মেয়েদের লিগে তারকা ফুটবলার টানছে দেশের নতুন দুই ক্লাব

গত মৌসুমের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রাজশাহী স্টারস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে সেই দুই দলের সামনে চ্যালেঞ্জটা ভিন্ন। শিরোপা ধরে রাখতে রাজশাহীকে যেমন নতুন করে দল সাজাতে হচ্ছে, তেমনি রানার্সআপ ফরাশগঞ্জ এখনো দল গোছানোর কাজই শুরু করতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে নারী ফুটসাল লিগের দুই দল এআরকে ও চাঁদপুর স্পোর্টিং ক্লাবের ফুটবলে আগমন। তাদের তারকানির্ভর দল গড়ার পরিকল্পনায় আসন্ন নারী লিগের শক্তির সমীকরণই পাল্টে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহীর জন্য নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় অনিশ্চয়তা বিদেশি খেলোয়াড়দের নিয়ে। গতবারের শিরোপাজয়ী দলের নেপালি দুই সদস্য বিমলা বিকে ও দীপা শাহীর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাঁদের বিকল্প খুঁজতে নেপালের পাশাপাশি আফ্রিকার কয়েকটি দেশের খেলোয়াড়দের দিকেও নজর রেখেছে ক্লাবটি। তবে দলটির পরিকল্পনায় থাকছেন রুপনা চাকমা, আফঈদা খন্দকার ও স্বপ্না রানী। তাঁদের ধরে রেখেই শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে চায় রাজশাহী।
রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের পাওয়ার প্রতিযোগিতায় নেমেছে চাঁদপুর স্পোর্টিং ক্লাব। শুধু বিমলা ও দীপা নন, বর্তমান চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ঋতুপর্ণা চাকমাকেও নিজেদের দলে নিতে চায় তারা। শুধু তা-ই নয়, শিউলি আজিম ও কৃষ্ণা রানী সরকারকেও নিচ্ছে ক্লাবটি।
এআরকের দল গঠনের পরিকল্পনায় আছে একঝাঁক পরিচিত মুখ। জাতীয় দলের বাইরে থাকা সাবিনা খাতুন ও মাসুরা পারভীনকে দলে পাওয়ার ব্যাপারে এগিয়ে আছে ক্লাবটি। মালদ্বীপের লিগ শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি তাঁদের দেশে ফেরার কথা। মনিকা চাকমা ও মারিয়া মান্ডাকে দলে নেওয়ার চেষ্টা চলছে। এ ছাড়া নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মাতসুশিমা সুমাইয়া ও তহুরা খাতুনের সঙ্গে মৌখিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
নতুনদের এই দল গঠনের তৎপরতায় সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে ফরাশগঞ্জকে ঘিরে। গতবারের ফাইনালিস্ট দলটি এখনো খেলোয়াড় ধরে রাখা কিংবা নতুন করে দল সাজানোর কাজে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। অথচ তাদের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়ার চেষ্টা করছে এআরকে। ফলে গতবারের সাফল্যের দলটি এবার কতটা অক্ষত রাখতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরাফাত রহমান কোকোর নামের আদ্যক্ষরে গঠিত এআরকে এবং চাঁদপুর—দুই ক্লাবই আগে নারী ফুটসাল লিগে খেলেছে। এবার ফুটবল লিগে তাদের অংশগ্রহণে প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হচ্ছে। গত আসরে ১০টি দল অংশ নিলেও এবার দল বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে। নতুন ক্লাবগুলোর জন্য ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দেওয়ার শর্ত রাখা হয়েছে।
ডিসেম্বরের শেষ সপ্তাহে লিগ শুরুর লক্ষ্য বাফুফের। তার আগে দলবদলের বাজারে নতুন ক্লাবগুলোর আগ্রাসী অবস্থান পুরোনো দলগুলোর জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠেছে।








