রেফারিদের ওপর চাপ সৃষ্টি নিয়ে বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদকে বেশি দায়ী করেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। বিশেষ করে রিয়াল মাদ্রিদ টিভির আচরণ নিয়ে প্রশ্ন তুলে দুই ক্লাবের চাপ প্রয়োগের ধরনে পার্থক্য দেখিয়েছেন তিনি।
ভিয়ারিয়ালের মিডফিল্ডার সান্তিয়াগো কোমেসানিয়া বার্সার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিদের ওপর বড় দলগুলোর চাপ নিয়ে অভিযোগ করেন। তাঁর সেই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে স্প্যানিশ ফুটবলের দুই বড় ক্লাবের রেফারিদের প্রভাবিত করার চেষ্টা।
সোমবার স্প্যানিশ রেফারিদের প্রথম গালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেবাস। সেখানে বার্সা ও রিয়ালের রেফারিদের ওপর চাপ প্রয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি রিয়ালকে বেশি দায়ী করেন। তেবাস বলেন, ‘ঐতিহাসিকভাবে বলা হয়ে আসছে, বড় দলগুলোর ক্ষেত্রে রেফারিরা ভিন্নভাবে ম্যাচ পরিচালনা করেন। এখন বার্সেলোনা ও মাদ্রিদকে নিয়ে যেসব আলোচনা হচ্ছে, তাতে তারা চাপের মধ্যে থাকবে। কারণ, একটি দল সব সময় অন্য দল কী করছে, তা নজরে রাখে। এই ক্ষেত্রে বিশেষ করে রিয়াল মাদ্রিদ।’
দুই দল কি সমানভাবে রেফারিদের ওপর চাপ সৃষ্টি করে, এমন প্রশ্নে তেবাসের জবাব ছিল সরাসরি, ‘না। স্পষ্টতই রিয়াল মাদ্রিদ টিভি থেকে বেশি চাপ আসে। আমার মনে হয়, রিয়াল মাদ্রিদ টিভির আচরণ, যা মূলত ক্লাবটির আচরণেরই প্রতিফলন, বার্সেলোনার আচরণের চেয়ে একেবারেই আলাদা।’
রিয়াল মাদ্রিদ ও লা লিগার রেফারিদের মধ্যে চলমান বিরোধের অন্যতম কারণ নেগ্রেইরা মামলা। বার্সার বিরুদ্ধে ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে স্পেনের রেফারি কমিটির সাবেক সহ সভাপতি হোসে মারিয়া এনরিকে নেগ্রেইরাকে ৭ মিলিয়ন ইউরোর বেশি অর্থ দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ, মাঠে সুবিধা পাওয়ার উদ্দেশ্যেই এই অর্থ দেওয়া হয়েছিল।
বছরের পর বছর ধরে মামলাটি তদন্তাধীন। গত অক্টোবরে নতুন অভিযোগ তুলে উয়েফার কাছে বিষয়টি নিয়ে আবেদন করেছে রিয়াল। নেগ্রেইরা মামলাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে তেবাস আগেও বলেছেন, শেষ পর্যন্ত তদন্ত হওয়া উচিত।
তবে নেগ্রেইরা ২০১৯ সালে তাঁর পদ ছাড়ার পরও রেফারিদের প্রতিটি বিতর্কিত সিদ্ধান্তের সঙ্গে এই মামলাকে জড়িয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ তোলার প্রবণতা নিয়ে আপত্তি তেবাসের, ‘নেগ্রেইরা মামলা নিয়ে কিছুদিন আগে যা বলেছিলাম, এখনো সেই অবস্থানেই আছি। আমার মত বদলায়নি। তবে কোনো কিছু ছড়িয়ে দিয়ে সেটি সত্য বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা আমি করব না। নেগ্রেইরা ২০১৯ সালে শেষ হয়েছে। বার্সেলোনার প্রতি সব সময় কঠোর অবস্থান ধরে রাখতে পারি না। মামলাটি বিচারকদের হাতে। এর অর্থ এই নয় যে, চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বার্সেলোনার সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না।’
রিয়াল মাদ্রিদ টিভির অবস্থানকেও নজিরবিহীন বলে মন্তব্য করেন তেবাস। তাঁর মতে, ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অবস্থানও ছিল অস্বাভাবিক।
তেবাস বলেন, ‘রিয়াল মাদ্রিদ টিভি যা বোঝাতে চাইছে, তা নজিরবিহীন। ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে বার্সেলোনা সরে যাওয়ার আগ পর্যন্ত তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অবস্থানও নজিরবিহীন ছিল। বার্সেলোনা সুপার লিগে আছে কি নেই, তার ওপর ভিত্তি করে তাদের আচরণ বদলানো উচিত নয়। আমরা সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছি না। বিচার কী বলে, সেটাই দেখা যাক।’









