপ জিতেছে তারা। কায়রোয় ফাইনালে মিসরের জামালেককে টাইব্রেকারে হারানোর পর গত ৮ নভেম্বর সিএএফ সুপার কাপও নিজেদের করে নেয় আলজেরিয়ার ক্লাবটি। সুপার কাপের ম্যাচে মামেলোদি সানডাউনসকে ৩-১ গোলে হারায় তারা।

চ্যাম্পিয়নস লিগে ফাইনালে ওঠার সুবাদে তালিকায় জায়গা পেয়েছে এএস ফার। তবে দুই লেগের ফাইনালে ২-১ ব্যবধানে সানডাউনসের কাছে হেরে শিরোপা জিততে পারেনি মরক্কোর ক্লাবটি।

মামেলোদি সানডাউনসের মনোনয়ন এসেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের সুবাদে। ফাইনালে এএস ফারকে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দক্ষিণ আফ্রিকার ক্লাবটি।

জাতীয় দলের বিভাগে মরক্কোর মনোনয়ন এসেছে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে। আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে খেলার পর ২০২৬ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে তারা। টানা দ্বিতীয় বিশ্বকাপে শেষ আটে জায়গা করে নিয়ে মহাদেশের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে মরক্কো।

মহাদেশীয় শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সাফল্যে মনোনয়ন পেয়েছে সেনেগাল। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশন্স জয়ের পর ক্রীড়া আদালতের (সিএএস) রায়েও শিরোপার অধিকার নিশ্চিত হয়েছে তাদের। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বেও খেলেছে দলটি।

তালিকায় জায়গা পাওয়া কেপ ভার্দের জন্য মনোনয়নটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। অভিষেক বিশ্বকাপেই গ্রুপ পর্ব পেরিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। আন্তর্জাতিক ফুটবলে তুলনামূলক বেশি অভিজ্ঞ ও শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে।

আগামী ২ ডিসেম্বর নাইজেরিয়ার লাগোসে হবে ২০২৬ সিএএফ অ্যাওয়ার্ডস। ওই অনুষ্ঠানে সব বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করবে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত